চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার রয়েল গেইট এলাকায় সরকারি জমি দখল করে অবৈধভাবে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কোনো ধরনের অনুমোদন ছাড়াই সরকারি একটি খাল ভরাট করে এই সড়ক নির্মাণ কাজ চালানো হচ্ছে।
অভিযোগের তীর গিয়ে পড়েছে ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা শাহাবুদ্দিন প্রকাশ, যিনি ‘খাদ্য ভান্ডার’ নামে পরিচিত।
এলাকাবাসী জানান, রাতের আঁধারে ট্রাক ও ডাম্পারের মাধ্যমে নিয়মিত মাটি ফেলে খাল ভরাট করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এ কাজ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, এভাবে খাল ভরাট করা হলে এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় ভয়ভীতি ও চাপের কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের দাবি, অবিলম্বে অবৈধ ভরাট ও সড়ক নির্মাণ কাজ বন্ধ করে সরকারি জমি উদ্ধার করতে হবে এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।





