চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরীর বাসাবাড়িতে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডরদের কার্যক্রম বন্ধ করেছে। মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশক্রমে গত মার্চ মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
চসিক সূত্রে জানা গেছে, বর্তমানে কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা সরাসরি বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করছেন। এর ফলে এপ্রিল মাস থেকে নগরবাসীকে বাসার ময়লা সংগ্রহের জন্য কোনো ভেন্ডর বা তৃতীয় পক্ষকে টাকা প্রদানের প্রয়োজন নেই।
তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, কিছু অসাধু ব্যক্তি এখনো নিজেদের ভেন্ডর পরিচয় দিয়ে বাসাবাড়ি থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। চসিক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ এবং প্রতারণার শামিল।
এ বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে চসিক বলেছে, কেউ জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে সিটি কর্পোরেশনকে অবহিত করতে হবে। অভিযোগ জানানোর জন্য চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা এবং মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরীর মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
চসিক আরও জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ক্লিন, গ্রীন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি গড়ে তুলতে নগরবাসীকে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
পারি।





