সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামে প্রিন্স (দীপ্ত) রায়ের বাড়ি ও স্থানীয় মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। গত শুক্রবার তিনি ক্ষতিগ্রস্ত পরিবার ও সনাতন ধর্মাবলম্বী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনাব আলী ও মেহেদী হাসান উজ্জ্বলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে এমপি কামরুজ্জামান কামরুল বাদাঘাট বাজার জামে মসজিদের সামনে স্থানীয় আলেম, ধর্মীয় নেতা ও ইমামদের সঙ্গে আয়োজিত একটি সভায় অংশ নেন। সভায় বক্তারা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৩ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমানননাকর পোস্ট করার অভিযোগে গড়কাটি গ্রামের বাসিন্দা প্রিন্স (দীপ্ত) রায়কে আটক করে তাহিরপুর থানা পুলিশ। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।





