জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায্য মূল্য নির্ধারণ এবং জনগণের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামে আয়োজিত এক নাগরিক সংলাপের বক্তারা। তাঁরা বলেন, জ্বালানি খাতে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য শুধু নীতিমালা প্রণয়ন যথেষ্ট নয়; বরং এর যথাযথ বাস্তবায়ন, কার্যকর তদারকি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন।
সংলাপে জ্বালানি সংকট, মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম এবং এ খাতে জনগণের অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজীইকবাল বাহার ছাবেরী ও চট্টগ্রাম ক্যাব যুব গ্রুপের সমন্বয়ক রাইসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. খালেদ মিজবাহউজ্জামান, সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড এম. সিরাজুল ইসলাম, সুপ্রীম কোর্টের ডেপুটি এর্টনী জেনারেল অ্যাডভোকেট আরিফ খান, ক্যাব কেন্দ্রিয় প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, ক্যাব কেন্দ্রীয় কার্যালয়ের গবেষণা সমন্বয়ক শুভ কিবরিয়া। আলোচনায় অংশনেন প্রবীন সাংবাদিক এম নাসিরুল হক, কলামিস্ট মুসা খান, ক্যাব চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু, নারীনেত্রী নাসিমা আলম, জান্নাতুল ফেরদৌস, ক্যাব নেতা সেলিম জাহাঙ্গীর, মোঃ জানে আলম, বৃহত্তর উন্নয়ন সংগ্রাম কমিটির প্রকৌশলী ইব্রাহিম, লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের শিমুল বড়ুয়া, কবি সাইদুল আরেফিন, এডাবের সাবেক সভাপতি রেজিয়া বেগম, আবু হানিফ নোমান, এমদাদুল হক সৈকত, শাহীন চৌধুরী, আবুল কাসেম ও ধন্যবাদ জ্ঞাপন করেন ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ক্যাব বিভিন্ন জেলা কমিটির প্রতিনিধি, যুব ক্যাব, শিক্ষক, নারীনেত্রীসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
আলোচনায় ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জ্বালানি খাতে কার্যকর সুশাসন প্রতিষ্টায় ক্যাব দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসছে। তিনি বলেন, ভবিষ্যতের জ্বালানি চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই। বর্তমান সরকার জ্বালানীর ঘাটতি মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানী সম্প্রসারণে নানা উদ্যোগকে স্বাগত জানিয়ে এগুলো মাঠ পর্যায়ে কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ত্বারোপ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খালেদ মিজবাহউজ্জামান জ্বালানি খাতে সুবিচার প্রতিষ্ঠায় ক্যাবের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, জনগণ যাতে তাদের ন্যায্য অধিকার ও সুবিচার পেতে পারে, সে ক্ষেত্রে ক্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি গৃহীত নীতিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।





