দৈনিক প্রতিদিনের কাগজ-এর সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ ফয়সাল হাওলাদার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজের শিকার হয়েছেন। এ ঘটনায় তিনি কেরাণীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে। সাংবাদিক ফয়সাল হাওলাদার কেরাণীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের জিয়ানগর মোড়ে অবস্থানকালে হুমকির বার্তা পান।
অভিযোগে তিনি জানান, বিবাদী মোহাম্মদ মোজার হোসেন (৪৬), পিতা মৃত আয়নাল খান, সাং–গোয়ালখালী, ইউনিয়ন চিত্রকোট, থানা সিরাজদিখান, জেলা মুন্সীগঞ্জ—তার ভেরিফাইড ফেসবুক আইডি “Mohammad Mukter Hossain” (লিংক:
facebook.com/mohammadmukter.hossain.397mibextid-r540aB759Jchxw6vv)
থেকে মেসেঞ্জারে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
সাংবাদিক ফয়সাল অভিযোগ করেন,
গত ১৩ নভেম্বর ২০২৪ সালে সিরাজদিখানে ভূমিদস্যু মোক্তার ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধনের সংবাদ আমি প্রকাশ করি। সেই ঘটনার জের ধরে আমাকে হুমকি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব পালন করে আসছি। কিন্তু এখন নিজের জীবনের নিরাপত্তা নিয়ে ভীত। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, সাংবাদিক ফয়সাল হাওলাদারের করা অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: সাংবাদিক মোঃ ফয়সাল হাওলাদারের জিডি আবেদন, কেরাণীগঞ্জ মডেল থানা।





