ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ৯ সদস্য
পাবনা বেড়ায় দেশীয় অস্ত্র টেঁটা-বল্লম নিয়ে বিএনপি ও নিষিদ্ধ আওয়ামীলীগের দফায় দফায় সংঘর্ষ
আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী আলম
চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগর গড়তে পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির
কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার, পাচারকারীদের বিরুদ্ধে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ
রামুতে নোহা-বাসের মুখোমুখি সংঘর্ষে পিএমখালীর মাওলানা এমদাদ উল্লাহসহ আহত ৬
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২
পাবনায় আওয়ামীলীগ-বিএনপির তুমুল সংঘর্ষ, পরিস্থিতি মোকাবিলায় হিমশিম পুলিশ
সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’
টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

প্রচ্ছদ >

অর্থনীতি

বন্দর, বিমানবন্দর ও গভীর সমুদ্রবন্দর ঘিরে চট্টগ্রামকে অর্থনৈতিক হাব করার উদ্যোগ সরকারের: অর্থমন্ত্রী

চট্টগ্রামকে শুধু বাংলাদেশের নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, জ্বালানি ও সরবরাহ অবকাঠামো ঘিরে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার কাজও দ্রুত শুরু হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার আয়োজিত ৩২তম মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে ব্যবসায়ীসহ সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা শুধু তাঁর একার নয়, প্রধানমন্ত্রী তারেক রহমানও এ অঞ্চলের সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে চান। চট্টগ্রামকে সঠিক অবস্থানে নিয়ে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী একাধিকবার আগ্রহ প্রকাশ করেছেন। এ সম্ভাবনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
চট্টগ্রামকে কেবল বাণিজ্যিক রাজধানী হিসেবে দেখতে চান না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ শহরের সম্ভাবনা অনেক বেশি। চট্টগ্রাম ঘিরে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এর মূল শক্তি চট্টগ্রাম বন্দর। বন্দরকে কেন্দ্র করে আঞ্চলিক অর্থনীতির বিস্তৃত পরিসর তৈরি করতে হবে।
চট্টগ্রাম বিমানবন্দর সম্প্রসারণে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, শিগগিরই কাজ শুরু হবে। বিমানবন্দরকে শুধু সম্প্রসারণ নয়, লজিস্টিক হাব হিসেবেও গড়ে তোলা হবে। সেখানে কার্গো ভিলেজ এবং পণ্য সংরক্ষণে কোল্ড চেইন সুবিধার জন্য পৃথক স্টোরেজ থাকবে। এতে তাপমাত্রা নিয়ন্ত্রিত ও পচনশীল পণ্য সংরক্ষণ, বিতরণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সমন্বয় সহজ হবে।
আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংযোগ বাড়াতে দুবাইয়ের জেবেল আলী বন্দর এলাকায় ২০০ থেকে ৩০০ একর জায়গা চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সেখানে গুদাম ও পণ্য সংরক্ষণ অবকাঠামো গড়ে তোলা হবে। এসব সুবিধা থেকে চট্টগ্রাম, বাংলাদেশসহ পুরো অঞ্চলে পণ্য সরবরাহ করা সম্ভব হবে।
চট্টগ্রাম বন্দর নদীভিত্তিক হওয়ায় বড় জাহাজ চলাচলে সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে আমির খসরু বলেন, এ সীমাবদ্ধতা কাটাতে গভীর সমুদ্রবন্দর নির্মাণের দিকে এগোচ্ছে সরকার। সিঙ্গাপুরের পিএসএর সহযোগিতায় একটি বন্দর প্রকল্প হচ্ছে, সেটি তুলনামূলক গভীর হলেও পুরোপুরি গভীর সমুদ্রবন্দর নয়। এ কারণে মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে।
তিনি আরও জানান, খুলনাতেও আরেকটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব বন্দরে ১৫ থেকে ২০ মিটার গভীরতা থাকবে, যাতে বড় জাহাজ ভিড়তে পারে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি যোগাযোগ ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে।
শিল্প-বাণিজ্যের উন্নয়নে গ্যাস সরবরাহ বাড়াতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণ করা হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, মহেশখালীতে গ্যাস সরবরাহের জন্য কোরীয় একটি কোম্পানি ইতিমধ্যে কাজ শুরু করেছে। জাপানি আরেকটি কোম্পানিও এ খাতে এগিয়ে এসেছে। গ্যাস সংকট সমাধানে অন্তত দুই বছর সময় লাগবে। দায়িত্ব নেওয়ার দিনও তিনি এ কথা বলেছিলেন। এক-দুই দিনের মধ্যে সংকট সমাধানের আশ্বাস দেওয়া বাস্তবসম্মত নয়।
দেশের অর্থনৈতিক সংকট তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারের ব্যাপক লুটপাট, দুর্নীতি ও অনিয়মের কারণে বড় অঙ্কের ঋণের বোঝা টানতে হচ্ছে। ধ্বংস হওয়া ব্যাংকিং খাত পুনর্গঠন করতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত শেয়ারবাজারকে ঠিক করতে হচ্ছে। এর সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে উচ্চমূল্যে জ্বালানি কেনার চাপ রয়েছে। এত সংকটের মধ্যেও সরকার বড় ও উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে।
২০৩৫ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, দেশের উন্নয়ন পলাতক লুটেরাদের সহ্য হচ্ছে না। তারা আবারও দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু করেছে। অতীতে তাদের লুটপাটের মাশুল এখনো জনগণকে দিতে হচ্ছে। তারা চায় না বাংলাদেশ উন্নয়নের শীর্ষে পৌঁছাক। এই অপচেষ্টা প্রতিহত করতে ব্যবসায়ীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ—সবার ভূমিকা রয়েছে। যারা অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। এটি শুধু সরকারের নয়, দেশের প্রত্যেক মানুষের স্বার্থ। অতীতে বাংলাদেশের অর্থনীতি কিছু মানুষের হাতে পুঞ্জীভূত ছিল। সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে চায় সরকার।
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, সিনিয়র সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সহসভাপতি মশিউল আলম স্বপন এবং চেম্বারের পরিচালক ও বাণিজ্য মেলা কমিটির আহ্বায়ক সাইফুল আলম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

© All Rights Reserved.