ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ৯ সদস্য
পাবনা বেড়ায় দেশীয় অস্ত্র টেঁটা-বল্লম নিয়ে বিএনপি ও নিষিদ্ধ আওয়ামীলীগের দফায় দফায় সংঘর্ষ
আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী আলম
চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগর গড়তে পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির
কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২৮ জন উদ্ধার, পাচারকারীদের বিরুদ্ধে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ
রামুতে নোহা-বাসের মুখোমুখি সংঘর্ষে পিএমখালীর মাওলানা এমদাদ উল্লাহসহ আহত ৬
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২
পাবনায় আওয়ামীলীগ-বিএনপির তুমুল সংঘর্ষ, পরিস্থিতি মোকাবিলায় হিমশিম পুলিশ
সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’
টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

প্রচ্ছদ >

পরিবেশ 

চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগর গড়তে পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির

নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, সুন্দর রাস্তাঘাট ও আধুনিক অবকাঠামো নির্মাণের পাশাপাশি নাগরিক নিরাপত্তা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সরকারি সংস্থার পাশাপাশি নাগরিক, পরিবহন মালিক, শ্রমিক ও চালকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
শনিবার (২১ নভেম্বর) নগরের বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে জেলা প্রশাসন আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি।
জেলা প্রশাসক বলেন, শুধু আইন প্রয়োগ কিংবা জরিমানা করে মানুষের আচরণ পরিবর্তন করা সম্ভব নয়। এজন্য নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করতে হবে। পরিচ্ছন্নতা বজায় রাখা থেকে শুরু করে সড়কে চলাচল—সব ক্ষেত্রেই দায়িত্বশীল আচরণ জরুরি।
জেলাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতা তুলে ধরে তিনি বলেন, গত জুলাই থেকে সরকারি দপ্তর, বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ২৭ জুলাই প্রায় ছয় হাজার সরকারি কর্মচারীর অংশগ্রহণে বিভিন্ন সরকারি দপ্তর, প্রাঙ্গণ ও ছাদ থেকে ১৩৫ টন বর্জ্য অপসারণ করা হয়। এর ধারাবাহিকতায় জিয়া সিটি কমপ্লেক্স, পতেঙ্গা সমুদ্রসৈকত ও খেজুরতলীসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
গত সপ্তাহে চট্টগ্রাম রেলস্টেশনে অভিযান শেষে এবার বহদ্দারহাট বাস টার্মিনালে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
বহদ্দারহাট বাস টার্মিনালের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, প্রতিদিন এ টার্মিনাল থেকে ৯০০টির বেশি বাস দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করে। প্রায় ৫০ থেকে ৬০ হাজার যাত্রী এ টার্মিনাল ব্যবহার করেন। এত বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের স্থানে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
পরিবহন মালিকদের উদ্দেশে তিনি বলেন, লাইসেন্সবিহীন কাউকে গাড়ি চালানোর সুযোগ দেওয়া যাবে না। শারীরিক বা মানসিকভাবে অসুস্থ চালকের হাতে গাড়ি তুলে দেওয়া উচিত নয়। চালক পর্যাপ্ত ঘুমিয়েছেন কি না, তার কোনো শারীরিক সমস্যা আছে কি না এবং নতুন রুটে চলাচলের অভিজ্ঞতা রয়েছে কি না, তা মালিকদের নিশ্চিত করতে হবে। গাড়ির ফিটনেস ও নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়টিও গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, শুধু গাড়ি ভাড়া হলেই চালককে যেকোনো রুটে পাঠিয়ে দেওয়া যাবে না। গাড়ির ফিটনেস ঠিক আছে কি না, তা চালক ও মালিক উভয়কেই নিশ্চিত করতে হবে। একটি গাড়ি থেকে ছয় মাস লাভ করার পর একটি দুর্ঘটনাই সেই লাভ শেষ করে দিতে পারে।
চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, গতি নিয়ন্ত্রণ করতে না পারলে নিজের পাশাপাশি অন্যের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে। নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী ওঠানো বন্ধ হলে সড়কে আকস্মিকভাবে গাড়ি থামানোর প্রবণতা কমবে, দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে।
সড়ক দুর্ঘটনার পর যানবাহনে অগ্নিসংযোগের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, অনেক সময় দুর্ঘটনার জন্য চালক সরাসরি দায়ী না হলেও ক্ষুব্ধ মানুষ বাসে আগুন ধরিয়ে দেন। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। দুর্ঘটনা প্রতিরোধে চালক, মালিক, যাত্রী ও পথচারী—সব পক্ষের সচেতনতা প্রয়োজন।
পরিবহন শ্রমিকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, চালক ও তাঁদের সহকারীদের দক্ষ ও পেশাদার করে গড়ে তুলতে পারলে বিদেশের শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। এতে তাঁদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রা আসবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, একদিন পরিষ্কার করার পর আবার ময়লা জমলে তা পরিষ্কারের দায়িত্ব সংশ্লিষ্টদেরই নিতে হবে। জেলা প্রশাসনের পক্ষে প্রতিদিন পুরো দল নিয়ে টার্মিনালে আসা সম্ভব নয়। তাই পরিবহন মালিক ও শ্রমিকদের নিজেদের উদ্যোগে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন চৌধুরী টার্মিনালের জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের সময় আশপাশের সড়ক উঁচু করায় বহদ্দারহাট বাস টার্মিনাল নিচু হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। ময়লা-আবর্জনা মিশে সেই পানি পরিবেশ অস্বাস্থ্যকর করে তোলে।
সমস্যা সমাধানে টার্মিনালের ভূমি আশপাশের সড়কের সমতলে উন্নীত করা এবং বিদ্যুৎ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে সিডিএর সঙ্গে সমন্বয়ের অনুরোধ জানান তিনি। পাশাপাশি দোহাজারী ও কেরানীহাট এলাকায় মহাসড়কের ওপর বসা অবৈধ বাজার উচ্ছেদ এবং বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা বলেন, দক্ষিণ ও উত্তর চট্টগ্রামমুখী প্রায় ২০ থেকে ২২টি রুটের যানবাহন এবং বিপুলসংখ্যক পরিবহন শ্রমিক এ টার্মিনাল ব্যবহার করেন। জলাবদ্ধতা ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার অভাবে শ্রমিকদের পক্ষে এককভাবে টার্মিনালটি পরিচ্ছন্ন রাখা কঠিন। তবে জেলা প্রশাসনের এ উদ্যোগ অব্যাহত রাখতে পরিবহন শ্রমিকেরা সর্বাত্মক সহযোগিতা করবেন।
কর্মসূচিতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, বিআরটিএর সহকারী পরিচালক সিরাজুল ইসলামসহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

© All Rights Reserved.