আমাদের সময়ের ছাত্র রাজনীতি কিংবা তরুণ নেতৃত্বে এক ধরনের শিষ্টাচার, সংযম আর গুরুজনদের প্রতি সম্মান ছিল। সিনিয়র নেতাদের সামনে বসার ভঙ্গি, কথা বলার ভাষা, ভিন্নমত পোষণের সৌজন্য, সবকিছুতেই একটা রাজনৈতিক সংস্কৃতি কাজ করত। নেতৃত্ব তখন কেবল ক্ষমতার সিঁড়ি ছিল না, ছিল দায়িত্ব ও শুদ্ধতার পরীক্ষা।
এক সময় ছাত্র রাজনীতি ছিল শেখার জায়গা।
ভুল করলে ধমক আসত,অহংকার দেখালে থামিয়ে দেওয়া হতো। সিনিয়ররা ছিলেন অভিভাবক,
ভুল ঢাকতেন না, সংশোধন করতেন।আজ সেই জায়গাটাতেই বড় শূন্যতা। তরুণদের মধ্যে শিষ্টাচার নেই।তাদের ভাষায় আক্রমণ, আচরণে ঔদ্ধত্য,
ভিন্নমতের প্রতি অবজ্ঞা,এসবকে তারা সাহস বলে চালাতে চায়।কিন্তু সাহস আর বেয়াদবি এক জিনিস নয়।বিনয় ছাড়া সাহস হিংস্র হয়, সংযম ছাড়া রাজনীতি উগ্র হয়ে ওঠে।আজকের বাস্তবতা ভিন্ন। শিষ্টাচার শেখার আগেই কেউ কেউ শীর্ষ নেতা হয়ে উঠছে। বক্তব্যে সংযম নেই, আচরণে ঔদ্ধত্য, ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা, এসব দেখে রাজনীতির প্রতি স্বাভাবিকভাবেই বিতৃষ্ণা জন্মায়।
এনসিপি নেতা হাসনাত, নাসিরুদ্দিনপাটোয়ারী, শিবির নেতা আম্মানসহ এ ধরনের বহু তরুণের আচরণ দেখে প্রশ্ন জাগে: তারা কি রাজনীতি শিখেছে, নাকি কেবল রাজনীতির সুযোগ নিয়েছে?
প্রয়াত হাদীর ভাষায়ও কিছু অশালীনতা ছিল, যেহেতু সে দুবৃত্তদের হাতে নিহত হয়েছে সেহেতু আল্লাহ তাকে ক্ষমা করুন। কিন্তু তার মত করে ইনকিলাব মঞ্চের এক নারীকেও দেখলাম ‘শাওয়া মাওয়া ছিড়া পেলামু’ এ জাতীয় অশালীন উক্তি উচ্চারণ করতে।এই ভাষা একজন নারীর জন্য ষ্পষ্টতই অসন্মানজনক। সবচেয়ে হতাশাজনক বিষয় হলো,কিছু সিনিয়র ও বয়স্ক নেতা এই জাতীয় শিষ্টাচার বহির্ভূত আচরণকে সংশোধন না করে বরং ভালোবাসা, প্রশ্রয় ও দলীয় স্বার্থের নামে উৎসাহ দিচ্ছেন। এখানেই সমস্যার মূল। অভিজ্ঞতা যখন দায়িত্বহীন হয়ে পড়ে, তখন অশুভ শক্তির উত্থান অনিবার্য হয়। অযোগ্যতা তখন সাহস পায়, শিষ্টাচার তখন দুর্বলতা বলে গণ্য হয়। রাজনীতি কোনো শর্টকাট ক্যারিয়ার নয়।ইতিহাস না জানলে ভবিষ্যৎ গড়া যায় না।মুক্তিযুদ্ধের চেতনা বোঝা ছাড়া বাংলাদেশের রাজনীতি বোঝা অসম্ভব। তাই আজ প্রয়োজন,সংস্কারের, শুদ্ধতার, শিষ্টাচারের। দলীয় আনুগত্যের চেয়েরাজনৈতিক শালীনতাকে বড় করে দেখতে হবে।চাটুকার নয়, প্রশ্ন করতে জানা তরুণই আগামী দিনের সম্পদ। যে রাজনীতি মানুষকে ভয় দেখায়,সে রাজনীতি বেশিদিন টেকে না। আর যে রাজনীতি মানুষকে সম্মান দেয়, সেই রাজনীতিই ইতিহাসে জায়গা করে নেয়। আমরা এমন নেতৃত্ব চাই,যারা উচ্চস্বরে নয়, যুক্তিতে কথা বলবে।যারা পদ নয়, দায়িত্বকে গুরুত্ব দেবে। যারা ক্ষমতায় গিয়ে বদলাবে না,বরং ক্ষমতার মানে বদলে দেবে। রাজনীতি যদি আবার মানুষের কাছে ফিরতে চায়, তাহলে প্রথমে ফিরতে হবে শিষ্টাচার, সংযম ও বিনয়ের পথে।এই শিষ্টাচার, সংযম ও বিনয় চরিত্র গঠনের দীর্ঘ প্রক্রিয়া। রাজনীতি শেখা শুরু হয় মিছিল দিয়ে নয়, শুরু হয় শোনার ক্ষমতা দিয়ে। যে তরুণ শোনে না, সে শিখতে পারে না। যে শিখতে পারে না, সে নেতৃত্ব দিতে পারে না। সুতরাং এখান থেকে বেরিয়ে আসার জন্য কয়েকটি স্পষ্ট দিকনির্দেশনা জরুরি, প্রথমত, ছাত্র ও যুব রাজনীতিতে শিষ্টাচারকে বাধ্যতামূলক রাজনৈতিক যোগ্যতা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। বক্তৃতা নয়, আচরণ দিয়েই নেতৃত্ব মূল্যায়ন করতে হবে। দ্বিতীয়ত, সিনিয়র নেতাদের দায়িত্ব নিতে হবে অভিভাবকের মতো। ভুলকে প্রশ্রয় নয়, সংশোধন করতে হবে। জনপ্রিয়তার মোহে ভবিষ্যৎ নষ্ট করার অধিকার কারও নেই। তৃতীয়ত, দলীয় রাজনীতিতে প্রশিক্ষণ ও রাজনৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, ইতিহাস, সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা ও ভিন্নমত সহনশীলতার শিক্ষা ছাড়া নেতৃত্ব তৈরি হলে তা ভয়ংকর হয়ে ওঠে। চতুর্থত, সমালোচনাকে শত্রুতা হিসেবে দেখার সংস্কৃতি থেকে বের হতে হবে। শিষ্টাচারহীন আচরণের বিরুদ্ধে কথা বলাই দেশপ্রেম। রাজনীতি যদি নৈতিকতা হারায়, তবে তা সমাজকে নেতৃত্ব দেয় না,সমাজকে বিভক্ত করে। তরুণদের হাতে রাজনীতির ভবিষ্যৎ, এটা সত্য। কিন্তু সেই তরুণদের হাতে যদি শিষ্টাচার, বিনয় ও দায়িত্ববোধ না থাকে, তবে ভবিষ্যৎ নিরাপদ থাকে না। আমাদের প্রয়োজন এমন তরুণ নেতৃত্ব,যারা উচ্চস্বরে নয়, যুক্তিতে কথা বলবে;যারা ক্ষমতা দেখাবে না, দায়িত্ব নেবে;যারা রাজনীতি দিয়ে মানুষ জিতবে, ভয় তৈরি করবে না। রাজনীতির প্রতি মানুষের ভালোবাসা ফিরিয়ে আনতে হলে, প্রথম সংস্কারটা শুরু হোক আচরণ থেকে।





