কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় সাহারবিল ও ঢেমুশিয়া ইউনিয়নের ১ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে আইএসডিই বাংলাদেশ। সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়নে ৫০০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
সোমবার (৮ জুন) সাহারবিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এবং মঙ্গলবার (৯ জুন) ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৃথকভাবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপকূলীয় অঞ্চলের দরিদ্র, কর্মহীন ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা, সাংবাদিক এবং আইএসডিই বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও সীমিত আয়ের কারণে বিপাকে থাকা পরিবারগুলোর জন্য এ ধরনের মানবিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে না, বরং মানুষের মধ্যে আস্থা ও স্বস্তি সৃষ্টি করে।
আইএসডিই বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম জানান, প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৭ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, ১ কেজি লবণ এবং ৩ লিটার সয়াবিন তেল সম্বলিত খাদ্য প্যাকেজ প্রদান করা হয়েছে। তিনি বলেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এ সহায়তা তাদের পরিবারের জন্য উল্লেখযোগ্য সহায়তা হিসেবে কাজ করবে।আইএসডিই বাংলাদেশ জানায়, এর আগে হোস্ট কমিউনিটির প্রত্যন্ত অঞ্চল ও রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় ৩৫ হাজার ৫২৫ জনের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সংস্থাটি ভবিষ্যতেও উপকূলীয় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।





