ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস উদযাপন, সম্মাননা পেলেন শ্রেষ্ঠ যুব সংগঠক ও প্রতিষ্ঠান

দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা ও সফল যুবদের সম্মাননা প্রদান
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা এবং বিভিন্ন ক্যাটাগরিতে সফল যুব উদ্যোক্তা, সংগঠক, আত্মকর্মী ও যুব সংগঠনকে পুরস্কৃত করার আয়োজন করা হয়।
১ নভেম্বর ২০২৬, রবিবার সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‍্যালি ও কেক কাটার মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সীতাকুণ্ড উপজেলা শাখার সদস্য সচিব মোঃ মোরসালিন এবং চট্টগ্রামের অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন তপন কান্তি বর্মন, জনস্বাস্থ্য অধিদপ্তর সীতাকুণ্ডের সহকারী প্রকৌশলী প্রনবেশ মহাজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম, উপজেলা মেডিকেল অফিসার ডা. সোনিয়া আক্তার এবং মহসিন ফাতেমা যুব কল্যাণ সংস্থার উপদেষ্টা মোহাম্মদ লিটন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হচ্ছে যুবসমাজ। তরুণদের শুধু চাকরির প্রত্যাশী না হয়ে নিজেদের দক্ষতা, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। সরকার যুবকদের প্রশিক্ষণ, ঋণ ও বিভিন্ন সহায়তা প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। এসব সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে বেকারত্ব দূরীকরণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে যুবকদের এগিয়ে আসতে হবে। তিনি যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি সীতাকুণ্ড উপজেলা শাখার সদস্য সচিব মোঃ মোরসালিন বলেন, যুবসমাজ একটি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। দেশ ও জাতির কল্যাণে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দক্ষতা অর্জনের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। তিনি যুবকদের মেধা ও কর্মশক্তিকে ইতিবাচক কাজে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু তাঁর বক্তব্যে বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে দক্ষ যুবসমাজের বিকল্প নেই। শিক্ষিত হওয়ার পাশাপাশি তরুণদের আইন সম্পর্কে সচেতন, নৈতিকতাসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মাদক, সাইবার অপরাধ, সামাজিক অবক্ষয় ও অপরাধপ্রবণতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি উদ্যোক্তা সৃষ্টি ও মানবিক কর্মকাণ্ডে উৎসাহিত করা হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
মোঃ আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী বলেন, যুবসমাজকে দেশের ইতিবাচক পরিবর্তনের অগ্রসৈনিক হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণদের সাফল্য, সম্ভাবনা ও উদ্ভাবনী উদ্যোগগুলো গণমাধ্যমে তুলে ধরতে হবে। পাশাপাশি যুবসমাজকে মাদক, অপসংস্কৃতি ও অপরাধ থেকে দূরে রেখে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পরিবার, সমাজ ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অন্যান্য অতিথিরাও তাঁদের বক্তব্যে যুব উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান, সামাজিক সচেতনতা এবং মানবিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রমকে কাজে লাগিয়ে অনেক তরুণ-তরুণী আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। সীতাকুণ্ডের যুবসমাজের মধ্যে যে সম্ভাবনা রয়েছে, তা যথাযথভাবে বিকশিত করতে সরকারি প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও যুব সংগঠনগুলোর কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। তিনি বলেন, যুবকদের শুধু ব্যক্তিগত সাফল্য অর্জন করলেই চলবে না, বরং সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণেও এগিয়ে আসতে হবে। জাতীয় যুব দিবসের চেতনা ধারণ করে সবাইকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এক বছরের যুব উন্নয়ন কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি
অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের গত এক বছরের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরা হয়। উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, যুবসমাজকে আত্মনির্ভরশীল ও দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে ঋণ বিতরণ, প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান এবং যুব সংগঠন বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে।
প্রতিবেদনের উল্লেখযোগ্য তথ্য অনুযায়ী, রাজস্ব খাত থেকে ক্রমপুঞ্জিত মোট যুব ঋণ বিতরণের পরিমাণ ৫ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার টাকা। এ ঋণ ১ হাজার ৪৬৬ জনের মধ্যে বিতরণ করা হয়েছে। ঋণ আদায়ের পরিমাণ ৪ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ২৬৬ টাকা এবং আদায়ের হার ৯৬.৬৮ শতাংশ। এ কার্যক্রমের মাধ্যমে ৩ হাজার ৫৮৮ জনের আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং ৮৫ জন উদ্যোক্তা ঋণ সুবিধা পেয়েছেন।
অন্যদিকে, প্রকল্প খাতে ২১ জনের মধ্যে ৭ লাখ ৯০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়েছে। এ খাতে ঋণ আদায়ের হার ১০০ শতাংশ এবং ১১৭ জনের আত্মকর্মসংস্থানের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রমেও সীতাকুণ্ডে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রাজস্ব খাতে ৭ হাজার ২০৩ জন, প্রকল্পের আওতায় ২ হাজার ২৬৬ জন, বেসিক প্রশিক্ষণে ১২০ জন এবং কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিংবিষয়ক প্রশিক্ষণে ৪০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া নেটওয়ার্কিং প্রশিক্ষণে ২ হাজার ৮২১ জন এবং মুক্তিযোদ্ধাবিষয়ক প্রশিক্ষণে ২০১ জন অংশগ্রহণ করেছেন।
যুবসমাজকে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করতে কর্মশালা ও জনসচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় EARN Project-এর আওতায় দক্ষতা উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে। পাশাপাশি সীতাকুণ্ডে নিবন্ধিত যুব সংগঠনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯টিতে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যুব উদ্যোক্তা, আত্মকর্মী ও যুব সংগঠনকে উৎসাহিত করতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তিনজন যুব উদ্যোক্তাকে মোট ৫ লাখ টাকার চেক, একজন আত্মকর্মীকে ১ লাখ ৫০ হাজার টাকার চেক এবং যুব কল্যাণ তহবিল থেকে আদর্শ ছাত্র ও যুব সমাজকে ৭৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ যুব সংগঠন ও ব্যক্তিদের সম্মাননা
জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে সফল প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ, মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন, আদর্শ ছাত্র ও যুব সমাজ, অঙ্গীকার যুব ফাউন্ডেশন। শ্রেষ্ঠ উদ্যোক্তা ক্যাটাগরিতে জান্নাতুল ফেরদৌস (মিনু), সালমা সুলতানা লাইছু, ফরিদা ইয়াছমিন, ইব্রাহিম খলিল। শ্রেষ্ঠ সংগঠক ক্যাটাগরিতে সরোয়ার উদ্দিন আনসারী , কাউছার আহমেদ সরোয়ারী, মোহাম্মদ রেহান উদ্দিন, লায়ন মোঃ নুর খান। শ্রেষ্ঠ আত্মকর্মী ক্যাটাগরিতে সারজিনা আক্তার, মোঃ মুক্তার হোসেন সাইমন মোঃ ইলিয়াছ সানি এবং শ্রেষ্ঠ মানবিক ক্যাটাগরিতে আবু তাহের।
শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সম্মাননা পাওয়া সরোয়ার উদ্দিন আনসারী তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজকে শুধু নিজেদের কর্মসংস্থান নিয়ে ভাবলে চলবে না, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। একজন যুব সংগঠকের প্রকৃত সার্থকতা তখনই আসে, যখন তাঁর উদ্যোগে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষ উপকৃত হয়। তিনি বলেন, যুব সংগঠনগুলোকে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, রক্তদান এবং কর্মসংস্থান সৃষ্টিতে আরও সক্রিয় হতে হবে। জাতীয় যুব দিবসে প্রাপ্ত এ সম্মাননা ভবিষ্যতে আরও বেশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ স্থান পাওয়ায় সংগঠনটির সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি প্রতিফলিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ যুবসমাজ। এই বিপুল জনগোষ্ঠীকে যথাযথ প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ দিতে পারলে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব। শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের দক্ষতা অর্জন, উদ্যোক্তা হওয়া এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবা এবং কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও যুব সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
জাতীয় যুব দিবসের এ আয়োজন কেবল আনুষ্ঠানিক উদযাপন নয়, বরং দক্ষ, আত্মনির্ভরশীল, মানবিক ও কর্মমুখী যুবসমাজ গড়ে তোলার প্রত্যয়কে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.