চট্টগ্রাম, ২২ নভেম্বর ২০২৬: দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতিমূলক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে স্থানীয় প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা ও কমিউনিটির সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-এর আয়োজনে এবং জার্মান ফেডারেল ফরেন অফিসের (জিএফএফও) অর্থায়ন ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় বাস্তবায়িত ‘চাইল্ড-সেন্টার্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন ফর বেটার প্রিপেয়ার্ডনেস অব কমিউনিটিজ অ্যান্ড লোকাল ইনস্টিটিউশনস ইন নর্দার্ন অ্যান্ড কোস্টাল এরিয়াস অব বাংলাদেশ’ প্রকল্পের তিন বছর মেয়াদি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়, অর্জন পর্যালোচনা এবং ভবিষ্যৎ স্থায়িত্ব পরিকল্পনা বিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। বক্তব্যে তিনি আবহাওয়া ও জলবায়ু বিষয়ে সচেতনতা তৈরিতে ‘মেট ক্লাব’ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “মেট ক্লাব একটি অত্যন্ত কার্যকর উদ্যোগ। আমাদের উচিত এ উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়া।” তিনি দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।






