ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

ধর্ম ও জীবন

কমরেড আহসান উল্লাহ চৌধুরী ও আজকের তারুণ্য

 

বাংলাদেশে শ্রমিক আন্দোলনের সূতিকাগার চট্টগ্রাম৷ ৬০ থেকে ৯০ দশক পর্যন্ত চল্লিশ বছরেরও বেশী সময়কালে চট্টগ্রাম শ্রমিক আন্দোলনের সম্মুখ সারির পরিচিত মুখ কমরেড আহসান উল্লাহ চৌধুরী। সম্প্রতি তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

যদিও তিনি রাজনৈতিক জীবনে সিপিবির জেলা কমিটির সভাপতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য ছিলেন- তথাপি শ্রমিক আন্দোলনে তার বলিষ্ঠ নেতৃত্ব, শোষিত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে তার অগ্রনী ভূমিকা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তার অবদান- কোন দলের ব্যানারে নয়, বরং গণমানুষের নেতা হিসেবে পরিচিত করেছিল। তিনি চলে গেছেন। কিন্তু ইতিহাস ও প্রজন্মকে করে গেছেন ঋনী।

কমরেড আহসান উল্লাহ চৌধুরী ছিলেন আজন্ম প্রতিবাদী মানুষ৷ শুধু তিনি নন; তাঁর সমসাময়িক সকল রাজনীতিবিদরাই রাজনীতিকে নিয়েছিলেন ব্রত হিসেবে। চৌধুরী হারুনুর রশীদ, মাহবুব উল আলম চৌধুরী, অধ্যাপক আসহাব উদ্দিন আহমেদ, কমরেড আবদুস সাত্তার, আহমেদুর রহমান আজমী, এটি এম শামসুদ্দিন- সকলেই মানুষের মুক্তির জন্য রাজনীতি করেছেন। তাঁদের রাজনীতির গ্রাউন্ডটা ছিল শ্রমিক নির্ভর।

কমরেড আহসান উল্লাহ চৌধুরী – আইয়ুব খানের হুলিয়ার মুখে রাজনীতি করেছেন। মানুষের মুক্তির আওয়াজ তোলার কারণেই উনাকে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছিল। তাঁর নেতৃত্বে ষাটের দশকের প্রায় পুরোটা সময় বন্দর শ্রমিকদের আন্দোলন আইযুব খান সরকারকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। ফলে প্রতিনিয়তই পাকিস্তানি সরকারের বিষনজরে ছিলেন তিনি। জীবনের বেশীরভাগ সময় তাঁর কেটেছে রাজপথে৷ কখনো কখনো আত্মগোপনে।

ইতিহাসে তিনি পদচিহ্ন এঁকে দিয়েছিলেন চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের নেতৃত্ব দিয়ে সোয়াত জাহাজ ঘেরাওয়ের মাধ্যমে। সোয়াত – এ করে যে অস্ত্র এসেছিল মুক্তিকামী বাঙ্গালীকে শেষ করে দিতে, কমরেড আহসান উল্লাহ চৌধুরী সেই অস্ত্র খালাসে বাধা দিয়েছিলেন। নিরপেক্ষ ইতিহাস বিশ্লেষণে সেদিনই তিনি ইতিহাসে নিজের জায়গা করে নেন।
৮০ দশকের প্রায় পুরোটা সময় চট্টগ্রামে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি ছিলেন অন্যতম উদ্যোক্তা। ২৪ জানুয়ারী- ১৯৮৮ সালে লালদিঘীর ময়দানের সমাবেশের উদ্যোক্তা যারা ছিলেন- কমরেড আহসান উল্লাহ চৌধুরী তাদেরই একজন। এই সমাবেশের বিডিআর- এর গুলিতে প্রাণ হারায় অনেকে।

ব্যক্তিবাদী রাজনীতি, দলীয় লেজুড়বৃত্তির বাইরে এসে- কমরেড আহসান উল্লাহ চৌধুরী রাজনৈতিক আদর্শবোধ থেকে মানুষের মুক্তির কথাই বলেছিলেন সারাজীবন। এখানে এসেই কমরেড আহসান উল্লাহ চৌধুরী হতে পারেন আজকের তরুণদের জন্য আদর্শ।

তুমুল জনপ্রিয়তা, শ্রমিকদের উপর প্রভাব, ব্যাপক সাংগঠনিক ভিত্তি, গোছানো ও একনিষ্ঠ আলোচক, সাহস ও বুদ্ধিমত্তা- সবকিছুর সমন্বয় ঘটেছিল কমরেড আহসান উল্লাহ চৌধুরীর মাঝে।
কিন্তু এসবের বিনিময়ে কখনো ক্ষমতা চর্চা করেননি তিনি। ক্ষমতার কাছাকাছি যাওয়া বা ক্ষমতাকে ভোগ করার কোন আগ্রহ উনার বা উনাদের অনেকের মাঝে কখনো দেখা যায়নি৷ ব্যতিক্রমের সংখ্যাও কম নয়।

এমন নির্লোভ, দেশপ্রেমিক ও জীবনী শক্তি সম্পন্ন মানুষগুলো খুব দ্রুত বিদায় নিচ্ছে। কমরেড আহসান উল্লাহ চৌধুরীর মৃত্যু তারই একটি ধারাবাহিকতা। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়।

রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা সকলেই রাজনৈতিক প্রাণী। যে সাহস ও দেশপ্রেমের সমন্বয় একজন কমরেড আহসান উল্লাহ চৌধুরী ধারন করেছিলেন আজকের সময় তা বিরল। মুক্তিযুদ্ধের পূর্বে ও পরে যারা দেশের শোষিত বঞ্চিত মানুষের অধিকারের জন্য রাজনীতি করেছিলেন- তাদের সংখ্যা দ্রুত কমে আসছে।

চারপাশে এখন গিজগিজ করছে ক্ষমতার চর্চাকারী নেতৃত্ব৷ মানুষের অধিকার আদায় নয়; বরং লুটপাট করা, নিজের আখের গোছানো, নামে বেনামে ব্যাংক ব্যালেন্স করা, পৃথিবীর নানা দেশে সেকেন্ড হোম, থার্ড হোম বানানো, হাজার কোটি টাকা পাচার করে নির্বিকার থাকা- এমন ঘটনা ও দৃশ্য যখন আমাদের ঘিরে আছে, তখন মনে হচ্ছে কমরেড আহসান উল্লাহ চৌধুরী ছিলেন আমাদের সময়ের শেষের দিকের বিশুদ্ধ প্রদীপ।

প্রকৃতির স্বাভাবিক নিয়মেই মুক্তিযোদ্ধার সংখ্যা কমছে। কিন্তু সময়ের দুষ্টচক্রে ঠিক মানুষের অধিকার আদায়ের জন্য যারা রাজনীতি করতেন- তাদের সংখ্যাও কমছে দ্রুত। কিছুদিন পর উনাদের নাম শুধু ইতিহাসেই ঠাঁই পাবে। দুর্ভাগা দেশে সেই ইতিহাস চর্চা কতোটুকু হবে বা হবে না- সে বিতর্ক থেকে যায়, তবে এ কথা জোর দিয়ে বলা যায়, সময়ের চাকা ঘোরাতে হলে, মানুষের মুক্তির প্রশ্নে যুগের পর যুগ, তারুণ্যের সামনে- কমরেড আহসান উল্লাহ চৌধুরী বা তাঁর মতো যারা আছেন, তাঁদের আদর্শকে গ্রহনের বিকল্প নেই।

অধিকারের প্রশ্নে আপোষহীন থাকার যে দৃষ্টান্ত কমরেড আহসান উল্লাহ চৌধুরী স্থাপন করে গেছেন, কোর্ট বিল্ডিং ঘেরাও বা সোয়াত জাহাজ ঘেরাও করে তিনি যে বীরত্বের ও দেশপ্রেমের পরিচয় দিয়েছিলেন- আজকের তারুণ্যকে ঠিক করতে হবে তারা কি সে পথ অনুসরণ করবে নাকি উট পাখির মতো মাথা নীচু করে বাঁচবে! কমরেড আহসান উল্লাহ চৌধুরীর যে নেতৃত্ব আইয়ুব খানের বুকে কাঁপন ধরিয়েছিল- আজকের তারুণ্য কী সেই স্বচ্ছ, নির্লোভ দেশপ্রেমের পথে হাঁটবে নাকি দলীয় লেজুড়বৃত্তি বা লুটপাটের দুষ্টগ্রহের কাছে নিজেকে বন্ধক দিবে- সেটাই এখন সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়।

(লেখক: আলী আদনান, উন্নয়ন কর্মী)

শেয়ার করুনঃ

© All Rights Reserved.