সোনালী ব্যাংক কর্মকর্তা বঙ্গবন্ধু পরিষদ নেতা এখন জিয়া পরিষদের সভাপতি” শিরোনামে আমার দেশ পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম।
তিনি বলেন, গত ১৩ অক্টোবর ২০২৫ ইং তারিখে প্রকাশিত উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কখনও বঙ্গবন্ধু পরিষদ নামে কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না, এমন কোনো প্রমাণ বা তথ্য কারও কাছে নেই।
তিনি অভিযোগ করেন, প্রতিবেদনে প্রকাশিত লাল টি-শার্ট পরিহিত তাঁর ছবি ফেসবুক থেকে নিয়ে ফটো এডিটিং করে অন্য এক অনুষ্ঠানের ছবির সঙ্গে যুক্ত করা হয়েছে, যা দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। এমন একটি ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করা বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম আমার দেশ পত্রিকার জন্য অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
তিনি প্রতিবাদপত্রে পাঁচটি বিষয় পরিষ্কারভাবে উল্লেখ করেনঃ
১️ বঙ্গবন্ধু পরিষদের কোনো কার্যক্রমে তিনি কখনও অংশগ্রহণ করেননি।
২️ ব্যাংকের বদলির নিয়ম ও নীতিমালা অনুযায়ী তাঁর অবস্থান সম্পূর্ণ বৈধ ও কর্তৃপক্ষনির্ধারিত।
৩️ প্রকৌশলী সনেট মল্লিকের নামে বরাদ্দকৃত ফ্ল্যাটে তিনি জিএম ও ডিজিএমের মৌখিক অনুমতিতে ভাড়া প্রদান করে বৈধভাবে বসবাস করছেন।
৪️ তিনি কখনও কোনো হাউজ বিল্ডিং লোনের সনদ দিয়ে অর্থ গ্রহণ করেননি।
৫️ স্টাফ কলোনীর বরাদ্দ ও ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে জিএম অফিস, চট্টগ্রাম-নর্থের এখতিয়ারভুক্ত-এর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও জানান, ২০১৪ সালে চাকরিতে যোগদানের পর থেকে তিনি নিয়ম মেনে দায়িত্ব পালন করছেন এবং বঙ্গবন্ধু পরিষদের কোনো অনুষ্ঠান বা কার্যক্রমে কখনও যুক্ত ছিলেন না।
শেষে তিনি বলেন: “এক যুগ ধরে একই কর্মস্থলে থাকা, বিনা ভাড়ায় সরকারি বাসা ব্যবহার ও বঙ্গবন্ধু পরিষদের নেতা হিসেবে উপস্থাপন—এসব দাবি সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এই মিথ্যা প্রচারণায় যারা জড়িত, তাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
মোঃ রাশেদুল ইসলাম
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল)
সভাপতি, জিয়া পরিষদ, চট্টগ্রাম জেলা কমিটি।





