এ বিশ্ব ব্রহ্মান্ডে কে আমি? আমার সৃষ্টির উৎস কি? যুগে যুগে সেই উৎসকে মানুষ কত নামে রুপায়িত করলো, কিন্তু সেই উৎস অধরাই রয়ে গেল। শুধু দিয়ে গেল এবং যাচ্ছে এই বিশ্ব সংসারে এক মহাজাগতিক শক্তি। যে শক্তির উৎস এক রহস্যময় কোয়ান্টাম শ্যুন্যতা হতে, এক আশ্চর্য singularity হতে। সেই বিন্দু হতে সিন্ধু হয়ে, কোয়ান্টাম শূন্যস্থিত মহাশক্তি হতে অনুকম্পন ও অনুরণন হয়ে জ্যোতিরুপে সেই শক্তির প্রকাশ। শক্তির ক্রমাগত রুপান্তরের খেলায় আমরা এবং সবকিছুই কি সে শক্তির প্রকাশ নই?
মহাজগত সৃষ্টির পূর্বে মহাশূন্য গুনগুন করে গায়তো গান কেবলই অনুনাদে, কম্পনে। শূন্যস্থিত মহাশক্তির মহাসমাবেশ থেকে বিস্ফোরিত এই মহাজগতের আলোকময় প্রকাশের পর সেই কম্পন-অনুরণন বিবর্তিত হলো শব্দে। মহাশূন্যের সেই গুনগুন অনুনাদ এখনো বাজে, সেই বাজনা কি বাজে এই দেহে? সেই বাজনা বাজে বলেই তো তো আমার এই বাকশক্তি! আজ যখন আমি বলি তোমায় আমি ভালবাসি, আমি স্মরণ করি সেই মহাশূন্যের সেই গুনগুন কম্পন, সেই আদিম অনুরণন, যা মহাজগতে বেজে চলে নিরন্তর।
এ মহাবিশ্ব জীবন্ত, সর্বদা গতিময়। তার হৃদয়ে যেন বেজে চলে প্রতিনিয়ত মহাশক্তির রুপান্তরের গান, প্রতিটা কণাতে। সেই রুপান্তরের ভেলায় চড়ে শূন্য সাগরে বিকশিত হয় গ্রহ-নক্ষত্র, প্রাণ-প্রকৃতি, তুমি-আমি! শক্তির বিকাশের এই অনন্ত যাত্রায় কালের বিবর্তনে আমাকেও স্থান দেওয়া হলো প্রকৃতির সুতিকা গৃহে। প্রকৃতির জঠরে ঘুরে ঘুরে মানব রুপে আমায় সাজিয়ে হয়ত স্থান দিলো কত মায়ের গর্ভে। আমার নিঃশ্বাসে সেই গতিময়তা, আমার হৃদকম্পনে সেই গতিময়তা, রক্ত সঞ্চালনে তোমার গতিময়তা, তাই স্মরণ করি এই বেঁচে থাকায় মহাবিশ্বের মহাশক্তিকে যে গতিময়তার প্রেমময় শৈল্পিক প্রকাশে এই অনুভূতির জাগরণ।
এই মহাজগতে মহাশক্তি অক্ষয়-অব্যয় ঠিক যেমন আমার মহাপ্রেমও অব্যয়াত্মক! মহাসম্প্রসারণ বা Big Bang ঘটার পূর্বে যেই Cosmic Egg এই শক্তিকে ধারণ করে রেখেছিল, আমার এই দেহটাও যেন এক Cosmic Egg, দেহের মৃত্যুর পর বিস্ফোরিত হয়ে এই প্রেম প্রসারিত হয়ে ছড়িয়ে যাবে জগতময়, যেমনটা মহাশূন্যের Singularity থেকে Big Bang এর ফলাফলে আজকের এই দৃশ্যমান মহাজগত। কিন্তু কি এই মহাশক্তি, কি এই মহাশূন্যতা? শূন্যতার কোলে শক্তি যেন এক মহাজাগতিক প্রেম উপাখ্যান! মহাশূন্যতাই সর্বশক্তির মূল বীজ, আর শক্তিই মহাশূন্যতার ধারক ও বাহক। তুমি-আমি-আমরা সেই শক্তি ও শূন্যতার পাত্র, সেই মহা উপাখ্যানের প্রকাশ এই রঙ্গমঞ্চে!
আমি কে? এই অস্তিত্বের আদি রুপকে বুঝতে গিয়ে আমি ফিরে যাই সেই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনে, সেই কণা আর প্রতিকণার সৃষ্টি আর ধ্বংসের খেলা হতে নিরন্তর শক্তির প্রকাশ বিজ্ঞানে, যেখানে আদি কম্পনে মহাশূন্য যেন গেয়ে যেতো একাকী কসমিক গান! সেই কম্পনের ঝংকার হতে, বিকশিত এই মহাবিশ্বের ক্রমাগত রুপান্তরে আজ আমি প্রকৃতির কোলে, জীব রুপে ঘুরে ঘুরে প্রাণ রুপে আজ এই মানুষ রুপে, যে রুপে সেই আদিম শক্তি লক্ষ কোটি বছর ধরে আজো তেজ দিয়ে দায় জীবনের জয়গানে। সৃষ্টিবিজ্ঞানের এই মহাজ্ঞান, এর রহস্য এই মানবদেহে উন্মোচিত করতেই মহাশূন্যের বুকে জমা বিন্দু থেকে আজ সিন্ধু!
এ বিশ্বজগত যা কিছু সৃষ্টি, সবই মহাশক্তির সতস্ফুর্ত ভাবের সম্প্রসারণ। সৃষ্টি লীলার এই ভাবসম্প্রসারণে চৈতন্য আবৃত হলো জগতব্যাপী ; সৃষ্টি, পালন আর ধ্বংস চলতে লাগলো মহাশূন্যের কোলে! প্রকৃতির রুপান্তরে পারমাণবিক মহাসন্নিবেশে সূক্ষ শক্তি থেকে স্থুল জীবে পরিণত হয়ে অবিদ্যাদি দ্বারা আক্রান্ত হয়ে শুরু হলো বাসনার কর্মজীবন। অবিদ্যা হতে বিদ্যার উদয়ে হোক কর্মজীবনের অভিযাত্রা।
হে বিভু, প্রিয় সর্বত্র বিরাজমান মহাশক্তি, পরম চৈতন্য রুপে তুমি-আমি, আমি-তুমি এক হয়ে আছি। নিরন্তর রহস্যের ভেদের ভেতর দিয়ে এই রুহস্যলোকে মানব যাত্রার জ্ঞান বাহক এই প্রেমবিদ্যা শক্তি। এক-অদ্বিতীয় হয়ে এই বিশ্ব চরাচরে সৃষ্টি-স্থিতি-ধ্বংসের কার্যকারণে ঘটিত লীলায় এই প্রেমের প্রকাশ ক্রিয়া। মহাশূন্যতার কোলে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনে ছিটকে পড়া কণাতে যে প্রেম জগতে প্রোথিত হয়, সেই প্রেমশক্তিই যেন ভুবন রুপ বৃক্ষ, প্রকৃতি তাতে অধিষ্ঠিত হয়েছে। সেই বৃক্ষের শত শাখা-প্রশাখায় ছেয়ে আছে বিশ্ব প্রকৃতি এবং মহামানবগণ। ভুবন দ্রুমরুপী এই আশ্রয়তলে এই ইহজীবনের যাত্রায় আমি পরম কৃতজ্ঞ।
মহাশূন্যতা আছে বলেই আমরা আছি। জগতের অধিকাংশ স্থানই শূন্যস্থান, একটা হাইড্রোজেন পরমানুর অধিকাংশই শূন্য। পৃথিবীর সকল শূন্যতাকে বের করে নিয়ে গেলে আমরা ক্ষণিক বিজ্ঞানমময়, তুচ্ছ, অতিকায়, নশ্বর এক ক্ষুদ্র জীব। তবুও মহাজগতের প্রত্যেক বস্তুর সাথে বস্তুর নিবিড় যে পদার্থবিদ্যার বলয়, তাই যেন মহাশূন্যতার ভাবসমষ্টি! যে মহাভাবের ভাষায় আমরা সকলেই, সকল জীব ও প্রাণ এই প্রকৃতিরই সন্তান। এটাই নিখিল ব্রহ্মান্ডের একত্ববাদ। আমরা এক, We are One!
আয়নার সামনে দাঁড়ালে নিজেকেই দেখা যায়, অন্য কাউকে না। আয়নাটা যত পরিষ্কার হয়, ততই নিজেকে স্বচ্ছ আর সুন্দর দেখা যায়। মনোজগতেও আয়না আছে, কিন্তু সেখানে আস্তরণ পড়ে আছে। মন, প্রাণ, বুদ্ধি, বিবেক, ইন্দ্রিয় সুন্দর ও শুদ্ধ না হলে স্বভাবে ভাল হওয়া যায় না৷ অশুদ্ধ মনোজগত ভরে থাকে অহংকার, বিদ্বেষ, হিংসা, ক্রোধ, লোভ, মোহ, কামনা, ইত্যাদির জঞ্জালে। সূক্ষ্মভাবে দৃষ্টিপাত করলে বা আত্মবিচার করলে দেখা যায় মনের আয়নার এসবের কলুষ-কালিমায় আস্তরণ পড়ে এই দেহ ও মন নষ্ট আর অপবিত্র হয়ে আছে। মনের আয়নায় এই আস্তরণের কারণে নিজের ভেতরের আমিটাকে, নিজের ভেতরের রুপটাকে সুন্দর ভাবে, পরিষ্কার ভাবে দেখা যায় না। দেখা যায় তখন অন্য কিছু, দুনিয়ার বিষয়রাশিতে ডুবে থাকা এক অস্থির, আপন শান্তির নিবাস থেকে হারিয়ে যাওয়া এক মানবকে!
আমি কিছু না জানি না বা আমার কোনো জ্ঞান নাই, এটা বলার মধ্যেও অনেকসময় একটা সূক্ষ্ম আমিত্ব প্রকাশ পায়। অনেকসময় “আমার কোনো অহংকার নাই” এইটা বলার মধ্যেও সূক্ষ্ম অহমবোধ প্রকাশ পায়। কথা বলার ধরণ এবং শারিরীক অঙ্গভঙ্গির উপর নির্ভর করে অহমশূন্যতার প্রকাশটা লোককে শোনানো নাকি স্বতঃস্ফুর্ত। কবিগুরু তাই গীতাঞ্জলিতে লিখেছিলেন- “আমার মাথা নত করে দাও হে তোমার চরণধূলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে ”
আপন প্রকৃতি ও বিশ্ব প্রকৃতির রহস্য যদি জানতে পারি দেহ ত্যাগের আগে, যদি জানতে পারি তোমাকে হে পরমশক্তি, যে তুমি এই জগতে ও দেহে নিরন্তর বয়ে চলো, যদি হতে পারি “এক” তোমার সাথে মহামিলনের মহাপ্রেমে, তবে হয়ত দেহ ত্যাগ করেও আমি অমর হবো, হয়ত আর পুনরায় জন্ম নিয়ে আসার বাধ্যবাধকতা রইবে না, সারা জগতময় তুমি-আমি শক্তির অনুরণনে চৈতন্যময়তায় পরমানন্দে মিলে রব, কখনো মানবীয় প্রেমের খেয়াল হলে না হয় পুনরায় মানব দেহে নেমে আসবো এই ধরণীতে, জীবনানন্দের বেশে!
কি করে প্রকাশ করি তাকে যে অনাদি অনন্ত! যতই প্রকাশের মাধ্যম খুঁজি ততই সে রুপ সূক্ষ্ম থেকে স্থুল হয়, তাই বলে বিন্দু থেকে সিন্ধু হওয়া বন্ধ হয়েছে এই মহাজগতে? মহাবিশ্বের সম্প্রসারণ যেমন নিরবিচ্ছিন্ন, আমার অস্তিত্বের সে অনাদি অনন্তের লীলা প্রবাহমান। প্রকাশের তাই সীমা নেই, সীমানা নেই, কোনো নির্দিষ্ট ছক নেই, ফ্রেম নেই। সৃষ্টিজগতের অসীম শৈল্পিক মাধ্যমে, অসীম বিজ্ঞানময় মাধ্যমে সে অনাদি অনন্ত মহাশূন্যতার, শূন্যস্থিত মহাশক্তির প্রকাশ অসীম। তাই প্রেম নিবেদনেরও অসীম অনন্ত রুপ।
শক্তির মন নেই, তাই শক্তির বাসনা নেই, যেমন আমার মন আছে, বাসনাও আছে। কিন্তু শক্তির অবস্থার পরিবর্তন আছে, শক্তির ধর্ম আছে রুপান্তরিত হবার। শক্তির এই ধর্মটাই শক্তির সূক্ষ্ম বাসনা রুপ। এই অবস্থার পরিবর্তন ও রুপান্তরিত ধর্মেরই ফলাফল আমি, আমরা, এই বিশ্বজগত। আমরা সূক্ষ্মের স্থুল প্রকাশ, রুপান্তরিত এক বিজ্ঞানময় শিল্প।
তোমাকে দেওয়া ফুল তুমি পানি ভরা পাত্রে রাখতে পারো, কারণ পাত্রের আকার আছে সেই ফুল আর ফুলের জল ধারণ করার, এটা পাত্রের গুণ। কিন্তু আমার মন নিরাকার, নিরাকারের কোনো গুণ নাই, রুপ নাই। তবুও মনে তুমি আছ! আছে তুমি সহ এই বিশ্বব্রহ্মান্ড! কারণ নিরাকারেও শক্তি থাকে, কোয়ান্টাম শূন্যতায় ফ্লাকচুয়েশনে যেমন থাকে কোয়ান্টাম শক্তি, তেমনি নিরাকার মনেও আমার প্রেমের শক্তি, প্রকাশের শক্তি, রুপান্তরের শক্তি। এটাই নিরাকারের ধর্ম!
আমার প্রাণের উৎসের রুপান্তরিত রুপ জলজ! জলাকার রুপে প্রাণের সৃষ্টিতে সেই শক্তির বিরাজ। তাই তো ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজতে আমরা জলের সন্ধান করি, আর তাই ভাল লাগে আমাদের বৃষ্টির রিনিঝিনি, ভাল লাগে সমুদ্রের জোয়ার, নদীর কলতান, এই ভাল লাগা নীরাকার! নীর= জল, তাই এই ভাল লাগা জলাকার। আমার প্রেম তাই যেন জলজ প্রেম!
কত ছোট্ট একটা জীবন, চোখের পলকে একদিন সামনে এসে দাঁড়াবে মৃত্যু। অথচ আমি এতই ক্ষুদ্রতম এক জীব যে আমার সৃষ্টির উৎস যে মহাশক্তির কোন ভাব, আমার বাক্য ও মনের অগোচরের যে এই অসীম বিশ্ব ব্রহ্মান্ড, ধরা ছোঁয়ার বাহিরে যে নিরঞ্জন মহাশ্যুন্যতা, এইসবকে না জেনেই হয়ত একদিন পৌঁছে যাব মৃত্যুতে।
স্বাধীন,নিরপেক্ষ, মুক্ত, বন্ধনহীন, মুক্ত, নির্মোহ, নির্লিপ্তই “স্বাক্ষ্য চৈতন্য”, যা স্বাক্ষী রুপে সৃষ্টির অস্তিত্বে বিরাজমান, যা ইন্দ্রিয়াতীত। আর ইন্দ্রিয়গ্রাহ্য বাকি সব ” আদি পদার্থ” বা প্রকৃতি। আমিও প্রকৃতি, আবার এই আমার মধ্যেই সুপ্ত সেই চৈতন্য। “স্বাক্ষ্য চৈতন্য” আর “আদি পদার্থের” মেকানিজম না জানতে পারলে আমি “মহাশূন্যের” হবো কি করে? এই হয়ে উঠাঠাই যেন মহাপ্রেমের অভিযাত্রা!
স্বাক্ষী রুপ চৈতন্য এবং আদি পদার্থ বা প্রকৃতির আদিও নেই, অন্ত ও নেই! অনাদি অনন্তের সূচনা আজো মানবের আগোচরেই। বিগ ব্যাং বা স্টেডি স্টেট তত্ত্ব এই মহাজগতের ইতিহাস বলতে পারলেও সূচনা যেন আজো মহাপ্রাগৈতিহাসিক, অমীমাংসিত এক রহস্য জাল। আমার সূচনা শুক্রানু আর ডিম্বানুর মহাকারখানার মহাকাব্যতে প্রোথিত হলেও সেই শুক্রানু আর ডিম্বানুর সূচনা আমায় যুগপৎ বিস্মিত করে! কি অদ্ভুত প্রকৃতির এই রুপান্তর, কি মহাবিজ্ঞানময় এই আমার বিবর্তন, কালের মহাসিন্ধুতে তরী ভাসিয়ে এই বিস্ময়ের আমি এক অতি ক্ষুদ্র অভিযাত্রী।
জগতের সমস্ত গুণ, বৈশিষ্ট্য, পরিবর্তন সবই প্রকৃতি থেকে সমুদ্ভুত। আর রহস্যময় শূন্য আপন খেয়ালে, সতস্ফুর্ত ভাবে নির্লিপ্ত, নিরপেক্ষ। প্রকৃতির সন্তান হয়েও, বৈচিত্রময় গুণ, বৈশিষ্ট্য এই দেহমন ধারণ করে পরিবর্তনের রুপান্তরে গড়াতে থাকলেও শূন্যের স্বভাব ধারণ করলে তখন যেন আমি বাঁধনহীন, স্বাধীন, নির্লিপ্ত। জগতের সকল বিষয় থেকে আলোকবর্ষ দূরে চলে গিয়ে তখন জগতের দিকে তাকালে দেখি সবই সমান্তরাল, যেমনটা আকাশে উড়োজাহাজ থেকে নীচে থাকালে দেখি সবই এক, এই অসীম জগতের তুলনায় অতিশয় তুচ্ছ! অসীমভাবে শূন্যতে মিলে যেতে পারলে বা শূন্য স্বভাবে বাঁচতে পারলে জীবন লীলাময়,প্রশান্তিময়। এটাই মানব জীবনের উপ+আসন তথা উপাসনা, বিষয়ের “উপরে” শূন্য স্বভাবে “আসন” গ্রহণ!
আগুন, পানি, মাটি, বাতাস ও আকাশ তথা শূন্য প্রকৃতির মূল পাঁচটি উপাদান তথা পঞ্চভূত যার সৃষ্টি বা প্রকাশ শূন্যস্থিত শক্তির কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হতে। এর না আছে উৎপত্তি, না আছে বিনাশ, আছে কেবল রুপান্তর, অসীম বৈচিত্র্যময়তায় রুপান্তর। এই আমিও পঞ্চভূতেরই রুপান্তর, এই দেহ পঞ্চভূতে গড়া এক মহাযান যাতে চড়ে সেই অনাদি শুন্য শক্তি প্রাণশক্তি রুপে মহাজগতে ভ্রমণ করছে শক্তির অগণিত শৈল্পিক শাখায়। কোন এক শাখাকে ছুঁয়ে দিলেই, তাতে চড়ে দোল খেলেই জীবন উপভোগ্য।
মহাজাগতিক শূন্যস্থিত শক্তি এই জীবদেহের চালিকা শক্তি। শক্তির নিরন্তর প্রবাহে এই জীবনের বেঁচে থাকা ও বিকাশ, জগত ও প্রকৃতির প্রকাশ। “আমি” নামক যে পরিচয়বোধ এই মস্তিষ্কে ক্রিয়া করে সেইটা এই শক্তিকেই প্রকাশের মাধ্যম। নতুবা এই আমার কোনো ক্ষমতা নাই। শক্তির এই ক্রিয়া তিনরুপে প্রকাশিত যথা সৃষ্টি, স্থিতি ও বিনাশ। শক্তির এই তিন ভাবের প্রয়োগ ঘটানোর ক্ষেত্রস্থল এই দেহমন। মানব দেহটাই ক্ষেত্রজ্ঞ, সেই মহাজাগতিক শুন্যস্থিত শক্তির এক বিস্ময়কর কুঠির!
শক্তির মায়া নেই, রুপান্তর আছে। সেই রুপান্তরে আমরা লীলা দেখি কারণ মহাশক্তির রহস্য আমাদের জ্ঞানাতীত। সেই রুপান্তরের সৃষ্টির প্রতি আমার মায়ার জন্ম হয়। আর সেই মায়ায় মুগ্ধ হয়ে থাকে স্বর্গ, মর্ত্য ও পাতাল। এই মহাজগতের মিনেচার বা ক্ষুদ্র রুপ এই মানব দেহ। অনুসন্ধানী পথিকের জন্য মায়া ত্যাগ মানে সুন্দরকে অগ্রাহ্য করা নয়, বরং মায়ার পর্দা সরিয়ে আড়ালে শক্তির সেই রুপান্তরের কার্যকারণে বিমোহিত হওয়া। সেই পুলকের পরমানন্দে প্রেমের পথের পথিকের দেহের ত্রিজগত দুলে উঠে অনু-পরমাণুতে ব্যাপ্তিশীল প্রেমাষ্পদের দর্শনে, সমগ্র বিশ্ব প্রকৃতিতে, ফাগুনের হাওয়ায়। কবে আসবে সেই ফাগুন, শুধু অপেক্ষা!
শক্তির রুপান্তরের তিন ভাব; সৃষ্টি, স্থিতি, বিনাশ। এই তিন ভাবকে এই সংসার ও কর্মজীবনে একই সমীভাবে বা সিনক্রোনাইজেশনে প্রয়োগ করতে সচেতনভাবে যে সুকর্ম করা দরকার সেটাই পুণ্য। সত্য-সুন্দর- প্রেমের জন্য সৃষ্টি, সেই সত্য-সুন্দর-প্রেমকে লালন করার জন্য স্থিতি এবং সত্য-সুন্দর-প্রেমকে রক্ষা করতে অসুর ও মিথ্যের বিনাশ সাধনের জন্য যে কর্ম তাতেই পুণ্য। আর সেই কর্ম যদি হয় আমিত্ব বর্জিত এবং প্রত্যাশাহীন তবে তেমন কর্মই প্রশান্তির দুয়ার খুলে দেয়।
বেঁচে থাকতে গেলে, জীবনে চলতে গেলে অজস্র বিষয় ভোগ করতে হয়। যে কোন কিছু ভোগ করতেও শক্তির প্রয়োজন। শক্তি ব্যতীত ভোগ বা উপভোগ হয় না। মহাজাগতিক শক্তির তিন রকম ভাব বা রুপান্তরিত প্রকাশ যথা সৃষ্টি, স্থিতি ও বিনাশ। এই তিন প্রকার প্রকাশকে কুভাবে, কুকর্মে, অজ্ঞানতায় ও অসচেতনতায় কর্ম ও সংসারজীবনে প্রয়োগ করলে শক্তির ধনাত্মক বা পজিটিভ প্রকাশ আবৃত হয়ে পড়ে এই দেহমনে। ইন্দ্রিয়ের যে সকল চিন্তা ও কর্ম এই আবৃত অবস্থা তৈরি করে তাই পাপ।
এই দেহমনটা সেই নিরঞ্জন মহাশূন্যের শক্তির ক্ষেত্রস্থল। এই ক্ষেত্রজ্ঞ হতেই যেমন সুন্দরের প্রকাশ তেমনি অসুন্দরের প্রকাশ, যেমন প্রেমের পরশ নির্গত হয় তেমনি ঘৃণার দাবানল উদগীরণ হয়। এই দেহমনের ধর্ম সত্য ও সুন্দরকে ধারণ করা। বিপরীতে অধর্ম মানেই মিথ্যা, অজ্ঞানতা, আর কালিমার সৃষ্টি। আর এমন অধর্মে শক্তির সেই সত্য-সুন্দর ভাব আবৃত হয়ে পড়ে এই দেহে, এই মনে। ক্ষেত্রস্থলের এই শক্তিকে নেগেটিভ বা নেতিবাচকভাবে পরিচালিত করার ফলে এই আবৃত অবস্থা দেহমনে সৃষ্টি করে ভয়ানক যন্ত্রণা, নানান শারিরীক রোগব্যাধি এবং মানসিক অশান্তি নানান কুকর্মের ক্রিয়া-প্রতিক্রিয়ায় ফলশ্রুতিতে। আর এটাই মানব দেহের পাপ যাতনা। এটাই জাহান্নাম/নরক/Hell এর শাস্তি। Hell is a state of body & mind, দেহমনের এই যাতনাদায়ক হাল বা অবস্থাই এই মানব জীবনের নরক বা জাহান্নামের আগুন।
শূন্যস্থিত শক্তির তিন প্রকার প্রকাশের ঋণাত্মক প্রয়োগের ফলে রচিত সকল কর্মের প্রভাব এই দেহমনের সকল যন্ত্রণা ও রোগব্যাধির কারণ। সৃষ্টিশক্তি, স্থিতিশক্তি ও বিনাশশক্তির অপপ্রয়োগে যথাক্রমে সৃষ্টির বিপরীতে ধ্বংসের বিস্তৃতি, সাম্য ও লালনের বিপরীতে অহমের প্রকাশ ও সত্যের জাগরণের বিপরীতে মিথ্যার কালো ছায়া তৈরী হয়। এহেন কর্মের প্রভাবে দেহমনের যে যাতনা বা কর্মফল তা এই দেহের স্থিতিকালে ভোগ করতেই হয়। কর্মের প্রভাব বিদ্যমান থাকা অবস্থায় এই স্থুল দেহের বিনাশ হয়ে গেলে সেই কর্মের ফল কোথায় বা কিভাবে ভোগ হয়? এই রহস্য আবিষ্কার করতেই সন্ধানের পথে এই আপনযাত্রা!
পাপের কারণে এই দেহমনে নরক যন্ত্রণা চলাকালে মনের সুবোধ ফিরে আসলে পুণ্যের পথে চলার চেষ্টা করলেও কর্মফল ভোগ সাথে সাথেই শেষ হয়ে যায় না, তবে ভোগ শিথিল হয়। কর্ম অনুযায়ী ফল পরিপূর্ণ ভোগ হয়ে গেলে সুন্দরের চর্চা, শুদ্ধিতার চর্চা, ত্যাগের চর্চা, এবং নানান সাধন চর্চার মাধ্যমে এই দেহমনে, বাক্যজাত, বুদ্ধিজাত, সর্বোপরি ইন্দ্রিয়জাত সকল পাপবোধ ক্রমে ক্রমে নাশ হতে থাকে। হৃদয় বাতায়নের জানালা খুলে তখন বিন্দু বিন্দু প্রবেশ করতে শুরু করে মহাপ্রেমের আলো, প্রশান্তির মৃদু বাতাসের মত মনে অণুরণন বাজে আপন খেয়ালে, এইত মনের স্বর্গ সুখ।
শূন্যস্থিত শক্তি হতে রুপান্তরিত যা কিছু সৃষ্টি হয়েছে এবং হচ্ছে, সকল সৃষ্টিতেই সেই শক্তি স্তরক্রমে অক্ষুন্ন থাকে। প্রতিটা জড়ে, প্রতিটা জীবে, প্রতিটা প্রাণেই সেই একই শক্তি, কেবল শক্তির মাত্রায় পার্থক্য। মহাজগতের সকল পদার্থই প্রাপ্ত নিজ নিজ শক্তির মাত্রা দ্বারা ক্রিয়াশীল, মৌলিক অনাদি শক্তি এবং শূন্যতা পদার্থের কার্যে কখনো হস্তক্ষেপ করে না। তাই চারপাশে যা ঘটে, আমাদের ব্যাক্তি জীবনে যা ঘটে, সবকিছুর দায় আমাদের নিজেদেরই। শক্তির উচ্চতর মাত্রা তার চৌম্বকীয় বলয়ে বা আকর্ষণে সর্বদা আমাদের আকর্ষিত করতে চায় তার সতস্ফুর্ত ধর্মে, সে আকর্ষণে সাড়া দেওয়া বা না দেওয়া নির্ভর করে আমাদের কর্ম আর ইচ্ছার উপরে। সাড়া দিতে পারলে সেটা আমাদের পুরষ্কার, আর না পারলে সেটা আমাদেরই ব্যর্থতা।
শূন্যের মধ্যে শক্তির রহস্যময় ক্রিয়াই হলো শূন্যের ধর্ম। আর এই ধর্ম হতেই উদ্ভব চৈতন্য এবং আদি পদার্থ বা প্রকৃতি। প্রকৃতি আর চৈতন্যের সংযোগে অসীম মহাজগত সৃষ্টি হল, কিন্তু প্রেমের জীবন্ত প্রকাশে ঘটাতেই যেন ছিল শক্তির অপেক্ষা ! অত:পর শক্তি তার তিন রুপে তথা সৃষ্টি, স্থিতি আর বিনাশের অপূর্ব মিথস্ক্রিয়ায় তার নিজের পাত্র সৃষ্টি করলো জীব রুপে। শুরু হলো মহাজগতে জীবনের মহাযাত্রা! সেই যাত্রায় আমি অতি সামান্য রোমাঞ্চকর এক পথিক!
শূন্যস্থিত শক্তির ক্রিয়ার তিন রুপ হতে প্রকৃতিরও তিন গুণ। এই ত্রিগুণের বিকাশ শক্তির সৃষ্টি, স্থিতি ও বিনাশ হতে। k ক্রিয়েশান, ব্যালেন্স এবং ডেস্ট্রাকশান; এই ত্রিগুণ ছেয়ে আছে সমস্ত জীবে, সমস্ত মানব দেহে, সমস্ত প্রকৃতি জগতে। এই ত্রিগুণের মিশ্রণেই আমাদের স্বভাব, চরিত্র প্রকাশিত৷ সত্য-সুন্দর সৃষ্টিশীলতা আমার ধর্ম হলে আমি সাধু, সৎ। বৈষয়িক জীবনের আসক্তিতে আমি ডুবে থাকলে, যেখানে সত্য-সুন্দরের স্থান নেই, আমি অসাধু, অসৎ। এবং সত্য-সুন্দরের জ্ঞান থাকার পরেও, সে জ্ঞান নিয়ে যদি অহংকার করি, অপরকে বিচার করি, সত্য জানার পরেও মিথ্যাকে ত্যাগ না করি, মোহাচ্ছন্ন হয়ে থাকি, তবে আমি অহংকারী, আমিত্ব প্রবণ । সনাতন ও শিখ ধর্মশাস্ত্রেও তাই উল্লেখ আছে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এই প্রকার গুণের কথা, যেমনটা পাওয়া যায় আল কোরাণে, যথা নফসে আম্মারা, নফসে লাউয়ামা এবং নফসে মোৎমাইন্নাহ। গুণাতীত হয়ে এই ত্রিগুণের উর্দ্ধে উঠে অবস্থান করলে তখন আপন প্রকৃতি জয় করে চৈতন্যের সাথে এক হওয়া যায়। জীবনকে তখন উপভোগ করা যায় দর্শকের গ্যালারিতে বসে, স্বাক্ষ্য চৈতন্য হয়ে! মন তখন শূন্য স্বভাবে নির্লিপ্ত হয়ে জীবনকে চলচ্চিত্রের মত দর্শন করে!
স্থুল দেহ নিয়ে স্থুল জগতে বিচরণ করে সূক্ষ্ম জ্ঞানকে চেনা বা জানা যায় না। যারা আপন প্রকৃতির সাথে বিশ্ব প্রকৃতির যোগসাজশ করেছেন, দেহজগতের সাথে মহাজগতের শক্তিকে একই সমীভাবে জ্ঞানবোধ দিয়ে উপলব্ধি করেছেন একান্ত অনুভূতি ও অভিজ্ঞতায়, তারাই সূক্ষ্ম জ্ঞানী, সূক্ষ্ম আলাপের ভাবগ্রাহী।
শুন্যস্থিত শক্তি হতে চেতনা ও প্রকৃতি উদ্ভবের ফলস্বরূপ নানান পদার্থের সৃষ্টি হতে হতে সৃষ্টি সূক্ষ্ম হতে ক্রমে স্থুল হল৷ এই মহাবিশ্ব শূন্য আকাশে ভেসে উঠলো এক অপূর্ব বিস্ময়ে। সপ্তলোক নিয়ে বিস্ময়কর মহাজগতের মত সপ্তলোক নিয়ে এই দেহজগতের বিকাশ হলো যেখানে স্থুলের অন্তরালে খেলা করে সূক্ষ্ম শক্তি। কি এই শক্তির রুপ, কিভাবে এই সপ্তলোকের অবস্থান, তা সন্ধানী এই পথিকের জন্য আজও ভাবনার খোরাক! একে বিশ্বাস করে পথিককে তার রাস্তায় হাঁটতে হয় সত্যকে জানতে, তথ্যকে যাচাই করতে, আপন অভিজ্ঞতায় অনুভূতিকে আনতে।
মহাজগতকে নানান প্যাটার্নে ভাগ করার মধ্যে ৭ একটি উল্লেখযোগ্য সংখ্যা। মহাজগতের বিবর্তনকে ৭ ভাগে ভাগ করা হয়। একটা গ্যালাক্সীর লাইফ সাইকেলকে ৭ ভাগে ভাগ করা হয়। সুর ও সপ্তক বা মূল সূর ৭ টি৷ মরমীসাধকগণ সাধনার জন্যে এই দেহকেও সাত চক্রে ভাগ করেছেন। আবার তাদের মতে অদৃশ্য জগত বা সূক্ষ্মাতি সূক্ষ্ম স্তরে এই সপ্তলোক বিরাজ করে। এক এক লোকে জীবনী শক্তির একেক রুপে অবস্থান কর্মভেদে। সূক্ষের এই সত্যতা যাচাই করতে নিজেই সেই সাধন পথে না নেমে উপায় নেয়। নিজেকে জানার সাধনার পথে চলার শুরুতে বিশ্বাস হলো একটি খুঁটি। যে খুঁটি না গাড়লে সত্যকে নিজ অভিজ্ঞতায় অনুভব করার জন্যে যে সাধন পথ, সেই পথ হয়ে উঠতে পারে ক্লান্তিকর, কখনো পথহারা পথিকের মত। তাই খুঁটি নামক বিশ্বাস হলো সন্ধানী পথিকের জন্যে আশা জাগানিয়া।
সাধন পথের শুরুই হলো কর্মযোগের পথ। প্রতিটা কর্মের সাথে মহাজাগতিক শক্তিকে সচেতন ভাবে যোগ দেওয়া বা যোগে রাখা। এই যোগেই ভাবের স্মরণ। মানবের জন্য মহাজগতিক শক্তির স্মরণই প্রেমাষ্পদের অসীম রুপ!





