কক্সবাজারের রামু উপজেলায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) বাস্তবায়নাধীন “Resilient Homestead & Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL)” প্রকল্পের মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ফ্যাকাল্টি অব মেডিকেল স্টাডিজের একটি প্রতিনিধি দল।শনিবার (০৭ মার্চ ২০২৬) ব্রিগেডিয়ার জেনারেল রিফফাত জামান, এমপিএইচ, ডিন, ফ্যাকাল্টি অব মেডিকেল স্টাডিজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের নেতৃত্বে প্রতিনিধি দলটি কক্সবাজার জেলার রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।উল্লেখ্য, প্রকল্পটি গ্রীন ক্লাইমেট ফান্ড (GCF)-এর আর্থিক সহায়তা এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়ন করছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)।মাঠ পরিদর্শনকালে ইপসার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইপসা কক্সবাজারের ফোকাল পারসন মোহাম্মদ হারুন, YPSA-RHL প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আমিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীবৃন্দ।পরিদর্শনকালে প্রতিনিধি দলটি রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম মেরুংলোয়া (উত্তর পাড়া) গ্রামের অতি দরিদ্র উপকারভোগীদের জন্য নির্মিত দুর্যোগ-সহনশীল ঘর, মাঁচা পদ্ধতিতে ছাগল ও ভেড়া পালন, বিকল্প জীবিকায়ন কার্যক্রম এবং প্রকল্পের কারিগরি ও আর্থিক সহায়তায় পরিচালিত আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ ও মোটাতাজাকরণ কার্যক্রম ঘুরে দেখেন।এ সময় প্রতিনিধি দলটি উপকারভোগী ও স্থানীয় সম্প্রদায়ের অংশীদারদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রকল্পের আওতায় তাদের জীবনে আসা ইতিবাচক পরিবর্তন ও অভিজ্ঞতার কথা শোনেন।মতবিনিময়কালে পরিদর্শকরা বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ আবাসন, বিকল্প জীবিকা সৃষ্টি এবং আয় বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা ইপসা, YPSA-RHL প্রকল্প টিম, ইপসা ম্যানেজমেন্ট এবং মাঠ পর্যায়ে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের মানুষের আবাসন ও জীবিকা আরও টেকসই, স্থিতিশীল এবং নিরাপদ হবে।





