বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি::পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, পবিত্র কোরআন তেলাওয়াত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ ২০২৬) ঈদের নামাজ শেষে উপজেলার জামনগর ত্রিমোহনী এলাকায় স্থানীয় যুবসংঘের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এলাকার শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলা এবং পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে সকল অংশগ্রহণকারীদের নিয়ে আয়োজন করা হয় প্রীতিভোজ, যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
জামনগর ত্রিমোহনী যুবসংঘের সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব, নাটোর জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী, শিক্ষক মো. হাবিবুর রহমান (হাবু), মো. ডাবলু আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে এমন আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করে। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও গ্রামীণ উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রমে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।





