চট্টগ্রামে উন্নয়ন সংগঠনগুলোর সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা এবং সরকার-এনজিও সমন্বয় আরও কার্যকর করার আহ্বানে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)-এর চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
৭ জুন এডাব-এর চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে প্রত্যাশীর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মনোয়ারা বেগমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারপারসন আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের ভাইস-চেয়ারপারসন ড. মো. আরিফুর রহমান, সদস্য সৈয়দা শামীমা সুলতানা ও কাজী মো. আবুল কালাম আজাদ, সদস্য সচিব এ কে এম জসীম উদ্দীন, কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য জেসমিন সুলতানা পারু, এডাব চট্টগ্রামের সাবেক সভাপতি রেজিয়া বেগম এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)-এর নির্বাহী পরিচালক শিশির দত্ত।
সভার শুরুতে বিশ্ব নাট্য দিবস ২০২৬ সম্মাননায় ভূষিত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, কবি, সাংবাদিক ও নাট্যকার শিশির দত্তকে এডাব চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারপারসন আনোয়ার হোসেনকেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল যাত্রার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় চাঁদপুর জেলা কমিটির সভাপতি ড. আনোয়ারুজ্জামান রতন, লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য মমতাজ বেগম, নোয়াখালী জেলা কমিটির সভাপতি আবদুল আউয়াল, ফেনী জেলা কমিটির সভাপতি আনোয়ারুল আজিজ, কুমিল্লা জেলা কমিটির সভাপতি মাহমুদা আক্তার, কক্সবাজার জেলা কমিটির সভাপতি সুব্রত দত্ত এবং চট্টগ্রাম জেলা কমিটির সদস্য লিটন চৌধুরী নিজ নিজ জেলার উন্নয়ন সংগঠনগুলোর বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও প্রত্যাশার বিষয় তুলে ধরেন।
এডাবের সাবেক কার্যনির্বাহী সদস্য জেসমিন সুলতানা পারু উপস্থিত সবাইকে স্বাগত জানান। এডাবের নির্বাহী পরিচালক ও সদস্য সচিব এ কে এম জসীম উদ্দীন সভার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন।
মুক্ত আলোচনায় অংশ নেন কুমিল্লার পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক মো. ইউনুস, হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক মো. আবু তাহের রনি, লাভ দ্য চিলড্রেন ফাউন্ডেশনের নির্বাহী প্রধান পংকজ চক্রবর্তী, পার্ক-এর প্রধান নির্বাহী নজরুল ইসলাম মান্না এবং অপকা-এর নির্বাহী পরিচালক মো. আলমগীর।
বক্তারা তাঁদের সুপারিশে বলেন, বর্তমান সময়ে সরকারের সঙ্গে এডাবের কার্যকর সম্পর্ক ও সখ্যতা গড়ে তুলে অ্যাডভোকেসির পথ আরও সুগম করতে হবে। প্রশাসনে এনজিওদের প্রতি উপেক্ষার যে সংস্কৃতি রয়েছে, তা দূর করা প্রয়োজন। এডাবের সংগ্রামী চেতনা সকল সদস্যকে ধারণ করতে হবে। পাশাপাশি সংগঠনের নিজস্ব স্থায়ী ঠিকানা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বিভিন্ন কারণে এনজিও ও সরকারের মধ্যে সমন্বয়হীনতা সৃষ্টি হয়েছে। এডাবকে সেই দূরত্ব কমিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে দুর্বল সংগঠনগুলোকে শক্তিশালী করতে অতীতের মতো আন্তরিক ভূমিকা পালন করলে সংগঠনটি পুনরায় সদস্যদের আস্থা অর্জন করতে সক্ষম হবে।
প্রধান অতিথির বক্তব্যে এডাব কেন্দ্রীয় চেয়ারপারসন আনোয়ার হোসেন বলেন, “দেশ ও জাতির উন্নয়নে এনজিওগুলো সরকারের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করছে। আমরা শুধু স্বীকৃতির জন্য কাজ করি না; আমাদের মূল লক্ষ্য সাধারণ মানুষের কল্যাণ। স্বীকৃতি মিলুক বা না মিলুক, দেশের উন্নয়নধারা অব্যাহত রাখতে এনজিওগুলোকে দেশপ্রেম, দায়বদ্ধতা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যেতে হবে।”
সভাপতির সমাপনী বক্তব্যে মনোয়ারা বেগম এডাবের ছায়াতলে সকল সদস্য সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।





