চট্টগ্রাম, ১৫ জুন ২০২৬: কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সহায়ক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় “Building Period-Friendly Schools for Health and Empowered Adolescents” শীর্ষক একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ইয়ুথ শেয়ার নেট (Youth Share Net) প্রকল্পের আওতায় Youth Voice for Change-এর উদ্যোগে, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর বাস্তবায়নে, RedOrange-এর হোস্টিংয়ে এবং Amplify Change-এর সহায়তায় ১৫ জুন চট্টগ্রাম মেধা বিকাশ স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে মাসিক ও মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ে সঠিক জ্ঞান বৃদ্ধি, প্রচলিত কুসংস্কার ও ভুল ধারণা দূরীকরণ এবং একটি পিরিয়ড-ফ্রেন্ডলি বিদ্যালয় পরিবেশ গড়ে তোলার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী ফারুকী, সহকারী প্রধান শিক্ষক মো. শাহজাহান, শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক মো. আলী ফারুকী বলেন, বর্তমান সময়ে মাসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সুস্থ ও নিরাপদ জীবনযাপনে সহায়তা করবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পুরো সেশন অনুসরণ করার আহ্বান জানান।
সহকারী প্রধান শিক্ষক মো. শাহজাহান বলেন, মাসিক একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং এটি কোনোভাবেই লজ্জার বিষয় নয়। মাসিক নিয়ে খোলামেলা আলোচনা সমাজে বিদ্যমান ভুল ধারণা ও কুসংস্কার দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মূল সেশনে ইপসার প্রতিনিধি সুহী ইসলাম “Menstrual Hygiene Education” বিষয়ে উপস্থাপনা করেন। “শিক্ষিত হই, ক্ষমতায়িত হই, এগিয়ে যাই—মর্যাদাপূর্ণ মাসিক পরিচর্যা নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি মাসিকের বৈজ্ঞানিক ব্যাখ্যা, এর স্বাভাবিকতা, স্বাস্থ্যবিধি অনুসরণের গুরুত্ব, স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সঠিক পদ্ধতি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাদ্য গ্রহণ, পর্যাপ্ত বিশ্রাম এবং প্রয়োজনীয় ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উপস্থাপনায় মাসিককে ঘিরে সমাজে প্রচলিত নানা কুসংস্কার ও বৈষম্যমূলক আচরণ নিয়েও আলোকপাত করা হয় এবং শিক্ষার্থীদের ইতিবাচক মানসিকতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
পরবর্তীতে আয়োজিত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের গোপনীয়তা নিশ্চিত করতে বিশেষ কার্ডে প্রশ্ন লিখে জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। শিক্ষার্থীরা মাসিক-সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, উদ্বেগ ও অভিজ্ঞতা তুলে ধরে এবং সেগুলোর বিস্তারিত উত্তর প্রদান করা হয়। এ পর্ব শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান বিভ্রান্তি দূর করতে এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মসূচির অংশ হিসেবে একটি সৃজনশীল আর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের বর্তমান ও প্রত্যাশিত ওয়াশরুম সুবিধা নিয়ে ছবি ও লেখার মাধ্যমে মতামত প্রকাশ করে। প্রতিযোগিতায় দশম শ্রেণির সানজিদা আরিফ আলফি প্রথম, অষ্টম শ্রেণির সাদিয়া খাতুন দ্বিতীয় এবং অষ্টম শ্রেণির সাদিয়া সুলতানা তৃতীয় স্থান অর্জন করে।
এছাড়া উপস্থাপনার বিষয়বস্তুর ওপর ভিত্তি করে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে অর্জিত জ্ঞান প্রদর্শন করে।
অনুষ্ঠানের শেষপর্বে আর্ট ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি স্যানিটারি ন্যাপকিন বক্স হস্তান্তর করা হয়, যাতে প্রয়োজনের সময় শিক্ষার্থীরা সহজেই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে পারে। এ উদ্যোগ বিদ্যালয়কে আরও পিরিয়ড-ফ্রেন্ডলি ও শিক্ষার্থী-বান্ধব পরিবেশে রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক মো. আলী ফারুকী এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক মানসিকতা গঠনে কার্যকর ভূমিকা রাখবে। তিনি Youth Voice for Change এবং ইপসাকে এ গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
সামগ্রিকভাবে, “Building Period-Friendly Schools for Health and Empowered Adolescents” কর্মসূচিটি শিক্ষার্থীদের মধ্যে মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভুল ধারণা দূরীকরণ এবং একটি নিরাপদ, সম্মানজনক ও পিরিয়ড-ফ্রেন্ডলি শিক্ষা পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। সচেতনতামূলক আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, সৃজনশীল প্রতিযোগিতা, কুইজ এবং স্যানিটারি ন্যাপকিন বক্স স্থাপনের মতো কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের মতামত প্রকাশ এবং ইতিবাচক পরিবর্তনের অংশ হওয়ার সুযোগ পেয়েছে।
স্লোগান: “Together for a #PeriodFriendlyWorld”





