কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬। এবারের প্রতিপাদ্য ছিল, “শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি।”
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, কক্সবাজার এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কক্সবাজারের যৌথ আয়োজনে ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উন্নয়ন সহযোগী সংস্থা, শিক্ষক, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামীম কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিদুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কক্সবাজারের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোর্তজা মোর্শেদ, ইপসার প্রোগ্রাম অফিসার আলী আদনানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ওয়ার্ল্ড ভিশন, রুম টু রিডসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।
বক্তারা বলেন, শিশুর স্থান কখনোই কর্মক্ষেত্রে নয়; তাদের নিরাপদ পারিবারিক পরিবেশ, শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে। শিশুশ্রম নির্মূলে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং প্রতিটি শিশুর জন্য নিরাপদ, শিক্ষাবান্ধব ও মর্যাদাপূর্ণ শৈশব গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ইপসা তাদের চলমান শিশুশ্রম প্রতিরোধ ও শিশু সুরক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে।
বক্তারা বলেন, শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার, উন্নয়ন সংস্থা ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুন্দর ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।





