পাঁচটি সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা আটকে থাকা আমানত দ্রুত ফেরত, ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিককরণ এবং চলমান সংকট নিরসনের দাবিতে বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
শনিবার (০৪ জুলাই) চট্টগ্রামে অর্থমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে আমানতকারীরা ব্যাংকগুলোর বর্তমান নাজুক পরিস্থিতি, দীর্ঘদিন ধরে আমানত উত্তোলনে প্রতিবন্ধকতা এবং এর ফলে সৃষ্ট চরম অর্থনৈতিক ও মানসিক দুর্ভোগের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
অর্থমন্ত্রী মনোযোগ সহকারে আমানতকারীদের বক্তব্য শোনেন এবং উদ্ভূত পরিস্থিতির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, পাঁচটি সম্মিলিত ইসলামী ব্যাংকের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে গুরুত্বসহকারে কাজ চলছে এবং খুব শিগগিরই এ বিষয়ে একটি ইতিবাচক ও কার্যকর সিদ্ধান্ত আসবে।
তিনি আরও বলেন, “আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমি ইতিপূর্বে জাতীয় সংসদেও আপনাদের সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছি। বর্তমান পরিস্থিতি উত্তরণে আমাদের কিছুটা সময় দিন। খুব দ্রুতই ব্যাংকগুলোর কারিগরি ত্রুটি ও অন্যান্য জটিলতা দূর করে ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা হবে।”
অর্থমন্ত্রীর এই আশ্বাসে উপস্থিত ভুক্তভোগী আমানতকারীদের মধ্যে স্বস্তি ও নতুন আশার সঞ্চার হয়।
বৈঠকে চট্টগ্রাম আমানতকারী অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মু. আবুল কালাম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম. এ. কাদের এবং সহ-সভাপতি শারমিন আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ভুক্তভোগী আমানতকারীরা আশা প্রকাশ করেন, সরকারের উদ্যোগ ও অর্থমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়নের মাধ্যমে অচিরেই ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার হবে এবং আমানতকারীরা তাদের কষ্টার্জিত অর্থ নির্বিঘ্নে উত্তোলনের সুযোগ পাবেন।





