ঢাকা, , , ,
সর্বশেষ
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

পাহাড়ধসের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আগাম পদক্ষেপ পর্যালোচনায় চট্টগ্রামে কর্মশালা অনুষ্ঠিত

 

দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা প্রচার, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন সরকারি কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অংশীজনেরা। তাঁরা বলেছেন, দুর্যোগের প্রভাব মোকাবিলায় শুধু তাৎক্ষণিক ত্রাণ কার্যক্রমের ওপর নির্ভর না করে পূর্বাভাসভিত্তিক আগাম পদক্ষেপকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) চট্টগ্রাম নগরীর হোটেল আগ্রাবাদের ইছামতি হলে আয়োজিত কার্যক্রম-পরবর্তী পর্যালোচনা- কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসা ‘বিজিডি এইচএফ- অ্যান্টিসিপেটরি অ্যাকশন ট্রিগার-বেজড পাইলট ২০২৬’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, আবহাওয়াবিদ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। আগস্ট ২০২৬-এ চট্টগ্রামের বাঁশখালীতে ভূমিধসের ঝুঁকি মোকাবিলায় গৃহীত আগাম পদক্ষেপের কার্যকারিতা মূল্যায়ন, অর্জন ও সীমাবদ্ধতা চিহ্নিত করা এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্যানেল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব বদিউজ্জামান, জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আব্দুল আউয়াল, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কামরুল হাসান। প্যানেল আলোচনা পর্বটি সঞ্চালনা করেন  আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক।
সভায় চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাসুদুর রহমান, আগ্রাবাদ এলাকার সহকারী কমিশনার (ভূমি) দেবব্রতসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পূর্বাভাসের ভিত্তিতে ৪২০ পরিবারকে নগদ সহায়তা
কর্মশালার শুরুতে ইপসার পরিচালক (সোশ্যাল ডেভেলপমেন্ট) নাছিম বানু প্রকল্পের কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, গত ১৭ আগস্ট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও রাইমস ‘র পূর্বাভাস ও তথ্যের ভিত্তিতে বাঁশখালীতে ভূমিধসের ঝুঁকি মোকাবিলায় আগাম পদক্ষেপ নেওয়া হয়। এ কার্যক্রমের আওতায় বাঁশখালীর চারটি ইউনিয়নের ৪২০টি ঝুঁকিপূর্ণ পরিবারকে পরিবারপ্রতি ৬ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়।
তিনি বলেন, দুর্যোগের সম্ভাব্য প্রভাব কমাতে যথাসময়ে সহায়তা পৌঁছে দেওয়া এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে আগাম প্রস্তুতির সুযোগ করে দেওয়াই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। সহায়তা বিতরণের পর বিতরণ-পরবর্তী পর্যবেক্ষণ (পিডিএম), দলীয় আলোচনা (এফজিডি) এবং গুরুত্বপূর্ণ তথ্যদাতাদের সাক্ষাৎকারের (কেআইআই) মাধ্যমে কার্যক্রমের কার্যকারিতা ও উপকারভোগীদের অভিজ্ঞতা মূল্যায়ন করা হয়।
পরে সেভ দ্য চিলড্রেনের সিনিয়র অফিসার মহসীন কবির ও নলেজ ম্যানেজমেন্ট অফিসার ওয়াজিহা ফাইজা প্রকল্পের প্রেক্ষাপট, বাস্তবায়ন প্রক্রিয়া ও অর্জন নিয়ে উপস্থাপনা দেন। এ সময় প্রকল্পের কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আগাম পদক্ষেপকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান
কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব বদিউজ্জামান বলেন, “দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তাকে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের সঙ্গে যুক্ত করা জরুরি। এ জন্য নির্ভরযোগ্য পূর্বাভাস, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সঠিক তথ্য এবং স্থানীয় প্রশাসন ও বাস্তবায়নকারী সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে। সফল আগাম পদক্ষেপের অভিজ্ঞতা ও শিক্ষা কাজে লাগিয়ে ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি আরও শক্তিশালী করতে হবে।”
তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগ দুর্যোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের পর্যালোচনা কর্মশালা ভবিষ্যৎ কার্যক্রমের দুর্বলতা চিহ্নিত করা এবং কার্যকর পদক্ষেপ নির্ধারণে সহায়ক হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন নগরের পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ বসতিতে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেন। তিনি এ ধরনের উদ্যোগে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টতা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ইপসার কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দুর্যোগপ্রবণ এলাকার মানুষের প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানো সম্ভব। তিনি ভবিষ্যতে প্রকল্পের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় স্থানীয় জনপ্রতিনিধিরা উপকারভোগী নির্বাচন ও সহায়তা বিতরণে ইউনিয়ন পরিষদের সঙ্গে আরও নিবিড় সমন্বয়ের পরামর্শ দেন। তাঁদের মতে, স্থানীয় পর্যায়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর হালনাগাদ তথ্য সংরক্ষণ এবং প্রকৃত চাহিদা অনুযায়ী সহায়তা নিশ্চিত করা গেলে আগাম পদক্ষেপের কার্যকারিতা বাড়বে।
ভবিষ্যৎ কার্যক্রমে অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যয়
কর্মশালায় অংশগ্রহণকারীরা আগাম সতর্কবার্তা দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া, ঝুঁকিপূর্ণ পরিবার চিহ্নিতকরণ, নগদ সহায়তার যথাযথ ব্যবহার, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি আগস্টের কার্যক্রমে যেসব উদ্যোগ কার্যকর হয়েছে, যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এবং ভবিষ্যতে কোন বিষয়গুলো উন্নত করা প্রয়োজন, সেগুলো চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালার মূল উদ্দেশ্য হলো বাস্তব অভিজ্ঞতা ও প্রাপ্ত শিক্ষা কাজে লাগিয়ে ভবিষ্যৎ আগাম পদক্ষেপ আরও সময়োপযোগী, কার্যকর ও জনকেন্দ্রিক করা। এর মাধ্যমে দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে যথাসময়ে সহায়তা পৌঁছে দেওয়ার সক্ষমতা বাড়বে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।
কর্মশালায় ইপসার পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী সমাপনী বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.