কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি পৃথক অভিযানে ৫৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় মদ বহনে ব্যবহৃত দুটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া চেকপোস্টে এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবির প্রশিক্ষিত কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় যানবাহনে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত লেদা ও কক্সবাজার থেকে টেকনাফগামী যানবাহনে পৃথকভাবে তল্লাশি চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের কাইকখালীপাড়ার আবুল বশর (৪৪), নয়াপাড়ার কালাম হোসেন (৪২), সাবরাংয়ের কুড়া বুইজ্জাপাড়ার আব্দুস শুকুর (৫৫) এবং কেরানতলীর ফয়সাল (২০)।






