ঢাকা, , , ,
সর্বশেষ
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা

প্রচ্ছদ >

কক্সবাজার

হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে প্রকাশ্য সড়কে হামলার ঘটনার আড়াই মাসের মাথায় এবার বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছে একই পরিবারের তিন ভাইয়ের ১৫ সদস্য। আগুনে পুড়ে ছাই হয়েছে বসতঘর, আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা, শিক্ষাগত সনদ, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ নথিপত্র। সর্বশেষ এ ঘটনাকে নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত অগ্নিসংযোগ বলে সন্দেহ করছে ক্ষতিগ্রস্ত পরিবার।
সোমবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোলারপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পিএমখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং তার ভাই কৃষক দলের নেতা নাজিম উদ্দিনের বসতবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
জসিম উদ্দিনের দাবি, ওই বাড়িতে তিন ভাইয়ের পরিবারের মোট ১৫ সদস্য বসবাস করেন। আগুনে তিন ভাইয়ের তিন সেট আসবাবপত্র, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ১৫ লাখ টাকা পুড়ে গেছে। এ ছাড়া তার এসএসসি, এইচএসসি, অনার্স ও স্নাতকোত্তরের সনদ, জমির দলিল, খতিয়ান, পাঁচটি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র রক্ষা করা সম্ভব হয়নি। পরিবারের আট সদস্যের জাতীয় পরিচয়পত্র এবং অন্যদের জন্মনিবন্ধনের কাগজও পুড়ে ছাই হয়েছে।
ঘটনার সময় জসিম উদ্দিন বাড়িতে ছিলেন না। চিকিৎসার জন্য তিনি ঢাকায় অবস্থান করছিলেন। তার ভাষ্য, ফজরের নামাজের জন্য বড় ভাবি ঘুম থেকে উঠে টিনের চালের ওপর মানুষের হাঁটাচলার শব্দ শুনতে পান। কিছুক্ষণ পরই চালের ওপর আগুন দেখতে পান তিনি। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
পরিবারের দাবি, ঘটনার সময় রান্নাঘরের চুলা বন্ধ ছিল। বিদ্যুতের শর্টসার্কিট থেকেও আগুন লাগার কোনো লক্ষণ তারা দেখতে পাননি। এ কারণে বাইরে থেকে কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে বলে তাদের সন্দেহ।
স্থানীয় কয়েকজন বাসিন্দাও আগুনের সূত্রপাত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, ফজরের সময় চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে তারা বাড়ির টিনের চালে আগুন জ্বলতে দেখেন। টিনের চালের ওপর পানি পৌঁছানো সম্ভব না হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত ৪ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে পিএমখালীর বাংলাবাজার নয়াপাড়া এলাকার ভাই ভাই হোটেলের সামনে প্রকাশ্য সড়কে হামলার শিকার হন জসিম উদ্দিন। তার অভিযোগ, আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন লোহার রড, খন্তা ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে মাথায় খন্তা দিয়ে আঘাতের চেষ্টা করা হলে হাত দিয়ে প্রতিরোধ করতে গিয়ে তার ডান হাতের কব্জির হাড় ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পান তিনি।
জসিমের দাবি, ওই সময় ভাতিজির বিয়ের আসবাবপত্র কেনার জন্য সঙ্গে রাখা দুই লাখ টাকাও ছিনিয়ে নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয় তাকে।
এ ঘটনায় জসিম উদ্দিন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। মামলায় পিএমখালীর মধ্যম নয়াপাড়ার শামশুল হুদা, পূর্ব গোলারপাড়ার লিয়াকত আলী, তার ছেলে শওকত আলী, রাশেলসহ কয়েকজনকে আসামি করা হয়। এজাহারে অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।
মামলার এজাহারে পারিবারিক বিরোধের জেরে তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা এবং একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেন জসিম। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে লিয়াকত আলীকে গ্রেপ্তার করেছিল। পরে তিনি ও মামলার অন্য আসামিরা জামিনে মুক্ত হন বলে জানা গেছে।
পরিবারের সদস্যদের সন্দেহ, আগের হামলার ঘটনার সঙ্গে সর্বশেষ অগ্নিকাণ্ডের যোগসূত্র থাকতে পারে। তবে এ অভিযোগের পক্ষে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। আগের মামলার আসামিদের কেউ অগ্নিকাণ্ডে জড়িত কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তারা।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে বিদ্যুতের গোলযোগ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হলেও টিনের চালের ওপর আগুন দেখা দেওয়ার বিষয়টি প্রশ্ন তৈরি করেছে। আগুনের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত কমিটি গঠন করা যেতে পারে বলেও তিনি মত দেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হবে। তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পরপর হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবার আগুনের প্রকৃত কারণ উদ্‌ঘাটন, নিরপেক্ষ তদন্ত এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.