ঢাকা, , , ,
সর্বশেষ
টেকনাফে দুই ক্যাম্পে এপিবিএনের অভিযান, গ্রেপ্তার ২ রোহিঙ্গা
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২
মহেশখালীতে জমি বিরোধে সৎ ভাইয়ের ইটের আঘাতে নিহত ১, অভিযুক্ত আটক
টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে সেনাবাহিনী
টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি
পাবনায় নবগঠিত তাঁতী দলের জেলা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনায় দরপত্র জমা দেওয়ার সময় নিয়ে আপত্তি বার্থ অপারেটরদের
দুর্যোগ প্রস্তুতির উদ্যোগ টেকসই করতে স্থানীয় মালিকানা ও সমন্বয়ের তাগিদ
মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি
টেকনাফে বিজিবির অভিযানে ১১ লিটার চোলাই মদসহ নারী আটক

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনায় দরপত্র জমা দেওয়ার সময় নিয়ে আপত্তি বার্থ অপারেটরদের

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কন্টেনার টার্মিনাল (সিসিটি) আগামী ছয় মাস পরিচালনার দায়িত্ব পেতে দরপত্র জমা দিয়েছে চারটি প্রতিষ্ঠান। তবে দরপত্র আহ্বান ও জমা দেওয়ার জন্য মাত্র দুদিন সময় নির্ধারণ করায় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে অনেক প্রতিষ্ঠান। এ নিয়ে বার্থ অপারেটরদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে, সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) অনুসরণ করেই দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
গত ১৯ নভেম্বর দরপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়। এতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম–ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। চার প্রতিষ্ঠানের মধ্যে একটি বর্তমানে চট্টগ্রাম বন্দরে কন্টেনার ওঠানামার কাজে নিয়োজিত রয়েছে।
দরপত্রে অংশ নেওয়া এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপি সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের মালিকানাধীন। প্রতিষ্ঠানটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটিতে বার্থ পরিচালনা করছে।
দরপত্র আহ্বানের সময়সীমা ও প্রচার নিয়ে আপত্তি জানিয়েছে বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন (বোটসোয়া)। সংগঠনটির সভাপতি ফজলে একরাম চৌধুরী অভিযোগ করেন, দরপত্রের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে অবহিত করা হয়নি। ফলে বন্দরে কার্যরত অধিকাংশ অপারেটর প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়নি।
তিনি বলেন, ‘টেন্ডার ডাকার খবরই আমরা পাইনি। নিয়ম হচ্ছে বন্দর থেকে ইনভাইট করতে হয়। অথচ ১৭ নভেম্বর টেন্ডার ডেকে ১৯ তারিখ ড্রপিং। আমরা জানতে পেরেছি ১৮ নভেম্বর। একদিনের মধ্যে কীভাবে কাগজপত্র জোগাড় করব, আর কখন জমা দেব?’
ফজলে একরাম চৌধুরীর দাবি, পিপিআরের বিধান অনুযায়ী সীমিত দরপত্র পদ্ধতিতে ১৪ দিন সময় দেওয়ার কথা থাকলেও এখানে মাত্র দুই দিন সময় দেওয়া হয়েছে। এত অল্প সময়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে দরপত্রে অংশ নেওয়া সম্ভব হয়নি। বর্তমানে বন্দরে কাজ করা একটি প্রতিষ্ঠান ছাড়া দরপত্র জমা দেওয়া অন্য তিন প্রতিষ্ঠানের টার্মিনাল পরিচালনার অভিজ্ঞতা নেই বলেও দাবি করেন তিনি।
সিসিটির মতো গুরুত্বপূর্ণ টার্মিনালের অপারেটর নিয়োগের প্রক্রিয়াকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম সবাই মিলে নতুন সরকারকে সহযোগিতা করে এগিয়ে যাব। কিন্তু যে প্রক্রিয়ায় অপারেটর নিয়োগ হচ্ছে তা দুর্ভাগ্যজনক।
অন্যদিকে বন্দর কর্তৃপক্ষের দাবি, সীমিত দরপত্র পদ্ধতির (এলটিএম) আওতায় পিপিআরের বিধান অনুসরণ করেই দরপত্র আহ্বান করা হয়েছে। জমা পড়া প্রস্তাব যাচাই-বাছাইয়ের জন্য সাত সদস্যের টেন্ডার মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম সাংবাদিকদের বলেন, সিসিটিতে অপারেটর নিয়োগের বিষয়টি ট্রাফিক বিভাগের আওতাধীন। দরপত্র জমা পড়েছে এবং মূল্যায়নের জন্য সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মূল্যায়ন কার্যক্রম চলছে। পিপিআরের বিধান অনুসরণ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, সীমিত দরপত্র পদ্ধতির যে শর্ত রয়েছে, তা মেনেই প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।
চট্টগ্রাম বন্দরের সিসিটি গত ছয় বছর ধরে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে পরিচালনা করে আসছিল দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। গত ২ নভেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় পরবর্তী তিন সপ্তাহ সাইফ পাওয়ারটেককে টার্মিনালের কার্যক্রম চালিয়ে যাওয়ার দায়িত্ব দেয় বন্দর কর্তৃপক্ষ।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয় থেকে সিসিটিতে দীর্ঘমেয়াদে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়। সেই প্রক্রিয়া চূড়ান্ত না হওয়ায় আপাতত ছয় মাসের জন্য নতুন অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর সীমিত দরপত্র পদ্ধতিতে অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৮ নভেম্বর দরপত্র কেনা এবং ১৯ নভেম্বর জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়।
মাত্র দুদিনের এই প্রক্রিয়ায় চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। এখন মূল্যায়ন কমিটির সুপারিশ ও পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আগামী ছয় মাস সিসিটি পরিচালনার দায়িত্ব কোন প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে।
চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ এ টার্মিনালের জেটির দৈর্ঘ্য ৪৫০ মিটার। এখানে একই সময়ে দুটি জাহাজ থেকে কন্টেনার হ্যান্ডলিং করা যায়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.