ঢাকা, , , ,
সর্বশেষ
রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
পাবনা কলেজে অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা
চাঁপাইনবাবগঞ্জে সড়কে মিলল বৃদ্ধের মরদেহ
পাবনার ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটি থেকে রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার
সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ
পাবনার চাটমোহরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রচ্ছদ >

বিজ্ঞান ও প্রযুক্তি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছেছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এ নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটিসহ মোট আটটি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।
সংশ্লিষ্ট পরিকল্পনা অনুযায়ী, মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আনার কথা রয়েছে। এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।
এদিকে, কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ কার্যক্রম শুরু হয়। এ পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। ওই সময় কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ পর্যায়ে রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে প্রথম ইউনিটের দায়িত্ব প্রভিশনাল টেকওভারের মাধ্যমে গ্রহণ করবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। পরবর্তী সময়ে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে কার্যক্রম শুরু করবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
‎প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বলেন, সোমবার সকাল ১০টা ২০ মিনিট থেকে প্রথম ইউনিটের বিদ্যুৎ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। আগামী ১০ থেকে ২৪ ঘণ্টা এ পরীক্ষা চলবে। এ সময়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।
দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং জাতীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টিতে এই বিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.