কক্সবাজারের রামুতে ক্ষুদ্রঅর্থায়ন খাতের নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর উদ্যোগে গ্রাহকদের অংশগ্রহণে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে ইপসা-এইচআরডিসি মিলনায়তনে এ গণশুনানি আয়োজন করা হয়।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) ও কোস্ট ফাউন্ডেশন। এতে দুই প্রতিষ্ঠানের মোট ৬০ জন ক্ষুদ্রঋণ সদস্য অংশগ্রহণ করেন।
গণশুনানিতে অংশগ্রহণকারী গ্রাহকরা ক্ষুদ্রঋণের সেবামূল্য (সার্ভিস চার্জ) হ্রাস, সাপ্তাহিক ঋণের গ্রেস পিরিয়ড বৃদ্ধি, মূল ঋণের পাশাপাশি সহায়ক ঋণপ্রাপ্তির সুযোগ সৃষ্টি, ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধি এবং গ্রাহকের চাহিদাভিত্তিক ঋণ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ঋণের সেবামূল্য হ্রাসের বিষয়টি বিবেচনায় নিয়ে এমআরএ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি তিনি গ্রাহকদের নিজেদের নামে নেওয়া ঋণ উৎপাদনমুখী ও আয়বর্ধক কর্মকাণ্ডে ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করেন।
গণশুনানি পরিচালনা করেন এমআরএ’র পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম। এসময় এমআরএ’র যুগ্ম পরিচালক রণজিত কুমার সরকার ও নাজনীন সুলতানা, উপ-পরিচালক সৈয়দ আশিক ইমতিয়াজ, সহকারী পরিচালক মো. হাসান ও রোকসানা আক্তার লিজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইপসা’র পক্ষ থেকে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আরিফুর রহমান, কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্বাহী পরিচালক এম. রেজাউল করিম চৌধুরী এবং ইপসার পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মো. মনজুর মোরশেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।





