ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

রাজনীতি

কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দ্বিতীয় ধাপের ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থীর চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) এক লাইভ সম্প্রচারের মাধ্যমে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অন্যান্য শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার পাঁচটি উপজেলা ও পৌরসভার মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। কুড়িগ্রাম জেলার মনোনীত প্রার্থীরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলায় মো. মুকুল মিয়া, ভূরুঙ্গামারী উপজেলায় মো. মাহফুজুল ইসলাম কিরন, নাগেশ্বরী পৌরসভায় এম মাসুদুর রহমান মাসুদ, উলিপুর পৌরসভায় মো. সুমন খান এবং রৌমারী উপজেলায় মো. মোস্তফা কামাল শাওন।
প্রার্থীদের পরিচিতি ও নির্বাচনী পরিকল্পনা
মো. মুকুল মিয়া (কুড়িগ্রাম সদর উপজেলা) তিনি এনসিপি কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। ইংরেজিতে মাস্টার্স সম্পন্ন করা মুকুল মিয়া বর্তমানে কুড়িগ্রামের এম এ সাত্তার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। মনোনয়ন পাওয়ার পর তিনি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদসহ নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্বাচিত হলে সদর উপজেলাকে দুর্নীতি, বৈষম্য ও জনদুর্ভোগমুক্ত আধুনিক এবং মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে প্রতিটি দপ্তরে সুশাসন প্রতিষ্ঠা, হয়রানিমুক্ত নাগরিক সেবা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন এবং গ্রামীণ সড়ক ও কালভার্ট নির্মাণ।
মো. মাহফুজুল ইসলাম কিরন (ভূরুঙ্গামারী উপজেলা) তিনি এনসিপি ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি (ফলিত পরিসংখ্যান) সম্পন্ন করা কিরন ‘মুভমেন্ট ফর পাংকচুয়ালিটি’র এডিশনাল চিফ কো-অর্ডিনেটর, মাকসুদা আজিজ বৃত্তি পরীক্ষার আহ্বায়ক, মাকসুদা আজিজ লাইব্রেরির পরিচালক এবং আজিজ স্মার্ট এগ্রো ও এ বি কনের উদ্যোক্তা হিসেবে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কাজে যুক্ত আছেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে মাদক, জুয়া, ইভ টিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, খেলাধুলার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে কাজ করবেন। তিনি একটি উন্নত, আধুনিক, মানবিক ও বৈষম্যহীন ভূরুঙ্গামারী গড়তে চান।
মোস্তফা কামাল শাওন (রৌমারী উপজেলা) তিনি জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল সম্পন্ন করা শাওন বর্তমানে ‘বিদ্যাবাড়ি’ নামক একটি অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠানে লেকচারার হিসেবে কর্মরত রয়েছেন। দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, নির্বাচিত হলে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন, মাদক নির্মূল, শিক্ষাক্ষেত্রে নারীদের অগ্রাধিকার, রৌমারীতে মুক্তাঞ্চল স্তম্ভ নির্মাণ, মঙ্গাপীড়িত মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং বন্যায় ফসল ও বসতবাড়ির ক্ষয়ক্ষতি রোধে কাজ করবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট উন্নয়নেও তিনি বিশেষ ভূমিকা রাখতে চান।
মো. সুমন খান (উলিপুর পৌরসভা) তিনি এনসিপি উলিপুর পৌরসভা কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। মনোনয়ন পাওয়ার পর দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি জানান, জনগণের কল্যাণে তাঁর পরিকল্পনা ও করণীয় বিষয়গুলো সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন। ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা, আধুনিক উলিপুর গঠন, যুবকদের বেকারত্ব দূরীকরণ এবং একটি মাদক ও চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয়ে তিনি কাজ করে যাচ্ছেন। নির্বাচিত হলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চান তিনি। (ব্যস্ততার কারণে তাঁর শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি)।
এম মাসুদুর রহমান মাসুদ (নাগেশ্বরী পৌরসভা) তিনি জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা, পেশাগত পরিচয় ও নির্বাচনী পরিকল্পনা জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
এনসিপির এই প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে বেশ ইতিবাচক সাড়া পড়েছে। এর মাধ্যমে জেলার নির্বাচনী মাঠে দলটির সাংগঠনিক তৎপরতা ও প্রস্তুতি আরও জোরদার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মনোনীত প্রার্থীরা এখন নিজ নিজ এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.