চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবিতে (CRB) বেসরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিআরবি রক্ষা মঞ্চ। রবিবার (১৯ এপ্রিল) সকালে সিআরবি সাত রাস্তার মোড়ে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ চিকিৎসক ডা. মাহফুজুর রহমান।
সমাবেশে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, শ্রমিক ও ছাত্র সংগঠনের নেতারা সংহতি জানিয়ে বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে ডা. মাহফুজুর রহমান বলেন, সিডিএর মাস্টারপ্ল্যানে সিআরবি একটি ঐতিহ্যগত (হেরিটেজ) এলাকা হিসেবে চিহ্নিত। ২০০০ সালের ৩৬ নম্বর আইন অনুযায়ী এ ধরনের উন্মুক্ত স্থান বা উদ্যানের শ্রেণি পরিবর্তন শাস্তিযোগ্য অপরাধ। তিনি অভিযোগ করেন, শতবর্ষে গড়ে ওঠা প্রাকৃতিক পরিবেশ ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন এ এলাকাকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা জনস্বার্থবিরোধী এবং একটি মুনাফালোভী সিন্ডিকেটের চক্রান্ত।
তিনি আরও বলেন, অতীতে চট্টগ্রামবাসীর আন্দোলনের মুখে ইউনাইটেড গ্রুপের সঙ্গে রেলের পিপিপি চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে ওঠে এবং এ চুক্তিকে অবৈধ, সংবিধানবিরোধী ও রেলের জমি দখলের প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়। তবে চুক্তি বাতিল না হওয়ায় নতুন করে একই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনমতের বিরুদ্ধে গিয়ে এ প্রকল্প বাস্তবায়ন না করে দ্রুত বাতিল করতে হবে।
ডা. মাহফুজুর রহমান ঘোষণা দেন, সিআরবিতে কোনো ধরনের বেসরকারি হাসপাতাল বা স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, সিআরবি চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ হিসেবে পরিচিত। এখানে হাসপাতাল নির্মাণ হলে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হবে এবং নগরবাসী নির্মল বাতাস, সাংস্কৃতিক চর্চা ও বিনোদনের গুরুত্বপূর্ণ একটি উন্মুক্ত স্থান হারাবে। তারা অভিযোগ করেন, তথাকথিত উন্নয়ন প্রকল্পের কারণে ইতোমধ্যেই নগরের অনেক পার্ক ও খেলার মাঠ সংকুচিত বা বিলুপ্ত হয়েছে।
বক্তারা অবিলম্বে ইউনাইটেড গ্রুপের সঙ্গে রেলওয়ের সম্পাদিত চুক্তি বাতিল এবং সিআরবিকে হেরিটেজ ও সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান।
সমাবেশটি সঞ্চালনা করেন গণঅধিকার চর্চা কেন্দ্রের সেক্রেটারি মশিউর রহমান খান। এতে স্থপতি জেরিনা হোসেন, ডা. ইমরান বিন ইউনুস, বীর মুক্তিযোদ্ধা রাজা মিঞা, রিজওয়ানুর রহমান খান, অধ্যাপক ইদ্রিস আলী, সানজিদা আক্তার, অ্যাডভোকেট এম আর মঞ্জুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।





