স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প’-এর অধীনে চট্টগ্রামে “জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন, চট্টগ্রাম। স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় দ্রুত ও সহজ বিচারিক সেবা পৌঁছে দেওয়া এবং গ্রাম আদালত পরিচালনায় জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কর্মশালার আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের উপপরিচালক (উপসচিব) গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রাম আদালতকে আরও আধুনিক ও কার্যকর করে তুলতে হবে। প্রযুক্তির সহায়তায় ডিজিটাল অ্যাপসের মাধ্যমে গ্রাম আদালতের তথ্য হালনাগাদ এবং মামলার অগ্রগতি জানার সুযোগ সৃষ্টি করা এখন সময়ের দাবি। বিশেষ করে নারীদের জন্য দ্রুত ও সহজ ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এর সুফল সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম বলেন, “অনেক সময় সাধারণ মানুষ গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলাগুলো না বুঝে সরাসরি থানায় মামলা দায়ের করেন, যদিও সেগুলো ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতেই নিষ্পত্তিযোগ্য। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে আরও অবহিত করতে হবে।”
সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের উপপরিচালক (উপসচিব) গোলাম মাঈনউদ্দিন হাসান বলেন, “গ্রাম আদালতকে আরও জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার লক্ষ্য বাস্তবায়নে সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
কর্মশালায় চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারিক আজিজ, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সুব্রত বিশ্বাস, ইউএনডিপি বাংলাদেশের জেন্ডার অ্যানালিস্ট শামিমা আক্তার শাম্মি এবং ইপসার সহকারী পরিচালক ফারহানা ইদ্রিস প্রমুখ।





