চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও মাঠমুখী হওয়ার কঠোর নির্দেশনা দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (২০ মে ২০২৬) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ের সভাকক্ষে রাজস্ব বিভাগের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, “চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী হলেও হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন খাতে রাজস্ব আদায় সম্ভাবনার তুলনায় অনেক কম। এ অবস্থার পরিবর্তনে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও কর্মদক্ষ হতে হবে।”
সভায় জানানো হয়, বিপুল পরিমাণ সম্ভাব্য রাজস্ব এখনো আদায়ের বাইরে রয়ে গেছে। ব্যবসায়ীদের মধ্যে কর সচেতনতার ঘাটতি, কর ফাঁকির প্রবণতা এবং জনবল সংকটকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
মেয়র নির্দেশ দিয়ে বলেন, সরকারি সংস্থাগুলোর বকেয়া আদায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠাতে হবে। পাশাপাশি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান, ফাইভ স্টার হোটেল, মার্কেট, গার্মেন্টস কারখানা ও কন্টেইনার ডিপোগুলোর হোল্ডিং ট্যাক্স দ্রুত পুনর্মূল্যায়ন করতে হবে।
তিনি আরও বলেন, “কর আদায়ে কোনো ধরনের শিথিলতা বরদাশত করা হবে না। যারা ইচ্ছাকৃতভাবে কর পরিশোধ করছে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





