চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে এ অর্থ বিতরণ করা হবে। ঈদ উপলক্ষে প্রত্যেক কর্মী পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন বলে জানান মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতেও অনুদানের চেক তুলে দেওয়া হয়।
মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের জন্য এই আর্থিক সহায়তা উৎসাহ ও প্রেরণা জোগাবে। এছাড়া পরিচ্ছন্ন কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। এ উদ্যোগ চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে চলতি বছরের ঈদুল ফিতর উপলক্ষেও পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।





