চট্টগ্রামে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর আরোপিত কর ও শুল্ক প্রত্যাহারের দাবিতে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে ২০২৬) এ কর্মসূচির আয়োজন করে আইএসডিই বাংলাদেশ, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট চট্টগ্রাম, ক্লিন (CLEAN) এবং বিডাব্লিউজিইডি (BWGED)।
সমাবেশে বক্তারা বলেন, দেশে জ্বালানি সংকট দিন দিন তীব্রতর হচ্ছে। আমদানিনির্ভর গ্যাস, কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে বিদ্যুৎ খাতে ব্যয় ও ভর্তুকির পরিমাণ বেড়ে চলেছে। এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বিতরণ কোম্পানিগুলোর প্রায় ২১ শতাংশ বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রস্তাব সাধারণ মানুষের ওপর নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।
বক্তারা আরও বলেন, এই পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে রুফটপ সোলার হতে পারে টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধান। কিন্তু উচ্চ আমদানি শুল্ক ও করের কারণে সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও মধ্যবিত্ত পরিবার আগ্রহ থাকা সত্ত্বেও সোলার প্রযুক্তি ব্যবহার করতে পারছেন না।
তারা অবিলম্বে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট সব যন্ত্রাংশের ওপর থেকে কর ও শুল্ক প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি আগামী জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ প্রণোদনা, কর অবকাশ ও সহজ ঋণ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, সংপ্তকের পরিচালক অগ্রদূত দাস গুপ্ত, অধিকার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী ওসমান জাহাঙ্গীর, সাংবাদিক গোলাম সরওয়ার, অ্যাডভোকেট প্রণব কুমার বিশ্বাস, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান, আইএসডিইর কর্মসূচি কর্মকর্তা রাইসুল ইসলাম, আবদুল মান্নান জিহাদ, পরিবেশকর্মী ফয়েজ উদ্দীন, করিমুল ইসলাম, লাবিবা তাবাসসুম, প্রতিভা চাকমা এবং আইএসডিই বাংলাদেশের ক্যাম্পেইন ও অ্যাডভোকেসি কর্মকর্তা মো. রাসেল উদ্দীন।
এ ছাড়া বিভিন্ন পরিবেশকর্মী, তরুণ শিক্ষার্থী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।





