চট্টগ্রাম প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গ্রীনপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, আরেফিন নগর, বায়েজিদ বোস্তামীতে ২০ জুলাই ২০২৬ তারিখে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহ আলম মুহাম্মদ লুৎফর রহমান। সহকারী প্রধান শিক্ষক আকলিমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়েজিদ সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও পরিবেশকর্মী সাংবাদিক মুজিব উল্লাহ তূষার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর আলম, মো. সাগর ইসলাম এবং মো. জামাল উদ্দিন।
“সবুজ ক্যাম্পাস, সুস্থ জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের স্কাউট, গাইড এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ক্যাম্পাসের বিভিন্ন খালি স্থান ও খেলার মাঠের চারপাশে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির প্রায় শতাধিক চারাগাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সচেতন ও দায়িত্বশীল হয়ে উঠতে হবে। ”বিদ্যালয়ের অধ্যক্ষ জানান, শুধু গাছ রোপণ নয়, প্রতিটি চারার সুষ্ঠু পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে শিক্ষার্থীদের বিভিন্ন দলে বিভক্ত করে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বৃক্ষরোপণ শেষে পরিবেশ সুরক্ষার শপথ গ্রহণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





