ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

আবাসস্থল হারিয়ে চট্টগ্রাম নগরীতে ২০০ বানর, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার পাহাড়ি বন থেকে লোকালয়ে ছড়িয়ে পড়েছে প্রায় ২০০ বানর। আবাসস্থল হারিয়ে এসব বানর এখন নগরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কখনো আবাসিক ভবনের ছাদে, কখনো বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীর ও গাছে আশ্রয় নিচ্ছে। সর্বশেষ সোমবার সকালে ২০ থেকে ২৫টি বানরের একটি দলকে ফয়’স লেকসংলগ্ন পরিবেশ অধিদপ্তর ভবনের প্রধান ফটক, দেয়াল ও আশপাশের গাছে অবস্থান করতে দেখা গেছে।
সকাল ১০টার দিকে পরিবেশ অধিদপ্তর ভবনের সামনে গিয়ে দেখা যায়, বানরের দলটি ভবনের ফটক, সামনের দেয়াল, গ্যারেজ ও সংলগ্ন গাছপালায় অবস্থান করছে। দলটিতে শাবকসহ বেশ কয়েকটি মা বানরও রয়েছে। বানরগুলো দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই বছর ধরে ফয়’স লেকের আশপাশের বিভিন্ন এলাকায় বানরগুলোর বিচরণ দেখা যাচ্ছে। ২০২৪ সালের আগস্টের পর থেকে তারা নিয়মিত বানর দেখতে পাচ্ছেন। প্রথম দিকে অনেকে ধারণা করেছিলেন, ফয়’স লেক চিড়িয়াখানা থেকে বানরগুলো পালিয়ে এসেছে। পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, এগুলো পাহাড়ি বনের বানর।
ফয়’স লেক নুরিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা মো. জসিম বলেন, টেলিভিশন সেন্টার, ইউএসটিসির ভবন ও সীমানাপ্রাচীরের ওপরও তিনি বানরগুলোকে দেখেছেন। লেকভ্যালি আবাসিক এলাকার বাসিন্দা ও একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা বিবি মরিয়ম জানান, মাঝেমধ্যে বানরগুলো তাঁর বাড়ির ছাদে আসে। ছাদবাগানের সবজি ও গাছের ফল ছিঁড়ে নিয়ে যায়।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মো. শাহাদাত হোসেন শুভ বলেন, গত দুই বছরের বেশি সময়ে ফয়’স লেকের বন থেকে প্রায় ২০০ বানর বেরিয়ে নগরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। আগে বানরগুলো ফয়’স লেক পার্কের লেকের উত্তর পাড়ের কলাবাগান এলাকায় বসবাস করত। ২০২৪ সালের ৫ আগস্টের পর সেখানে এক শ্রেণির দখলদার ঘরবাড়ি নির্মাণ করে। মানুষের উপস্থিতি ও গাছপালা নিধনের কারণে বানরগুলো আবাসস্থল হারিয়ে লোকালয়ে চলে আসে।
তিনি বলেন, বর্তমানে ফয়’স লেক ছাড়াও আগ্রাবাদ, এমনকি পতেঙ্গা এলাকাতেও বানর দেখা যাচ্ছে। এ বিষয়ে বন বিভাগকে একাধিকবার জানানো হয়েছে। তবে বানরগুলোর পুনর্বাসন বেশ কঠিন কাজ।
রেলওয়ের নথি অনুযায়ী, ১৯২৫ সালে তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ের প্রকৌশলী ফয় সাহেবের তত্ত্বাবধানে পাহাড়ের মধ্যে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়। রেলওয়ের পানির চাহিদা মেটাতে নির্মিত এ হ্রদ ও পাশের পাহাড় ঘিরে গড়ে উঠেছে স্বতন্ত্র জীববৈচিত্র্য। সেখানে পাখি, বানর, সরীসৃপসহ নানা প্রজাতির প্রাণী ও উদ্ভিদের আবাস রয়েছে। ২০০৪ সালে রেলওয়ের কাছ থেকে ইজারা নিয়ে ৩৩৬ একর জায়গায় কনকর্ড এমিউজমেন্ট পার্ক গড়ে তোলে।
কনকর্ডের মিডিয়া ম্যানেজার বিশ্বজিৎ ঘোষ বলেন, বানরগুলো ফয়’স লেকের পাহাড়ে থাকে। মাঝেমধ্যে সেখান থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। তাদের পরিচালনাধীন এলাকার কিছু জায়গা দখল করে বস্তি গড়ে উঠেছে। এসব বসতি আগে থেকেই ছিল। ৫ আগস্টের পরই হয়েছে, বিষয়টি এমন নয়। সময়ের সঙ্গে বসতি কখনো বাড়ে, কখনো কমে। উচ্ছেদের এখতিয়ার তাদের নেই। বিষয়টি রেলওয়েকে জানানো হয়েছে।
বন বিভাগ বলছে, বানর শহরে ছড়িয়ে পড়ায় পরিবেশগত ও স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হচ্ছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহসিন হোসেন বলেন, বানর থেকে মানুষের মধ্যে রোগ ছড়ানোর পাশাপাশি মানুষের শরীর থেকেও বানরের মধ্যে রোগ সংক্রমণের আশঙ্কা রয়েছে।
ফয়’স লেক এলাকার বানরগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়ে তিনি বলেন, বানরগুলো রেলওয়ের জায়গা থেকে এসেছে। এ বিষয়ে রেলওয়ের অনুরোধ পেলে বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ওই এলাকায় জীববৈচিত্র্যের কোনো জরিপ হয়নি উল্লেখ করে তিনি বলেন, এলাকার উদ্ভিদ ও প্রাণীর তালিকা তৈরি করা জরুরি। রেলওয়ে চাইলে বন বিভাগ এ বিষয়ে মূল্যায়ন বা জরিপ করতে পারে। তবে এর জন্য আগে রেলওয়ের সম্মতি প্রয়োজন।
বাংলাদেশ রেলওয়ের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা (পূর্ব) মো. লুৎফুর রহমান বলেন, ফয়’স লেকে কিছু অবৈধ দখলদার রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা থাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা যাচ্ছে না। উচ্ছেদ বন্ধ করতে স্থানীয় লোকজন তিনটি মামলা করেছেন। বিষয়টি নিয়ে রেলওয়ের আইন বিভাগ কাজ করছে। বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.