শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নওগাঁয় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। এখন চলছে প্রতিমা সাজানো-গোছানো ও রঙ করার কাজ। তবে এ কাজে এবার তাদের বাড়তি সহযোগিতা করছে আধুনিক প্রযুক্তি।
কারিগররা জানান, আগে হাতে-কলমে রঙ করার কারণে সময় বেশি লাগত এবং সর্বোচ্চ দুটি প্রতিমা তৈরি করতে পারতেন। কিন্তু প্রযুক্তির ব্যবহার শুরু হওয়ায় এখন এক মৌসুমে ৮ থেকে ১০টি প্রতিমা তৈরি সম্ভব হচ্ছে। এতে যেমন সময় বাঁচছে, তেমনি প্রতিটি প্রতিমাই নিখুঁত কারুকাজ ও জীবন্ত আবহে ফুটে উঠছে।
প্রতিমা তৈরিতে দক্ষ কারিগরদের আয়ও বেড়েছে উল্লেখযোগ্য হারে। তারা জানান, প্রতিটি প্রতিমা বিক্রি করে ১৫ থেকে ২৫ হাজার টাকা আয় হয়। ফলে মৌসুমে আট থেকে দশটি প্রতিমা তৈরি করে তারা আয় করছেন প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা। এতে শুধু আর্থিক সচ্ছলতাই আসছে না, বরং শিল্পকর্মে আধুনিক প্রযুক্তির নতুন সম্ভাবনারও দ্বার উন্মোচিত হচ্ছে।
কারিগররা জানান, আগে দুর্গাপূজার সময়ে প্রচণ্ড কষ্টে অল্প কিছু প্রতিমা তৈরি করা সম্ভব হতো। কিন্তু এখন প্রযুক্তির কারণে কাজের গতি যেমন বেড়েছে, তেমনি মানও উন্নত হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এই শিল্প আরও প্রসারিত হবে এবং নতুন প্রজন্মও এ পেশায় আগ্রহী হয়ে উঠবে।





