নওগাঁর মান্দা উপজেলার ১৪নং বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চকরামপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত কার্তিক জানান, হঠাৎ করে গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে তাঁরা জানালা ভেঙে বের হতে সক্ষম হলেও গোয়াল ঘরের গরু, হাঁস-মুরগি, নগদ টাকা, আসবাবপত্র ও ধান-চালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ আব্দুল্লাহেল কাফী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। তিনি আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন এবং যে কোনো পরিস্থিতিতে পরিবারটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, আগুন নেভানোর চেষ্টা করেও শুরুতে সফল হওয়া যায়নি। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি সহযোগিতার দাবি জানিয়েছে





