চট্টগ্রামের সীতাকুণ্ডে অটোরিকশা চালকের ওপর সশস্ত্র হামলা চালিয়ে হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার ১৫ বছর বয়সী হাবিবুর রহমান জিহাদ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শ্যালক-দুলাভাই বাপ্পি (২৮) ও রাজিব ভাড়া করা অটোরিকশায় করে জিহাদকে শেখপাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে নৃশংসভাবে হত্যা করে লাশটি মহাসড়কের পাশে ডোবায় ফেলে দেওয়া হয়। পরে অটোরিকশা নিয়ে পালানোর সময় কদমরসুল থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি তারা স্বীকার করেছে।
নিহত জিহাদ স্থানীয় এক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন। স্থানীয়রা জানায়, দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত আয় করতে তিনি অটোরিকশা চালাচ্ছিলেন।
এই হত্যার প্রতিবাদে শ্রমিক দলের সভাপতি মো. আলাউদ্দিনের নেতৃত্বে অটোরিকশা চালকরা থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন এবং হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন।





