ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ ও দখলদারিত্ব বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জামালপুরের ইসলামপুর ইসলামী ব্যাংক শাখার গ্রাহক ফোরাম।
সোমবার (৬ অক্টোবর) সকালে ইসলামপুর ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকে হাজার হাজার অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগ বাতিল করে সারাদেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবি জানান তারা।
গ্রাহক আব্দুর রহমান ওমর বলেন, “এস আলম ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত প্রায় ৭ হাজার ২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে, যার মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি পটিয়া উপজেলার। এতে দেশের ৬৩ জেলার প্রার্থীরা বঞ্চিত হয়েছেন এবং ব্যাংকের প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে।”
ইসলামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মনির হোসেন বলেন, “এস আলমের সময় নিয়োগ পাওয়া অনেক কর্মী গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং পেশাদার সেবা দিতে ব্যর্থ।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আব্দুর রহিম, ইসমাইল হোসেন লেমন, মাহমুদ, মনিরুজ্জামান প্রমুখ।





