প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা আবু ইস্কান্দর মোহাম্মদ লোকমান ইন্তেকাল করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১২ জানুয়ারি-২০২৬ খ্রী.( সোমবার) ঢাকাস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে ইসলামী জ্ঞানচর্চা ও বুদ্ধিবৃত্তিক পরিসরে এক শূন্যতা তৈরি হলো, যা সহজে পূরণ হবার নয়।হাফেজী ও কামিল পাশ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন যেখানে ধর্মীয় জ্ঞানের সঙ্গে আধুনিক রাষ্ট্রচিন্তার সেতুবন্ধন ঘটিয়ে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন এক অনন্য মনীষী হিসেবে। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হিসেবে খেদমত আঞ্জাম দেন।চাঁদপুর জেলার হাইমচর উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী মরহুম লোকমান ছিলেন জ্ঞান, বিনয় ও প্রজ্ঞার এক জীবন্ত সমাহার। তিনি বাংলাদেশ বেতার ও ভয়েস অফ আমেরিকায় কোরআন এর তাফস্যার করতেন এবং বিভিন্ন অনুষ্ঠানে ইসলামিক আলোচনায় অংশ নিতেন। তাঁর সুবচন, সংযত বাগ্মিতা ও গভীর চিন্তাশীলতা শ্রোতাদের হৃদয়ে অনুরণন তুলত। বক্তৃতায় তিনি ছিলেন স্পষ্ট, কিন্তু কোমল; যুক্তিতে দৃঢ়, কিন্তু মানবিক যা তাঁকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছিল।পারিবারিকভাবে তিনি সন্দ্বীপের প্রখ্যাত আলেম, রায়পুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন সাহেবের জ্যেষ্ঠ কন্যার স্বামী। উল্লেখ্য, মাওলানা কামাল উদ্দিন সাহেব ও একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কর্মকর্তা বেলাল মোহাম্মদ ছিলেন আপন সহোদর।মরহুম হাফেজ মাওলানা আবু ইস্কান্দর মোহাম্মদ লোকমান ছিলেন এমন এক মানুষ যাঁর জীবন ছিল জ্ঞানের সাধনা, মানুষের কল্যাণ এবং সত্যের প্রতি দায়বদ্ধতার নীরব সাক্ষ্য। তাঁর ইন্তেকালে পরিবার, সহকর্মী, ছাত্র-শ্রোতা ও শুভানুধ্যায়ীরা গভীর শোকাহত।





