বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে চট্টগ্রামে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)- ‘র স্মার্ট প্লাস্টিক রিসাইক্লিং প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্টেশন রোডের এশিয়ান এস আর হোটেল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
বুধবার, ২২ এপ্রিল -২০২৬ খ্রী.আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল “আমার শহর, আমার দায়িত্ব: প্লাস্টিকমুক্ত চট্টগ্রাম গড়ার ভাবনা” শীর্ষক রচনা প্রতিযোগিতা। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা টেকসই নগর গঠনে তাদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী ধারণা তুলে ধরে।
আলোচনা সভায় চুয়েটের সহকারী অধ্যাপক এটিএম শাহজাহান বলেন, দ্রুত নগরায়ণের ফলে চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ সংকট মোকাবেলায় পরিকল্পিত ব্যবস্থাপনা, নাগরিক সচেতনতা ও কার্যকর নীতির সমন্বয় জরুরি।
প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি শাহজাদা মো. সামসুজ্জামান প্লাস্টিক দূষণকে জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বন গবেষণা ইনস্টিটিউটের গবেষক সাদ্দাম হোসেন পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের দীর্ঘমেয়াদি গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নগরের ৪১টি ওয়ার্ডের রিসাইকেলার এবং বিপুল সংখ্যক তরুণ অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে বিশেষভাবে চারা প্রদান করা হয়।
দিনব্যাপী এই আয়োজন প্লাস্টিক দূষণ রোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে এবং একটি টেকসই, পরিচ্ছন্ন ও প্লাস্টিকমুক্ত চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে।





