কক্সবাজারের মহেশখালীতে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (২০ মে) বিকেল ৫টায় মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিন, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আলমগীর ফরিদ বলেন, “চার দশকেরও বেশি সময় ধরে ইপসা মানবতা, উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করে যাচ্ছে। ১৯৮৫ সালে একদল স্বপ্নবাজ তরুণের হাত ধরে, ড. মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা একটি শক্তিশালী ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “ইপসা শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং অসংখ্য মানুষের আশা, আস্থা ও সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে। দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, যুব উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সংস্থাটির অবদান অত্যন্ত প্রশংসনীয়।”
মানবিক সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন, ইপসার ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “মানুষের দুর্দিনে সাহসিকতা ও মানবিকতার সঙ্গে পাশে দাঁড়ানোর যে দৃষ্টান্ত ইপসা স্থাপন করেছে, তা আমাদের গর্বিত করে।”
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, বিকল্প জীবিকায়ন, জনসুরক্ষা, মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ইপসা দীর্ঘদিন ধরে সফলভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
উৎসবমুখর পরিবেশে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





