চট্টগ্রামে অনুষ্ঠিত সিএসও অ্যালায়েন্স-এর চতুর্থ আঞ্চলিক সংলাপে সরকারি প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বেসরকারি খাত ও সিভিল সোসাইটি নেতৃবৃন্দ। সকলের কার্যকর অংশীদারিত্বের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও জবাবদিহিমূলক নাগরিক সংগঠন গড়ে তোলার গুরুত্ব উঠে আসে। “কেমন নাগরিক সংগঠন আমরা চাই? এই প্রশ্নকে কেন্দ্র করে সোমবার,১৮ আগস্ট-২০২৫ রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ, সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, তরুণ, আদিবাসী প্রতিনিধি, সমাজকর্মী ও প্রতিষ্ঠানিক প্রতিনিধিরা মতবিনিময় করেন। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সিএসও কার্যক্রমের পরিধি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের ওপর। এই সংলাপ কেবল মতবিনিময়ের জায়গায় সীমাবদ্ধ থাকেনি; বরং এটি ছিল সিএসও অ্যালায়েন্স এর ভবিষ্যৎ দিকনির্দেশনা তৈরির এক যৌথ প্রয়াস। বহুপক্ষীয় অংশীদারিত্বের মাধ্যমে সমাজকে আরও অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও টেকসই করে তোলার রূপরেখা নির্ধারণ করা হয়। এর মাধ্যমে নাগরিক সংগঠনগুলো আরও প্রভাবশালী, দায়িত্বশীল ও মানবিক রূপে বিকশিত হয়ে নিরাপদ, উন্নত ও জবাবদিহিমূলক সমাজ নির্মাণে সহায়তা করবে।





