ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন এখনো গঠনতন্ত্রের জটিলতায় আটকে আছে। ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ নির্বাচন হওয়ার পর টানা ৩৫ বছর ধরে আর কোনো নির্বাচন হয়নি। দীর্ঘদিনের স্থবিরতায় চাকসু ভবন দীর্ঘদিন যাবত ভাতের হোটেল হিসেবেই ব্যবহৃত হচ্ছে।
গত ১ আগস্ট অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় গঠনতন্ত্র চূড়ান্ত করে। এতে প্রার্থিতার বয়সসীমা ৩০ বছর এবং দপ্তর সম্পাদক পদটি কেবল পুরুষ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়। গঠনতন্ত্রের এই ধারা নিয়ে ছাত্র সংগঠনগুলো নতুন করে বিরোধিতা শুরু করেছে।
১৩ আগস্ট সংবাদ সম্মেলনে ছাত্রদল অভিযোগ করে, নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক ধারা রেখে প্রশাসন নারীবিদ্বেষী মনোভাব প্রদর্শন করেছে। তারা প্রার্থিতার বয়সসীমা নিয়েও প্রশ্ন তোলে। তাদের দাবি, বয়স ৩০ হলে এমফিল বা পিএইচডি শিক্ষার্থীরা ভোটাধিকার হারাতে পারেন, তাই বয়সসীমা পুনর্বিবেচনা করতে হবে।
এ বিষয়ে ছাত্রদল চবি শাখার সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, “শিক্ষার্থীরা বহুদিন ধরে নির্বাচনের অপেক্ষায় আছেন। কিন্তু প্রশাসনের ধীরগতি এবং বৈষম্যমূলক গঠনতন্ত্র ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা তৈরি করছে।”
ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ ও বিপ্লবী ছাত্র মৈত্রীর মতো সংগঠনগুলোও একই অভিযোগ তুলেছে। তাদের অভিযোগ, বড় দুটি ছাত্র সংগঠনকে সুবিধা দিতে প্রশাসন নির্বাচনের তফসিল ঘোষণা না করে সময়ক্ষেপণ করছে। শিক্ষার্থীদের মধ্যে থেকেও জোড়ালো হচ্ছে চাকসু নির্বাচনের দাবী, তবে তাঁদের ভাষ্যমতে কোন প্রকার সহিংসতা ও বিভাজন কাম্য নয়। পারস্পরিক সহনশীলতার মধ্যে দিয়ে একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রকৃত অর্থেই মেধা ও মননশীল নেতৃত্ব বিকশিত হবে এটাই প্রত্যাশা।





