নওগাঁর মান্দা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা মোশারফ হোসেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি পূজামণ্ডপগুলোতে গিয়ে পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ–ছাত্রবিষয়ক সম্পাদক ও কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোয়াজ্জেম হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক একরামুল হক সিজার এবং প্রচার সম্পাদক মাহামুদুল হাসান।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে মোশারফ হোসেন বলেন, “শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক, এটাই আমাদের প্রত্যাশা। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হোক।”
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। এলাকাবাসীর উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং তরুণ সমাজকে স্বাবলম্বী করে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। আপনাদের সমর্থন নিয়ে আমরা একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়তে সক্ষম হবো।”
পূজামণ্ডপে উপস্থিত পূজারি ও সনাতন ধর্মাবলম্বীরা এ সময় তাঁকে ধন্যবাদ জানান এবং উৎসব সফলভাবে সম্পন্ন হওয়ার কামনা করেন।





