চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল দুপুর আড়াইটার দিকে একটি রেল দুর্ঘটনা ঘটেছে। অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশার ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। যাত্রীরা অটোরিকশাটি সরানোর চেষ্টা করছিলেন, ঠিক তখন চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় মা-মেয়ে মাকসুদা বেগম (৪২) ও তার মেয়ে সানজিদা আক্তার চুমকি (২৪) গুরুতর আহত হন। প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা-মেয়ে দুজনই মারা যান।
এছাড়া, আরও তিনজন গুরুতর আহত যাত্রী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. আশরাফ ছিদ্দিক ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং সাধারণ মানুষকে অবৈধ রেলক্রসিং এড়াতে সতর্ক করেছে।





