দিনাজপুরের খানসামা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী গ্রামে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম মোঃ কামাল হোসেন (৫০)। তিনি মৃত হরমুল আলী ও জামেলা খাতুনের ছেলে এবং ওই গ্রামেরই বাসিন্দা।
খানসামা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ নূরুন্নবীর নেতৃত্বে পুলিশ অভিযানে যায়। এসময় কামাল হোসেনের বসতবাড়ীর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম শুকনা গাঁজা ও মাদক বিক্রয়লব্ধ নগদ ১ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজমুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আটককৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।”





