ঢাকা, , , ,
সর্বশেষ
বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
কক্সবাজারে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতাকে, পরিবারের দাবি মুক্তি
অসহায় মানুষের পাশে বান্দরবান সদর জোন, ২৬ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পাওয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ

প্রচ্ছদ >

চট্টগ্রাম

কমরেড আহসানউল্লাহ চৌধুরী স্মরণে শোকসভা ও এক সন্ধ্যার আখ্যান

 

চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনের বাতাস সেদিন ভারী ছিল। ১৭ ডিসেম্বর ২০২৫, বিকেল ৪: টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা’র আয়োজনে শুরু হলো প্রয়াত মুক্তিযোদ্ধা সংগঠক, ভাষা সৈনিক ও শ্রমিক আন্দোলনের অগ্রপথিক কমরেড আহসানউল্লাহ চৌধুরীর শোকসভা। সময়টা ছিল কেবল একটি অনুষ্ঠানের নয়; যেন ইতিহাস, স্মৃতি আর দায়বদ্ধতার এক অনিবার্য মুহূর্ত।
শোকসভা শুরুতে উদীচি চট্টগ্রাম জেলা পরিষদ শিল্পীদের “আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো দহন দানে”এই সুরে মুহূর্তেই আবেগে আচ্ছন্ন হয়ে পড়ে সভাকক্ষ। এরপর ভেসে আসে করুণ উচ্চারণ“সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।”
“রক্ত পতাকা তুলেছি ঊর্ধ্বে”, “একসাথে চলছি, একসাথে গেয়েছি গান”, ‘‘গ্রাম থেকে জেগে ওঠো, শহর থেকে জেগে ওঠো’’, “এ লড়াই বাঁচার লড়াই” শোকসঙ্গীত, দেশাত্মবোধক ও গণসংগীত মিলিয়ে সৃষ্টি হয় এক গভীর আবেগঘন পরিবেশ।
এই গানগুলো কেবল সংগীত নয়, ছিল সংগ্রাম, আত্মত্যাগ ও মানবিকতার দর্শনে গড়া আহসানউল্লাহ চৌধুরীর জীবনের অনুরণন।
এরপর পাঠ করা হয় শোক প্রস্তাব। মিলনায়তনে নেমে আসে গভীর নীরবতা। সেই নীরবতার ভেতর দিয়েই একে একে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাঁশখালি সিএনজি পরিবহন মালিক সমিতি, পাহাড়তলি উপকূলীয় মৎস্যজীবী ইউনিয়ন, ভিআইপি টাওয়ার দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটরস শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্মচারী শ্রমিক ইউনিয়ন, হোটেল সেন্ট মার্টিন কর্মচারী ইউনিয়ন, খেলাঘর চট্টগ্রাম মহানগর, উদীচী চট্টগ্রাম জেলা পরিষদ প্রমূখ সংগঠনের প্রতিনিধিগন।
ফুলের শ্রদ্ধাঞ্জলিতে ফুটে উঠছিল, তিনি কেবলি একজন ব্যক্তিই নন, বহু মানুষের কথা তিনি নিজের কন্ঠে তুলে ধরেছেন।
এরপর শুরু হয় আলোচনা সভা। সভাপতির আসনে ছিলেন বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত, সভাপতি, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটি। দৃঢ় কণ্ঠে তিনি বলেন, আহসানউল্লাহ চৌধুরী ছিলেন এমন একজন নেতা, যিনি সামনে না থাকলে শ্রমিক আন্দোলনের মানচিত্র অপূর্ণ থেকে যেত।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, প্রখ্যাত অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক এম এম আকাশ। তিনি বলেন,“আহসানউল্লাহ চৌধুরী কোনো তাৎক্ষণিক রাজনীতির মানুষ ছিলেন না। তিনি ছিলেন দীর্ঘমেয়াদি সংগ্রামের প্রতীক যেখানে শ্রমিকের অধিকার, গণতন্ত্র ও সাম্যের প্রশ্ন একে অপরের সঙ্গে অবিচ্ছিন্ন।”
শুভেচ্ছা বক্তব্য রাখেন ফজলুল কবির মিন্টু, সাধারণ সম্পাদক, প্রগতির যাত্রী।
কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক ওমর কায়সার পাঠ করেন তাঁর স্বরচিত কবিতা “এভাবে চলে যেতে হয়?” মিলনায়তনে তখন যেন ভারী নিস্তব্ধতা!
এই কবিতাটি ছিল প্রয়াত আহসানউল্লাহ চৌধুরীর স্মরণে লেখা এক গভীর শোকগাথা। কবিতার শুরুতেই উঠে আসে একটি নিঃসঙ্গ মাইক্রোফোন যা দাঁড়িয়ে আছে কথা বলার অপেক্ষায়, অথচ বলার মানুষটি নেই। কবি প্রশ্ন করেন, “এভাবে চলে যেতে হয়?”এই প্রশ্নের ভেতর লুকিয়ে আছে বিস্ময়, হাহাকার আর অপূর্ণতার বেদনা।
“কতটা সাম্যের বীজ পুঁতে রেখেছিলে!”এই পঙ্‌ক্তির মধ্য দিয়ে কবি স্মরণ করেন সেই মানুষটিকে, যিনি মানুষের মনে অধিকারের চেতনা বুনে গেছেন নীরবে, নিরলসভাবে। কবিতার শেষদিকে এলোমেলো ভাঙা প্লাস্টিকের চেয়ার আর জনতার বিশৃঙ্খলা যেন এক প্রতীকী দৃশ্য; নেতা নেই, দিশাও যেন ছিন্নভিন্ন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট নারী নেত্রী ও লেখিকা নুরজাহান খান; প্রাবন্ধিক ও কলামিস্ট কানাই দাশ (সভাপতি, সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলা); সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জসিম চৌধুরী সবুজ; গবেষক ও উন্নয়ন সংগঠক ড. মো. আরিফুর রহমান; গবেষক ও উন্নয়ন সংগঠক ড. শামসুন্নাহার চৌধুরী লোপা; সাংবাদিক ও কলামিস্ট সুভাষ দে; শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী ও বন্দর রক্ষার আন্দোলনের অন্যতম পুরোধা শেখ নুরুল্লাহ বাহার।
প্রত্যেকের বক্তব্যেই ফিরে ফিরে এসেছে একটি কথাই,আহসানউল্লাহ চৌধুরী ছিলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা একজন মানুষ। বক্তারা আরো স্মরণ করেন তাঁর সেই বহুল উদ্ধৃত উক্তি ‘নিছক অর্থনীতিবাদী আন্দোলনের মাধ্যমে শ্রমিক শ্রেণির মুক্তি আসবে না; সমাজের অবকাঠামোগত পরিবর্তন ঘটাতে হবে।’ এই বক্তব্যেই নিহিত ছিল তাঁর রাজনৈতিক দর্শনের মূল সুর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইফতেখার কামাল খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টি ইউ সি), চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য।
শোকসভা শেষে মিলনায়তন জুড়ে ছিল নীরবতা। মনে হচ্ছিল, মাইক্রোফোনটি এখনো অপেক্ষায়;কোনো এক কণ্ঠ আবার উঠে দাঁড়াবে, বলবে সাম্যের কথা, বলবে শ্রমজীবি মানুষের অধিকার সুরক্ষার কথা।
অনুষ্ঠানে দূরত্বের সীমা পেরিয়ে সুদূর ফ্রান্স থেকে মোবাইল সংযোগে রহমত চৌধুরী সুজন বাবার স্মৃতিচারণ করেন।
আহসানউল্লাহ চৌধুরী চলে গেছেন। তাঁর রেখে যাওয়া শব্দ, গান, লড়াই আর আদর্শ সেগুলো এখনো আমাদের চারপাশে, আমাদের দায় হয়ে, আমাদের পথচিহ্ন হয়ে রয়ে গেছে।
শোকের সন্ধ্যায় সবার জন্য রাখা ছিলো ‘এক মুঠো রোদ্দুর’ স্মরণ পত্র।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.