দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম পদক্ষেপের সঙ্গে সামাজিক সুরক্ষা কার্যক্রমের সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা। তারা বলেন, দুর্যোগের পর সহায়তা দেওয়ার পাশাপাশি পূর্বাভাস ও ঝুঁকির তথ্যের ভিত্তিতে দুর্যোগের আগেই ঝুঁকিপ্রবণ জনগোষ্ঠীর কাছে সামাজিক সুরক্ষা সহায়তা পৌঁছে দেওয়া গেলে মানুষের জীবন, জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
বৃহস্পতিবার নগরীর হোটেল আগ্রাবাদে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) বাস্তবায়িত অ্যান্টিসিপেটরি এ্যাকশন প্রকল্পের উদ্যোগে আয়োজিত ‘সামাজিক সুরক্ষা’ বিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

জার্মান ফেডারেল ফরেন অফিস (জিএফএফও)-এর অর্থায়নে, সেভ দ্য চিলড্রেনের সহায়তায় এবং ইপসার বাস্তবায়নে আয়োজিত এ কর্মশালায় সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ইপসার প্রজেক্ট ম্যানেজার (এ্যান্টিসিপেটরি এ্যাকশন) সানজিদা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রহমান খান, জেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক ও উচ্চশিক্ষা) মো. আব্দুল আজিজ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাসুদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ইঞ্জিনিয়ার গোলাম মোরশেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার, পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক আরিফা নাজনীন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা মো. হারুন অর রশীদ, শিক্ষাবিদ সৌমেন দত্ত, কাজী সোহানা কায়সার প্রমুখ।





