রাতের পর রাত
আমি অনুভব করি
আমার ঘরের জানালায় কেউ অদৃশ্য আঙুল রাখে,
বাতাসে কারও শ্বাসের শব্দ ভেসে ওঠে।
বাতাসের সেই চাপল্য, সেই নরম অস্থিরতা
মানুষের নয়, ওটা আমার বাবার আত্মিক উপস্থিতি;
তিনি এখন আলো ও অন্ধকারের মাঝের সেই পাতলা পর্দায়
আটকে থাকা এক নক্ষত্রপ্রতীম মানুষ।যখন তিনি বেঁচে ছিলেন,
তার চোখে ছিলো সরলতার নির্মল দীপ্তি,
ন্যায়ের অটল বাঁশি…
কিন্তু মৃত্যুর পর-
সেই চোখ দুটি রূপ নিয়েছে দুটি নক্ষত্রে।
আকাশে তাকালে আমি মাঝে মাঝে দেখি-
দুটি বিশেষ তারা আমাকে অনুসরণ করে।
বাতাসে কেমন যেন এক নীরব কণ্ঠ বলে-
“ওগুলো তোমার বাবার চোখ, পথ দেখাচ্ছে।”আমার বাবা- কুসংস্কারের বিরুদ্ধে
জীবনে যখন দাঁড়াতেন,
তার গলায় উঠত কঠিন সত্যের ধ্বনি।
এখনও রাতে মাঝে মাঝে
এই বাড়ির দরোজায়
অদ্ভুত শব্দ শোনা যায়,
যেন তিনি ছায়াদের সঙ্গে নীরব যুদ্ধ করছেন।
অদৃশ্য অপসংস্কৃতির দানবেরা তার পথ আটকালে
আমি অনুভব করি-
দেয়ালে আলোর ঝিলিক ওঠে!
অন্ধকারে থেকেও এক অজানা শক্তি
তার ঘরটিকে পাহারা দেয়।তিনি ইহজগতে শিক্ষক ছিলেন-
কিন্তু মৃত্যুর পরে দেখতে পাই
ঐশ্বরিক জ্ঞান- রাজ্যের এক দরজার রক্ষক হয়েছেন।
রাতে গভীর নীরবতায় কখনো
বইগুলোর পাতা আপনাআপনি উল্টে যায়,
একটি শব্দও নেই,
তবু শব্দের মতোই কোনো রহস্যময় আলো
বইয়ের বাঁধাই থেকে বেরিয়ে আমার পাশে বসে।
এ যেন তিনি অদৃশ্য হয়ে
এখনও পড়াচ্ছেন,
একটি অদৃশ্য, মহাজাগতিক শ্রেণি কক্ষে।ঘরের এক কোণে তাঁর পুরোনো চশমা-
মাঝে মাঝে ঝিলমিল করে,
কেউ বলে এটা আলো পড়ে এমনই হয়।
কিন্তু আমি জানি,
আব্বা- সেই চশমা দিয়েই এখনো তাকিয়ে থাকেন
আমার ভুল-ঠিক, ভালো-মন্দ, ভয়-সাহসের দিকে।তিনি যখন মারা গেলেন,
মানুষ বলল- “তিনি আর নেই।”
কিন্তু আমি দেখলাম-
ঘরের বাতাসের রং বদলে গেছে
ভোরের আলো কোথা থেকে যেন
আরও পবিত্র হয়ে পড়ল।
তার ব্যবহৃত কলমটি
মাঝে মাঝে শব্দের কাঁপুনি তোলে,
মনে হয় কোনো এক অদৃশ্য হাত
আবার লেখার চেষ্টা করছে কিছু
সম্ভবত, অসমাপ্ত নোটবুকের শেষ লাইনটি।মাঝে মাঝে মনে হয়
তিনি ধূপের গন্ধ হয়ে ঘরে ফিরে আসেন।
কখনো মাটির সোঁদা গন্ধ হয়ে,
কখনো ভিজে পাতার মতো নরম শীতলতায়
কোনো অদৃশ্য কাঁধে হাত রাখেন।
তখন মনে হয়-
দু’পাশে কিংবা চারপাশে কিছু আছে,
কিছু নরম, কিছু পবিত্র, কিছু অতল রহস্যময়।রাতে যদি লোডশেডিং হয়,
ঘর অন্ধকারে ডুবে গেলে
এক কোণে হালকা শাদা আলো দেখা যায়-
মিনিট দুই পর মিলিয়ে যায়।
কেউ বলে এটা কল্পনা।
কিন্তু আমি জানি,
এ আমার বাবার শুভ্র মুখশুদ্ধির প্রতিফলন,
তার আত্মিক মমতার অদৃশ্য আগুন।লোকেরা বলে-
মৃত মানুষ কখনো ছায়া ফেলে না।
কিন্তু আমি দেখেছি-
মাঝে মাঝে দুপুরবেলায়
দেয়ালে এক অদ্ভুত ছায়া দাঁড়িয়ে থাকে,
যার ব্যাখ্যা আলোই দিতে পারে না…
সে ছায়া আমার দিকে তাকিয়ে থাকে!
স্থির, শান্ত, দার্শনিকের মতো গভীর।
কোনো মুখ নেই,
কোনো চোখ নেই,
কিন্তু আমি জানি,
এ তাঁরই রূপান্তরিত উপস্থিতি।এখন আমার চলার পথে
তার প্রতীকী নির্দেশনা আরও স্পষ্ট
যখন কোনো সিদ্ধান্তে ভুল করতে যাই,
হঠাৎ বাতাস থেমে যায়,
এক অজানা কণ্ঠ প্রতিধ্বনির মতো বলে-
“এই পথে যেও না।”
আমি বুঝে যাই…
এই শুন্যতা নয়,
এ আমার বাবার নক্ষত্রশব্দ।জীবন সংগ্রাম আমাকে যখন
হাঁটুতে ফেলে দেয়,
মাঝে মাঝে অনুভব করি
পিঠে কারো শক্তিশালী স্পর্শ-
আমি ঘুরি, কেউ নেই।
তবুও বুক ভরে যায়
এক অদ্ভুত সাহসে।
মানুষ বলে-
“এটা মানসিক শক্তি।”
আমি বলি-
“এটা আমার বাবা”এখন তিনি আর মানুষ নন,
তিনি- ব্রহ্মাণ্ডের এক নীরব লিপিকার,
সময়ের প্রান্তে দাঁড়িয়ে থাকা
এক গোপন আলোকদূত।
আমি তার ছেলেরূপে
কেবল এই পৃথিবীতে হাঁটি,
তিনিও হাঁটেন
মানুষ ও নক্ষত্রের মাঝামাঝির
এক রহস্যময় অদৃশ্য জগতে।আমি জানি,
আব্বার আত্মা এখনো
এই পৃথিবীকে ভালোবাসে-
মাটির বিন্দু,
মানুষের হাসি,
মানুষের কান্না,
সবকিছুকে আগলে রাখে
এক অনুভূতিহীন, তবু অনুভূতিপূর্ণ শক্তি হয়ে।আর আমি প্রতিদিন,
নিঃশব্দ প্রার্থনায় ভিজে বলি-
হে মহান আল্লাহ,
আমার এই নক্ষত্র-পুরুষ পিতাকে
জান্নাতুল ফেরদৌসের
সবচেয়ে উজ্জ্বল আলোয় রাখুন।
যেখানে আলোরাও মুগ্ধ হয়ে দাঁড়ায়,
যেখানে শান্তিরাও নিঃশব্দ হয়,
যেখানে এক সৎ, নিখুঁত আত্মা
চিরকাল দীপ্ত হয়ে থাকে।কারণ তিনি ছিলেন-
একজন মানুষ,
এবং মানুষের বাইরে আরও কিছু-
এক রহস্যময় আলোক-সত্তা,
এক শাশ্বত পিতা,
এক মহাজাগতিক কবিতা।





