মুখ আদি শক্তিকে প্রকাশ করে শব্দাকারে। মনের সকল ভাব ও মহাজাগতিক চৈতন্য শক্তিকে শব্দ ও কথা আকারে প্রকাশ করে এই মুখ ইন্দ্রিয়। সৃষ্টিতে মুখ যেন তাই শক্তিকে ভাব দিয়ে প্রকাশের এক অনন্য বাহন। মস্তিষ্কে মন নামক এক সূক্ষ্ম কার্যকলাপের সকল ভাবের প্রকাশের দ্বার এই মুখ, আর কথা সেই সূক্ষ্মতার বাহক। তাই মনের ঘরে ময়লা জমলে সেই কথার প্রকাশে অপর তখন কষ্ট পায়, মনের ঘরে ফুল ফুটলে সেই কথার প্রকাশে অপর তখন হাসে, গীত গায়।
মহাজগতের শুরুতে প্রিমর্ডিয়াল ভাইব্রেশনই প্রথম সৃষ্টি যে সৃষ্টির স্থুল প্রকাশ “শব্দ” যা এই মুখ ইন্দ্রিয় দিয়ে আমরা প্রকাশ করি। শব্দের শক্তি তাই অকল্পনীয়। এই শব্দ প্রকাশে ধ্বণির আশ্রয় নেয় এই দেহ। সেই ধ্বণি উচ্চারণে দেহ নৌকার পালে বাতাসের দোলায় নাকের সাহায্যে শ্বাস টেনে ফুসফুসে পাঠিয়ে জিহবা, দাঁত, ঠোঁট ইত্যাদির সংকোচন-প্রসারণের মাধ্যমে সৃষ্টি করে দেহের ভেতর ধ্বণি। আর সেই ধ্বণি হতে শব্দ, সেই শব্দ হতে বাক্য, কথা, সুর! সেই হতে আমাদের মানবের আলাপন। এই শব্দের উৎপত্তির যে কার্যক্রলাপ দেহের ভেতরে, সেই দিকে পর্যবেক্ষণ করলে দেখা যায় যেন দেহের ভিতরে মহাজগতের সৃষ্টির মত এক আয়োজন, আরেক ক্ষুদ্র বিগ ব্যাং! তাই শব্দের শক্তি মহাজাগতিক। তাই শব্দ দিয়ে যে কথা বলি, সেই কথা সুন্দর, সত্য, যৌক্তিক হলে অপর মনে সেই শব্দের শক্তি নতুন সৃষ্টির দোলা দেয়, ভাবের দুয়ারে নতুন মাত্রা যোগ করে, সন্ধানী পথিক এই নতুন মাত্রায় ভর করে এগিয়ে যায় আত্মভ্রমণে। খোঁজ নেয় কে শ্বাস নেয় আর কে ছাড়ে! হাওয়ার পালে ভর করে দেহের ভেতর যে ধ্বণির উৎপত্তি, কে এই পালের মাঝি?
এই মানবদেহ রহস্যগত ভাব প্রকাশের এক অনন্য যন্ত্র যে যন্ত্রের যন্ত্রী মনমগজের চেতনার আধার। সেই আধার হতে প্রকাশিত হওয়ার বাসনায় মহাভাব এই দেহ ইন্দ্রিয়কে ব্যবহার করে শব্দ আকারে, লেখা আকারে, শিল্প আকারে প্রকাশিত হয় নিজেই। মাঝখানে এই দেহমন কেবল একটা সফিসটিকেটেড ডিভাইস! এই মানব চেহারাও ভাষাময়। কথা বলা ছাড়াই চেহারায় ফুটে উঠে সুখ-দুঃখ, আনন্দ-কষ্ট, শান্তি-অশান্তির প্রতিচ্ছবি। মানবদেহ নামক ডিভাইসে সেই চেতনা শক্তির আধার সচেতনভাবে জাগ্রত হলে ভাব প্রকাশ হয়ে উঠে সতস্ফুর্ত। আর সেই আধার হতে বিমুখ হলে ভাষা ও কথা হয়ে উঠে কেবলই প্রবৃত্তিময়৷
শুন্যস্থিত শক্তি হতে শব্দের উৎপত্তি মূলত শক্তির নিজের প্রকাশিত হওয়ারই প্রথম উপায়। আর শক্তির প্রকাশের জন্যেই সে শব্দ হতে ভাষা। মহাজাগতিক মহাশক্তি নিজেই একটা ভাষা। একটা দেহ নামক যন্ত্রে প্রকৃতির নানান রুপে, নানান দেহে, কি জড় কি জীব, সবখানেই শব্দ অথবা তরঙ্গ বা কম্পাঙ্ক হয়ে শক্তি নিজেই নানান ভাষায় রুপান্তরিত হয়ে নিজেকে প্রকাশ করে৷ মানুষ বা প্রাণীর যেমন নিজেদের ভাষা আছে, নির্জীবের আছে ভাষা, নীরব হলে প্রকৃতির সবকিছুই গতিশীল এক শব্দ তরঙ্গে যেন হৃদয়ে দোলা দেয়। যেন সেই শূন্যস্থিত শক্তি নিজেই যোগাযোগ করে বলতে চায় এসো মেতে উঠি সৃষ্টি সুখের উল্লাসে! শক্তির নানান রুপান্তরে তার ভাষা তাই প্রতীকী বা সিম্বোলিক।
শুন্যস্থিত শক্তি হতে উদ্ভুত শব্দ তরঙ্গের বিবর্তনে ভাষা শক্তিকে প্রকাশের এক শক্তিময় মাধ্যম। এই শক্তির সূক্ষ্মতম রুপকে চিনতে, জানতে এবং ধারণ করতে পারলে এই মানব দেহ তখন বিশেষ দেহমনে পরিণত হয়। আর এমন বিশেষ দেহমনই মহামানবে আখ্যায়িত হন অবতার রুপে, মহাবিজ্ঞানী রুপে, নবী রুপে, মানুষগুরু রুপে, বুদ্ধ রুপে। এমন বিশেষ দেহমন হতেই শক্তির জাগরণে জ্ঞানশক্তি প্রকাশিত হয় ভাষা হয়ে। জ্ঞানশক্তির এই ভাষা হয়ে যায় কখনো রুপক, কখনো বিজ্ঞানময়, যা অনুসন্ধানী এবং আধ্যাত্মিক পথিকের জন্যে এক অমূল্য ভাবনার খোরাক। জ্ঞানশক্তির এই রুপক ভাষা হতেই উদয় হয় নানান ধর্মীয় ও শাস্ত্রগ্রন্থ। আর জ্ঞানশক্তির বিজ্ঞানময় ভাষা হতে উদয় হয় বিজ্ঞানের নতুন আবিষ্কার, উন্মোচন হয় সৃষ্টি রহস্যের নতুন দ্বার।
প্রেম এক মহাজাগতিক শক্তি। শূন্যস্থিত শক্তি হতে চৈতন্য এবং আদি পদার্থ বা প্রকৃতির বিকাশ হলে প্রকৃতির প্রতিটা উপাদানে সৃষ্টির যে সৌন্দর্য এবং রহস্য, যে বিকাশ ও বিবর্তন ঘটে চলে, সে ঘটে চলা লীলার ভাবে ডুব দিলে এই দেহে নির্দিষ্ট হরমোনের নি:সরণে অনুভূত প্রেমই এক রুপান্তরিত মহাজাগতিক শক্তি যে শক্তির উৎস মহাশূন্যতা। মহাশূন্যতার মহাজাগতিক প্রেমে ডুব দিলে হৃদয়ে তখন ভাবের ভাষা তৈরী হয়। সে ভাষায় সুর আসে, গান আসে, কবিতা আসে, মরমী কথা আসে, বিজ্ঞানময় যুক্তি আসে, আর এইভাবেই মহাজাগতিক শক্তি নিজেই মূলত ভাষাতে রুপান্তরিত হয়ে প্রেমিক মনে দোলা দেয়। যে মানব তার মনের প্রবৃত্তিকে জয় করে মহাচৈতন্যে মুক্তমনে জীবনে পরিভ্রমণ করেন তার মধ্যে সেই মহাজাগতিক শক্তির লীলা উন্মোচিত হতে থাকে, উন্মোচিত সেই সকল সংকেতই মুক্তমানবের জন্য মহাজাগতিক শক্তির রহস্যাবৃত ভাবের ভাষা।
প্রকৃতির দিকে দৃষ্টি দিলে, মনোনিবেশ করলে এক সূক্ষ্ম প্রেম তরঙ্গ মনের গভীরে দোলা দেয়, প্রকৃতির সকল উপাদানে মহাজাগতিক শক্তির যে ক্রিয়া, সেই একই ক্রিয়া আমাদের এই দেহেতেও, সেই একই ক্রিয়ায় মোহিনীশক্তি হয়ে যেন একে অপরকে আকর্ষণ করে। শক্তির সেই আকর্ষণে আমাদের ভেতর ভাবের উৎপত্তি ঘটে, ভাষার প্রকাশ হয়। আকাশ, বাতাস, চাঁদ, সূর্য, ঝরণা, সমুদ্র, পাহাড়, ঘাস ইত্যাদির সাথে মনোসংযোগ করলে হৃদয়ের গভীরে এক মহাপ্রেমের তেজ বা শক্তি জাগ্রত হয়, শক্তির এই জাগরণে ভাব ও ভাষার উদ্ভব ও প্রকাশ এই দেহের ইন্দ্রিয় দিয়েই। এই দেহটাও সৃষ্টি, প্রকৃতির সকল উপাদানও সৃষ্টি। সৃষ্টির সাথে সৃষ্টির এই মোহিনীশক্তির ক্রিয়ায় মনের অনুভূত শান্তিই যেন এক অপার্থিব স্বর্গ। কিন্ত ভাব যেমন অধরা, অধরা সেই মোহিনীশক্তিও, এ কেবল আত্মঅভিজ্ঞতায় অনুভব করার বিষয়। যত গভীরে অনুভব করা যায়, ততই অভিজ্ঞতার ভিন্নতর বৈচিত্র মাত্রায় সেই মোহিনশক্তির মোহিনীবিদ্যা সম্পর্কে অবগত হওয়া যায়।
মুখ দিয়ে আমাদের যত শব্দের প্রকাশ ও উচ্চারণ, শ্রুতির আঙ্গিনায় যত শব্দের গ্রহণ, কে এই শব্দ? কি এই শব্দের উৎস? আদিতে শব্দই বা প্রিমর্ডিয়াল ভাইব্রেশনই সৃষ্টি! শব্দ তাই মহাজাগতিক, তাই শব্দের উৎস যেন অধরা একমাত্র সূক্ষ্মসত্তা ব্যতীত। আমাদের এই সূক্ষ্মসত্তা যেন একটা শাটল এনার্জি বডি যেখানে মহাজাগতিক শক্তি সূক্ষ্মতম স্তরে প্রবাহমান। সেই সূক্ষ্মতম স্তরে ভাব-ভাষা হতে শব্দের আলোড়ন সৃষ্টি হলে তা বিশ্লেষণ করে আমাদের মস্তিষ্ক। সেই মস্তিষ্ক থেকেই শব্দের আলোড়ন প্রেরিত হয় আমাদের ইন্দ্রিয়ে। আমরা কথা বলি, এমনকি কথার ভাব ফুটে উঠে আমাদের চোখে, চেহারায়, হাতে ও পায়ে! আমরা একে নাম দিয়েছি বডি ল্যাংগুয়েজ। এই সকল ভাষা ও শব্দের এই মহাজাগতিক ক্রিয়া ঘটে চলে সেই সূক্ষ্মতম সত্তায় যেখানে আলোড়ন সৃষ্টি হলে মস্তিষ্ক তখন সে আলোড়নে সাড়া দেয় বিদ্যুৎ চমকানোর মত। দেহমনের এই অদৃশ্য বিদ্যুৎ ক্ষেত্রই আমাদের আলাপনের শক্তি কেন্দ্র, প্রেমশিল্প প্রকাশের ভাব বিন্দু! এই কেন্দ্র বা বিন্দুর খোঁজ করতে পথে নামতে হলে প্রেমান্থ হতে হয়। এই কেন্দ্রবিন্দুর খোঁজ, কেন্দ্রবিন্দুর সাথে সচেতন সংযোগ প্রচেষ্টাই ধর্ম, অথচ তা না করে সকলে নানান বাহ্যিক ধর্মানুষ্ঠানে মত্ত!
ভাষা এই দেহমনের ভাব প্রকাশের বাহন। আর ভাষার বাহন দেহের ইন্দ্রিয়সকল। এই ইন্দ্রিয়সকল সেই ভাবকে ভাষার চাদরে প্রকাশের দ্বার। সচেতনভাবে এই ইন্দ্রিয়ের ব্যবহার না হলে ভাষার প্রকাশ ভঙ্গি মাধুর্যতা হারায়, কোমলতা হারায়, স্থিরতা হারায়, দ্বন্দ ও সংঘাত তৈরি করে, শব্দেরা তখন বিকৃত রুপ ধারণ করে মনমগজকে নষ্ট করে ফেলে কারণ শব্দ এক আশ্চর্য মহাজাগতিক শক্তি। শক্তির প্রকাশ হওয়া চাই সৃষ্টি, সত্য ও সুন্দরের লালন ও মিথ্যের বিনাশে। ভাষা প্রকাশে দেহের ইন্দ্রিয়ের ব্যবহারে সচেতন দৃষ্টিপাতে শব্দেরা শক্তি হয়ে সৃষ্টিতে কবিতা আনে, আনে গীতিকথা, আনে দর্শন ও বিজ্ঞান তত্ত্ব। শব্দেরা লালন করে সত্য ও সুন্দরকে হৃদয় থেকে হৃদয়ে, মানবের শ্রুতির আঙ্গিনা তখন সুবাতাসে ভরে ওঠে, হয় প্রেমের সঞ্চারণ। আর মিথ্যে আর অন্যায়ের বিনাশে শব্দেরা তখন হয়ে উঠে নীতিস্তম্ভ।
শূন্য হতে এই প্রকৃতির উদ্ভব, এই প্রকৃতির সর্বত্র এবং মহাজগতের সর্বত্র ছেয়ে আছে শূন্যতা, যেমন ছেয়ে আছে প্রেম আমার সর্বময় অস্তিত্বে। প্রকৃতির মৌলিক উপাদান আগুন, পানি, মাটি, বাতাস এবং সেই সাথে শূন্যস্থানই এই জড় ও জীব জগতের সৃষ্টির মৌলিক ঘটক যা নিরন্তর ক্রিয়া করে চলছে এই দেহে। এই দেহ তাই এই পাঁচ মৌলিক উপাদান তথা পঞ্চভূতের সৃষ্টি। মহাজাগতিক চৈতন্যশক্তি থেকে সূক্ষ্মতম চিৎকণার তেজে মস্তিষ্কে এই পঞ্চভূত ক্রিয়া করে চলে আমার দেহে।আমি কাঁদি, হাসি, গাই, ভাবি, বেঁচে থাকি। এই পঞ্চভূতেরই এক অন্যতম প্রকাশ বাকশক্তি হয়ে। আর সেই বাকশক্তি হতে আমি কথা বলি, শব্দ উচ্চারণ করি, লিখে চলি ভাবকথা হতে। শক্তি হতে ভাষার এই রুপান্তরে, ভাবের এই আদান-প্রদানে, পঞ্চভৌতিক উপাদানে রুপান্তরিত এই দেহই চেতনার পাত্র, ভাব-ভাষার এক আজব কারখানা!
এই মানব দেহে পঞ্চভূত তথা আগুন, মাটি, বাতাস, জল ও শূন্যের ধর্ম বিদ্যমান। এই ধর্মগুলোর ব্যবহার ও নিয়ন্ত্রণে দেহের মনমগজই রাজা। সুনিয়ন্ত্রণে এই পঞ্চভূতের ধর্ম আমাদের ইন্দ্রিয় দিয়ে সুন্দররুপে প্রকাশ পায় আর কুনিয়ন্ত্রণে প্রকাশ হয় অসুন্দর ও বিধ্বংসী হয়ে। মনমগজের সুনিয়ন্ত্রণে যখন ভাবের প্রকাশ হয় ভাষা হয়ে, সে শব্দে-বাক্যে-কথায় ছড়িয়ে পড়ে ভক্তি, মানবিকতা, প্রেম, সহমর্মিতা, আন্তরিকতা। আর মনমগজের কুনিয়ন্ত্রণে ভাবের ছন্দ বিকৃত রুপ ধারণ করলে সে ভাষা অপরের হৃদয়ে পৌঁছায় নিদারুণ কষ্ট, সে বাক্য ধ্বংস করে দিতে পারে গোটা সমাজ। তাই পঞ্চভূতের ধর্ম ও এর ব্যবহার সম্পর্কে মনমগজকে সচেতনতার প্রশিক্ষণ দেওয়াটাই মানবের প্রধান কাজ। আর এই প্রশিক্ষণ একমাত্র সত্যানুসন্ধানীই দিতে পারেন যিনি প্রেম ও সত্যানুরাগী।
মনের প্রবৃত্তি যখন মনমগজের কুনিয়ন্ত্রণে উত্তপ্ত হয়, মেজাজ তার স্বাভাবিকতা হারিয়ে উগ্র হয়, তখন এই মনের বাগান পুড়ে সেখানে হিংসা, ক্রোধ, সন্দেহ, কামনা, বাসনা, বিদ্বেষ, অহম, পরচর্চা বাসা বাঁধে। সৃষ্টিজগতে পঞ্চভূতের এক ভূত আগুন এই মানব দেহে জড়িয়ে আছে। প্রবৃত্তির স্বেচ্ছাচারী আচরণে অনল অত্যাধিক সৃষ্টি হলে এই সকল কুপ্রবৃত্তি ধনুক হয়ে ছুঁড়ে মারে ভাষার বিষাক্ত তীর। মগজ তখন নষ্ট হতে থাকে, আর সেই বিষাক্ত তীরের ভাষা মুখ ইন্দ্রিয় দিয়ে বের হয়ে অপরের শ্রুতির আঙ্গিনায় আঘাত করে শান্তি নষ্ট করে, হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করে। কুপ্রবৃত্তির বশে ভাষার এই বিষাক্ত তীর ফুটে উঠে মানবের সমস্ত ইন্দ্রিয়ে। অভিব্যক্তি তখন বিকৃত হয়ে ফুটে উঠে। আর এ সকল কিছুই ঘটে প্রবৃত্তির লাগামহীন আচরণ আর আড়ালে ক্রিয়া করে পঞ্চভূতের আগুন। লাগামহীন প্রবৃত্তির এই আচরণে কথার আসক্তির মধ্যে পড়ে যাই আমরা, আর সেই আসক্তি মনমস্তিষ্ককে চঞ্চল করে তোলে, আমরা খেয়াল হারিয়ে যাচ্ছেতাই কথা বলে ফেলি, অপরকে বিচার করে ফেলি, আর এভাবেই নিজের অন্তর্গত শান্তিকে নষ্ট করি। মনের মধ্যে থাকা নানারুপ চিন্তাবৃত্তিতে আগুন ধরে যায়। শান্ত জলের উপর যেমন ইট ছুঁড়লে তরঙ্গ তৈরী হয় তেমন মনের শান্ত অবস্থার উপর এই বৃত্তিরুপ তরঙ্গ মনকে তখন অশান্ত করে তোলে। হৃদকানন হতে প্রেম তখন হারিয়ে গিয়ে এক কৃত্রিম, বিকৃত পৃথিবী রচিত হয় মন কল্পনার ঘরে৷ তাই প্রবৃত্তির নিয়ন্ত্রণে দেহস্থ পঞ্চভূতের স্বাভাবিক ক্রিয়ায় মুখ ইন্দ্রিয়ে লাগাম টানলে ভাষা,কথা, বাক্য সৃষ্টির জন্য কল্যাণকর ও প্রেমময় হয়ে উঠে৷
সংসার জীবনের নানা রকম সম্পর্কে মনোমালিন্যের এক প্রধান কারণ কথা। মুখে মুখে শব্দ শক্তির ভাষা হয়ে, কথা হয়ে বিচরণ করে ভাল এবং মন্দ দুই রুপে। সৃষ্টিজগত মাত্রই ধণাত্মক এবং ঋণাশক্তির আধার। মহাজগতে সৃষ্টি আর ধ্বংস যুগপৎ সংঘটিত হয়েই চলেছে, কোয়ান্টাম জগতেও কণা আর প্রতিকণার খেলা চলে নিরন্তর। একই ভাবে তাই সবকিছুরই ভাল-মন্দ দুই রুপে বিরাজ করে, মুখের ভাষা এবং কথাও তাই। আদিতে শব্দই সৃষ্টি এবং শব্দই প্রথম রুপান্তরিত শক্তি, আর তাই মুখের ভাষার বা কথা মহাজাগতিক শক্তি বহন করে। মুখ নামক এই ধনু হতে কথার তীর একবার ছুটে গেলে সেটা আর ফেরানো যায় না। সেটা অপর মানব মনকে বিদ্ধ করবেই। কথা যদি হয় সত্য-সুন্দর-প্রেমময়, তবে সে কথা অপরের হৃদয়কে সৃষ্টিশীল সৌন্দর্যে, উদার ভাবধারায়, ন্যায় ও নিষ্ঠাবানে পরিণত করতে পারে। আর কথার তীরে যদি থাকে মন্দের ভাজ, তবে সে কথা অপর মানব মস্তিষ্ককে জ্বালিয়ে দেয় আগুনের তাপে। কুকথার আসক্তিতে মন নেশাগ্রস্ত হয়, ক্রোধ, হিংসা, অহংকার জীবনকে নিয়ে যায় কর্মভোগের দ্বারপ্রান্তে। শব্দের মত এই মহাজাগতিক শক্তিকে ব্যবহারে আমি কতটা সচেতন থাকতে পারছি সেটাই যেন এই ক্ষুদ্র জীবনের প্রতি মুহূর্তের সাধনা।
হৃদয় যদি আকাশের মত উদার না হয়, তুষারের মত শুভ্র না হয়, অসীম অনন্ত আঁধারের মত মৌন ও সাক্ষী দর্শক না হয়, তবে মুখ নামক ধনু হতে কথার তীর কখনো আটকানো যায় না। কথার মধ্যে অপরকে হেয় করার, তুচ্ছ করার, ক্রোধের, হিংসার এবং বিচার করার বিষ যদি থাকে তবে সে হৃদয় সদয় নয়। দেহে বিদ্যমান কসমিক এনার্জির ভারসাম্যহীনতা নষ্ট হয়ে মস্তিষ্ক তখন বিকৃতি ধারণ করে৷ সেখানে ভক্তি ও প্রেমের অনুপস্থিতি তখন জাগতিক সম্পর্কের মাঝে তুলে দেয় এক অদৃশ্য দেওয়াল।
কাউকে কষ্ট দিলে নিজেকেও কষ্ট পেতে হয়, সে কষ্ট কোনও না কোনও ভাবে ফিরে আসে৷ অনেকসময় প্রবৃত্তির তাড়নায় কাউকে কষ্ট দিয়ে ফেললেও নিজের পরক্ষণে খারাপ লাগে। কারণ এই মহাজগতে শূন্যস্থিত শক্তির, শূন্যের যে কসমিক কনশাসনেস বা পরম চৈতন্য, অথবা শূন্যশক্তির মধ্যে যে পরম চৈতন্য, তা বিশ্বপ্রকৃতি ব্যাপী ছেয়ে আছে, ছেয়ে আছে তোমাতে, আমাতে এবং সবাইতে, চিৎকণা হয়ে, তড়িৎ কণা হয়ে, রাসায়নিক কণা হয়ে। আমাদের বাহিরের গড়ন ভিন্ন৷ বাহিরে একটা চামড়া, ঠিক যেমন গাছের ছাল, কিন্তু এই রক্তমাংসের মানুষের ভেতরে এই দেহের যে চালিকা শক্তি, যে বিদ্যুৎ শক্তিতে এই দেহকোষ সচল থাকে, যে তড়িৎ-রাসায়নিক শক্তি মিলে এই দেহকে গঠন করে সেই শক্তি “এক”। মহাজাগতিক সেই চৈতন্য, সেই শূন্যস্থিত শক্তি চিৎকণা, তড়িৎ-রাসায়নিক কণা হয়ে আমাদের সকলের মাঝেই একত্ববাদের আহবান করে যায়, কিন্তু আমরা অজ্ঞান, অন্ধ, সত্যানুসন্ধানী নই। আর এই একত্বতা থেকেই আমরা এক বলে কাউকে কষ্ট দেওয়া মানে নিজেকেই দেওয়া, কাউকে কথা দিয়ে আঘাত করা মানেই সেই শব্দ শক্তি দিয়ে নিজেকেই আঘাত করা। কারণ পারমাণবিক স্তরে আমাদের মৌলিক অস্তিত্ব এক, আমাদের মাঝে একই শক্তি প্রবাহিত, একই চৈতন্যে আবৃত, এই দেহের জীবন প্রদীপ সেই আদি তড়িৎ শক্তি এবং রাসায়নিক শক্তি সঞ্চারিত হয় দেহে। কিন্তু শক্তির সেই চৈতন্য বা চৈতন্যের সেই শক্তির অস্তিত্বের রহস্যময় সূক্ষাতিসূক্ষ্ম রুপ বিজ্ঞানের ভৌত জ্ঞান এবং সাধন ভজনের অভৌতিক জ্ঞানের যৌথ সাধনে দর্শন করা না গেলে প্রকৃত মহাজাগতিক প্রেম ও একত্ববাদের পরমানন্দময় যাত্রায় আমরা পথিক হতে পারবো না। রোমাঞ্চকর এই মহাজাগতিক অভিযাত্রায় কাউকে কষ্ট না দিয়ে প্রেমালিঙ্গণে রাখাই হোক সকলের ধর্ম।
এই দেহের মধ্যে জীবন প্রদীপ যে তড়িৎ-রাসায়নিক শক্তি, বিশ্বদেহ বা বিশ্বপ্রকৃতিতেও সেই একই শক্তি। পৃথিবী ছেড়ে এই দেহকে রেখে একদিন বিদায় নিতে হবে প্রয়াণের পথে কিন্তু যা কিছু অনিত্য ও নশ্বর সেগুলোকেই আঁকড়ে ধরে রেখে আমি ভুলে যাই এই দেহটাও নশ্বর যা একদিন ছেড়ে দিতে হবে। অথচ এই দেহপ্রাণের সূক্ষ্মতম স্তরে যে তড়িৎ শক্তি, যে রাসায়নিক শক্তি অনিত্য আভা হয়ে জ্বলছে এই প্রাণের শিকড়ে, সে শক্তিকে জানার বোঝার চেষ্টা করি না। এই শক্তিকে জানার ভেতরেই যে নিজের অস্তিত্বের সূক্ষ্মতম রুপ রহস্য লুকিয়ে আছে!
মনকে দেখা যায় না, ছোঁয়া যায় না৷ তাই যত কথাই আমি বলি না কেন, সেই কথা হোক সুন্দর বা অসুন্দর, সেই কথা দিয়ে মনকে কখনো বাঁধা যায় না। এই বস্তুজগতের নানান চিন্তা, বাসনা, কামনা, লোভ এসবের সরোবরে মন সর্বদা খেই হারিয়ে হাবুডুবু খায়। কখনো অর্থ, কখনো সামাজিক সম্মান, কখনো সফলতা, কখনো পেশাজীবন, কখনো এই দেহ, কখনো আহার, ইত্যাদি নানান ক্ষণস্থায়ী বিষয়রাশি ভোগের জন্য আমার মন থাকে মাতাল, কিন্তু উপরে উপরে আমি দেখাই কতই ধর্মকর্ম করি আমি! মনের নানান চিন্তায় নানান দুরভিসন্ধি, দুষ্ট অভিলাসে মনকে এক কুৎসিত বসন পরিয়ে অন্তরকে ঢেকে রাখি আর উপরে বৈষয়িক আর ধর্মানুষ্ঠান দিয়ে নিজেকে সাজিয়ে রাখি, তাই মন হয়ে পড়ে দুর্বাসা। মনে মনে বস্তুজগতের এইসব ভোগে মাতলামি করে কোথায় যে বাসা বাঁধবো, মনকে কোন বিষয়ে যে স্থির আমি করাবো তা আমি জানি না, আর এভাবেই একদিন চলে যেতে হবে এই দেহ ছেড়ে।
মনের ঘরে যখন জঞ্জালে ভরে যায়, তখন সেই জঞ্জাল মনকে বাহ্যিক বেশভূষা, ধর্মকর্ম, সামাজিক অবস্থান দিয়ে সাজিয়ে রাখা হয় কিন্তু সুযোগ পেলেই জঞ্জালে ভরা এই মন কোপন স্বভাবে হিংসা, ক্রোধ, ঘৃণা, আমিত্বের বশবর্তী হয়ে মুখ দিয়ে তীক্ষ্ম কথাকে ছুঁড়ে মারে অন্য মনে। কথা বা শব্দ যেহেতু মহাজাগতিক শক্তি, তাই সে মহাজগতিক শক্তির অপপ্রয়োগে দেহে এবং মস্তিষ্কে শক্তির ভারসাম্যহীতায় এই মস্তিষ্ক বিকলাঙ্গ রুপ ধারণ করে। মুখের কুকথার এই কর্মভোগের দরুন দেহ নষ্ট হয়, অসুস্থতা আর পীড়াতে ভোগে, অস্থির মনে অশান্ত স্বভাবে এই দেহকে তখন ধীরে ধীরে নষ্ট করে ফেলে। এই দেহের অসুস্থতা আর পীড়াগুলো এইভাবেই কর্মের ফল হিসেবেই ফিরে আসে, আর এটাই বিচার, যে বিচার এই মানব দেহের ভেতরে চলে প্রতিনিয়ত। মনের জঞ্জালকে খালি করতে হলে তাই মুখের ভাষা ও কথার ব্যবহারে লাগাম টেনে সুকথায়, সুন্দর ভাষায় মুড়িয়ে দিলে মনে শব্দ শক্তির শৈল্পিক ফুল ফুটে উঠে, সে ফুল তখন সৌরভ ছড়ায় সকল মনের বাগানে।
কথা বলতে কার না ভাল লাগে? কথা বলতে সবাই পছন্দ করে। কেউ যাকে পায় তার সাথে, কেউ কেবল মনের মিল হয় এমন মানুষের সাথে। কথা হলো সৃষ্টিতে মৌলিক প্রকাশ বিজ্ঞান। এই সৃষ্টিতে সকল ভাবের, চিন্তার, যুক্তির, মতবাদের, গল্পের, নানাবিধ শিল্পের প্রকাশ তো এই কথা হতেই। এই প্রকাশটাই মহাজাগতিক শক্তির ধর্ম। আর তাই মুখ ইন্দ্রিয় বিবর্তনের এমন এক রহস্যগত অপূর্ব সৃষ্টি যা দিয়ে মহাজাগতিক শক্তি নিরন্তর প্রকাশ হয়ে চলেছে অক্ষয় জ্যোতিতে। তাই এই অক্ষয় শক্তি জ্যোতির পরিপূর্ণ সচেতন ব্যবহার ও এর সম্মান রাখা একান্ত কর্তব্য সকলের। দেহমনে শক্তির যে তেজ প্রবাহমান, যে প্রবাহমান তেজে যত কথা মুখ দিয়ে প্রকাশ হয় মস্তিষ্কের ক্রিয়ায় সেখানে সংযম করাই মন ইন্দ্রিয়ের অন্যতম প্রধান কর্ম। কারণ কথা দিয়েই ভালোর পাশাপাশি অন্যায়, পাপ, মিথ্যা, অসুন্দর কর্মে প্রতিনিয়ত জড়াচ্ছি। এই অসুন্দর কর্মের প্রভাব কর্মফল বা কর্মভোগ হয়ে দেহমনে ফিরে আসছে, আর শক্তির ক্রিয়ার ধর্ম অনুযায়ী এই দেহের মধ্যে বিচার চলছেই সে সকল ভোগের। তাই নিজের ভেতরের মানসিকতায়, চিন্তাধারায় যদি পরিবর্তন না এনে মুখের কথাকে সংযত করতে না পারি, যদি বর্জন করতে না পারি নিজের ভেতরের এই অসুর প্রবৃত্তিকে, তাহলে আমার শাস্তি আমারি হাতের কামাই! সকল বিপদ ও সংকটের জন্য আমি নিজেই তখন দায়ী। প্রশান্তি তখন এই দেহমন থেকে হারিয়ে যায়, এই শাস্তির ক্ষমা নেই, শাস্তি ভোগ করে যাওয়া ছাড়া এই শাস্তির শেষ নেই, এটাই ধ্রুব সত্য।
আত্মশুদ্ধির সাধনায় আমার প্রথম কর্ম মন সহ দেহের সকল ইন্দ্রিয়ের সচেতন ব্যবহার। ইন্দ্রিয়কে সচেতন ভাবে ব্যবহার করলে ইন্দ্রিয় শুদ্ধ হয়, ইন্দ্রিয় শুদ্ধ হলে ইন্দ্রিয় দিয়ে আগত বিষয়ের রঙ পরিবর্তিত হয়ে মনে ভিন্ন রুপে ধরা দেয় আর বিষয়ের ছাপ মনে তখন গেঁথে যায় না। তেমনভাবে মুখ নামক ইন্দ্রিয়কে সচেতন ভাবে ব্যবহার করতে শিখলে, এই ইন্দ্রিয় দরজাকে শুদ্ধ করতে যদি আমি ব্রতী হই তখন অহংকার, হিংসা, মিথ্যাচার এবং নানান ক্ষুদ্রাতিরূপী অজ্ঞতা এই মুখ দিয়ে প্রকাশ পেতে বাঁধা পাবে। এতে করে মুখের ভাষা বা কথার ব্যবহারকে আমি করে তুলতে পারি আসক্তিহীন এবং অন্তরমুখী। কথা যত আসক্তিহীন হয় ততই মুখ দিয়ে পরচর্চা, গীবত, হিংসা, রাগ, আমিত্ব পূর্ণ কথা বলা বন্ধ হয়ে যায়। ফলে নিজের কথাতে অন্য মানব মন আর কখনো কষ্ট পাবে না৷ এবং কথা যত অন্তরমুখী হয় ততই পার্থিব বা বৈষয়িক বিষয় নিয়ে অপ্রয়োজনীয় কথা না বলে আপন ভাবে, আপন খেয়ালে, প্রেমাষ্পদের স্মরণে, শিল্প সাধনায় মনকে নিরিখে রাখা যায়। কারণ কথা বা শব্দ এক মহাজাগতিক শক্তি যা এই মহাজগতের শুরুতে প্রিমর্ডিয়াল ভাইব্রেশন রুপে ছিল অস্তিত্বময়। তাই মুখ ইন্দ্রিয় দিয়ে শব্দ বা ভাষা বা কথার সদ্বব্যবহারে মন হয়ে উঠে ধীর, স্থির অচঞ্চল এক প্রেমময় সত্তা।
এই সংসার ও কর্মজীবনে ইন্দ্রিয় দিয়ে আগত নানান বিষয় দেহমনে প্রবেশ করে, জমে থাকে স্মৃতির আড়ালে। যদি অজ্ঞানতা বশত প্রবৃত্তির বশবর্তী হয়ে এই বিষয়াদি হতে উৎপন্ন চিন্তা হতে ক্রোধ, অহংকার, সন্দেহ, হিংসা, এইসবকে জাগিয়ে দেওয়া হয় তাহলে যেন মস্তিষ্ক আগুনের মত জ্বলতে থাকে আর সেই দাহে সেইসব বিষয় হতে উৎপন্ন ভাষা বা শব্দাবলী কুকথা হয়ে মুখ থেকে বের হয়ে চরম আঘাত করে অপর মনকে। কথার এই প্রকাশে এক কথা থেকে আরেক কথাতে একসময় লেগে যায় কথার যুদ্ধ, বেঁধে যায় তর্ক। সংসার জীবনে কেন এই তর্ক? কেন এই যুদ্ধ? কারণ সংসারে প্রেম নেই, ভালবাসা নেই৷ এইসবই মায়া, অভ্যস্ততা। প্রেম তো এক মহাজাগতিক শক্তি যেখানে শান্তিতে ভরপুর, এক স্থির অনুভূতি বিরাজমান। শক্তির তিন রুপ বা প্রকাশ যথা সৃষ্টি, স্থিতি ও বিনাশ, এই তিন রুপকে সচেতনভাবে ব্যবহারে সচেষ্ট হলে উৎপন্ন ভাষা ও শব্দাবলীকে সুন্দর করা যায়, মুখে লাগাম টানা যায়। ভাষাতে যেন হয় সৃষ্টিশীল প্রকাশ, ভাষাতে যেন হয় স্থিতি বা কোন বিষয়কে লালন, ধারণ এবং ভারসাম্যের সহায়, ভাষাতে যেন হয় বিনাশ তথা মিথ্যে ও অন্যায় এর সংহার ও চিহ্নিতকরণ।আত্মঅনুসন্ধানের চর্চায় সুপথের দিকে আগালে জ্ঞান ও বুদ্ধির প্রয়োগে সংসার ও কর্মজীবনে মুখের কথা যেন হয়ে উঠে মানব হৃদয়ের মাঝে এক মহা সংযোগ সেতু।
সংসার ও কর্মজীবনে সত্য অনুসন্ধান, আত্মানুসন্ধান এবং আত্মশুদ্ধির চর্চাকালে কথা বা শব্দাবলী এক ভিন্ন মাত্রায় রুপ নেয়। যে কোন বিষয়ের গভীরে নির্লিপ্ত হয়ে দৃষ্টিপাত করলে, সাক্ষীর মত নিরিখ করলে, বিজ্ঞানমনস্ক যুক্তিবিদ্যায় পরখ করলে, সেই পর্যবেক্ষণ হতে ভাবের অতিন্দ্রীয় রাজ্য হতে জ্ঞানের উদয় হয়, এরুপ জ্ঞানের ভাষা বা কথা বা শব্দাবলী মহাজাগতিক শক্তিমত্তারই কথা। মহাজাগতিক শক্তি এই বিশ্বজগতের সর্বত্র। শক্তির মুখ নেই কথা বলার, কিন্তু মানব দেহের মুখ আছে, আর তাই শক্তি সূক্ষ্মভাবে নিজেকেই প্রকাশ করতে মানব দেহে বিবর্তিত হয়ে মানুষের মন আর মুখ দিয়ে জ্ঞানের নানান মাত্রা নানান রুপে প্রকাশ করে চলেছে এই বিশ্বজগতে। এ যে পরম শক্তিমত্তারই কথা তা উপলব্ধি তিনিই করতে পারেন যার শক্তির উচ্চতর মাত্রায় বিচরণ আছে। প্রতিটা মানব দেহেরই শক্তির এই উচ্চতর মাত্রায় বিচরণের সুযোগ সুপ্তভাবেই নিহিত থাকে জীবের বিবর্তনের ধারায়। তাই প্রতিটা সাধারণ মানব মনের প্রতি সম্মান রাখা সত্যানুসন্ধানী পথিকের একান্ত কর্তব্য। সংসার ও কর্মজীবনে চলার পথে এই সম্মান রেখে সুকথাকে গ্রহণ এবং কুকথাকে বর্জন করেই একজন সত্যানুসন্ধানী তার চলার পথ আলাদা করে নেয়৷
মহাজাগতিক শূন্যতা মানেই কিছুই নেই তা নয়৷ এই শূন্যতার স্বভাব বা ধর্ম আছে। শূন্যতার স্বভাব পরম স্থিরতা। এই শূন্য স্বভাবে মনকে ভাবের জগতে অতিন্দ্রীয় রাজ্যে ডুবিয়ে দিলে শূন্য হতে যেমন শক্তির সতস্ফুর্ত প্রকাশ ঘটে, তেমনি হৃদয়ে কথা ও শব্দের প্রকাশ ঘটে যে শব্দাবলী বা বাণী মহাজাগতিক বার্তা বহন করে। এই মহাজাগতিক বার্তাকে যুক্তির নিরিখে ভৌত বিষয়াদি দিয়ে পরীক্ষা করলে সেই পরীক্ষালব্ধ জ্ঞান এবং তথ্য হয়ে উঠে বিজ্ঞানময় গ্রন্থ। আর মহাজাগতিক বার্তার যা কিছু অভৌতিক অর্থাৎ সাধারণভাবে ইন্দ্রিয়গ্রাহ্য নয় বরং একান্ত উচ্চতর সচেতনতার মাত্রার অনুভূতি ও অভিজ্ঞতার বিষয় তা রুপ নেয় দিব্যগ্রন্থে বা মরমীগ্রন্থে বা ধর্মীয়শাস্ত্রে যেমন পবিত্র কোরান,গীতা, বেদ, ত্রিপিটক ইত্যাদি। সত্যানুসন্ধানী মহামানবকগণ এই দিব্যগ্রন্থে এই অভৌতিক জ্ঞানকে প্রচ্ছন্নে রেখে যান রুপক আকারে যাতে করে কেবলই আত্মানুসন্ধানী বা সত্যানুসন্ধানী ব্যাক্তিই এর স্বাদ আস্বাদন করতে পারেন কারণ অভৌতিক জ্ঞান পার্থিব জীবনে সকলের জন্যে প্রযোজ্য নয়। সাধারণ বুদ্ধির অতীত গূঢ় তত্ত্ব বিষয়ক কথামালা তাই কেবল মরমীপথিকের জন্যেই৷ তাই এই সকল দিব্য বা মরমীগ্রন্থের সাধারণ অর্থ বা আক্ষরিক অর্থ করা হলে তা কুসংস্কার ও অজ্ঞানতার তুল্য হয় এবং সাম্প্রদায়িকতা ছড়ায়। ধর্মশাস্ত্র বা মরমীগ্রন্থ মাত্রই তাই দেহতাত্ত্বিক ধর্মদর্শনের রুপক পরিভাষা যা আত্মশুদ্ধি এবং সত্যকে উচ্চতর মাত্রায় দর্শনের সহায়িকা।





